'সাক্ষরতার হার কমার জন্য বিএনপি-জামায়াত দায়ী'
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ও জামায়াত জোট সরকারের আমলে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া টাকা লুটপাটের কারণেই দেশে সাক্ষরতার হার কমেছে। বিভিন্ন সময় হত্যার মধ্য দিয়ে অবৈধরা ক্ষমতায় আসার কারণে বাংলাদেশ অনেক পিছিয়ে গিয়েছিল।
আজ মঙ্গলবার সোয়া ১১টার দিকে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘আগের সরকারগুলোর সময় শিক্ষাকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০১৫ সালে বাংলাদেশে অর্ধেক জনগোষ্ঠীকে শিক্ষিত করে তোলার কথা। এরই মধ্যে আমরা তা ছাড়িয়ে গেছি।’
শিক্ষকদের স্কুলে আরও সময় ও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিটি এলাকায় স্কুল আছে; পাড়ার স্কুল হলেও সেখানে বাচ্চাদের ভর্তি করাতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, নির্দিষ্ট বয়স হয়ে গেলে শিশুরা স্কুলে ভর্তি হয়ে যাবে এটাই স্বাভাবিক। তবে তাদের ভর্তি পরীক্ষা নেওয়ার যৌক্তিকতা নেই। তিনি এক প্রশ্নে বলেন, ‘আমার বোধগম্য হচ্ছে না, ১ম শ্রেণিতে ভর্তি হতে শিশুকে কেন পরীক্ষা দিতে হবে।’
তিনি বলেন, ক্লাস ওয়ানে ছাপানো প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দিয়ে ভর্তি হবে কেন? যখনই একটা শিশুর ভর্তির বয়স হবে, তখনই তাকে ভর্তি নিতে হবে। শিক্ষা তার মৌলিক অধিকারগুলোর একটি।
সংশ্লিষ্টদের তিনি বলেন, ‘উপানুষ্ঠানিক শিক্ষা আইন-২০১৪ এর আলোকে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ করুন, ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করুন। আপনাদের সকল কাজে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতার দ্বার অবারিত থাকবে।’
সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ হবে একটি উন্নত, সুখী-সমৃদ্ধ দেশ, বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন শেখ হাসিনা।
দিবসটি পালনের ৫০ তম বর্ষপূর্তিতে এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘সাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূলকথা’।