'সাঈদীর ছেলের কাছ থেকে মুক্তিযোদ্ধার সম্মাননা গ্রহণ লজ্জার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঈদীর ছেলের কাছ থেকে মুক্তিযোদ্ধার সম্মাননা গ্রহণ লজ্জাকর বিষয়। এ লজ্জার শেষ নেই।

কথাগুলো কথাসাহিত্যিক সেলিনা হোসেনের। গতকাল মঙ্গলবার সিলেটে শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক বই বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিনা হোসেন আরও বলেন, তরুণ প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত পাঠ গ্রহণ করে দেশ গঠন করতে হবে। ধর্মের কথা বলে মানুষ খুন করার কোনো সুযোগ নেই। প্রজন্ম যেন বিপথগামী না হয়, সে জন্য বাচ্চাদের হাতে অভিভাবকদের বই তুলে দিতে হবে। সুন্দর সমাজ বিনির্মাণে বই পাঠের বিকল্প নেই।

উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান ও সেলিনা হোসেনের গল্পটা শেষ হয় না বই দুটি তুলে দেওয়া হয়। বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জীবনমান উন্নয়ন প্রয়াসী সংস্থা ‘ইনোভেটর’ এই বই বিতরণ কর্মসূচি চালায়।

সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদের সভাপতিত্বে কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের নির্বাহী সঞ্চালক কবি প্রণব কান্তি দেব।

আয়োজকেরা জানান, ২০০৬ সাল থেকে মুক্তিযুদ্ধভিত্তিক বইপড়া কর্মসূচি ধারাবাহিকভাবে পালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। এসব বইয়ের ওপর আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা একটি প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে স্বাধীনতার মাস মার্চে তুলে দেওয়া হবে পুরস্কার।