'সার্চ কমিটি' সরকারের নাটক: বিএনপি
স্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) জন্য ‘সার্চ কমিটি’ গঠন করাকে সরকারের নাটক বলেছে বিএনপি। দলটি বলেছে, সার্চ কমিটি নাটকের পরিচালক আওয়ামী লীগ। এই নাটক দেশের মানুষ দেখে না।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা এসব কথা বলেন। নেতারা ইসি গঠনপ্রক্রিয়ায় সব রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্ত করার দাবি জানান।
১১ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নবম কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা মহানগর কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটি বা অন্য কোনো কমিটি গঠনে ‘জনমতের প্রতিফলন’ ঘটাতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘জনমতের বাইরে’ কোনো কমিটি গঠন করা হলে জনগণ তা মেনে নেবে না।
বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা অবশ্যই নির্বাচন চাই। তবে সেটি গণতান্ত্রিক উপায়ে এবং স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে, কোনো গৃহপালিত ইসির (নির্বাচন কমিশনের) অধীনে নয়।’ তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, নিজের মতো করে সবকিছু সাজিয়ে নেবেন, তা হবে না। সার্চ কমিটি করেন, আর যে কমিটিই করেন, জনমতের বাইরে গিয়ে কোনো কমিটি এ দেশের মানুষ মেনে নেবে না।
বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশকে বিরাজনীতিকরণের লক্ষ্যে এক-এগারোতে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এখন আওয়ামী লীগ রাজনীতিকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে জন্য খালেদা জিয়াসহ বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁদের রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র হচ্ছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘সরকার জঙ্গিবাদকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে। জঙ্গিবাদ প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে কমিটি করছে। এই কমিটিগুলো এখন তালিকা তৈরি করছে। তারা বিএনপি নেতাদের বলছে, এত টাকা দাও, নইলে তোমাদের নাম জঙ্গিবাদের সঙ্গে জড়ানো হবে।’
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২০১৪ সালের চেয়েও নিকৃষ্ট নির্বাচন করার জন্য সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনের নামে মুলা ঝোলানো হচ্ছে। শেখ হাসিনা বা রাষ্ট্রপতির অধীনে কোনো নিরপেক্ষ কমিশন গঠন হতে পারে না। তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠনের দাবি জানান।
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের যে আন্দোলন চলছে এবং ভবিষ্যতে হবে, তাতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে শরিক হতে হবে।
সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের সমালোচনা করে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সার্চ কমিটির মাধ্যমে যাঁদের ইসির নেতৃত্বে আনা হয়েছিল, তাঁদের দিয়ে কী নির্বাচন হয়েছে; তা মানুষ দেখেছে। সার্চ কমিটি নাটকের পরিচালক আওয়ামী লীগ। এ নাটক দেশের মানুষ দেখে না।
আমীর খসরু রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ইসি গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার দাবি জানান। তিনি বলেন, তা না হলে গঠিত নির্বাচন কমিশন দিয়ে অনুষ্ঠিত কোনো নির্বাচন মানুষ কখনো গ্রহণ করবে না।
মির্জা আব্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের নেতা নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, আবুল খায়ের ভূঁইয়া, খায়রুল কবির, কাজী আবুল বাশার প্রমুখ।