'সালাহ উদ্দিনকে অক্ষত ফেরত চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার দাবিতে গতকাল সোমবার কক্সবাজার জেলাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি।
বিএনপির দাবি, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘কক্সবাজার-চট্টগ্রাম’ এবং ‘কক্সবাজার-টেকনাফ’ মহাসড়কের ১৬৭ কিলোমিটারসহ জেলার প্রায় ৩০০ কিলোমিটার সড়কে এই মানববন্ধন করা হয়। এতে দুই লাখের বেশি মানুষ অংশ নিয়েছে।
শহরের পৌর ভবন চত্বর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, লিংক রোড, খরুলিয়ার বাজার, রামু বাইপাস চত্বর, ঈদগাঁও বাসস্টেশন, টেকনাফ বাসস্টেশন, চকরিয়া চিরিঙ্গা স্টেশন ও পেকুয়া বাজারসহ বিভিন্ন স্থানে মানববন্ধনের পাশাপাশি সমাবেশও হয়েছে।
শহরের পৌর ভবন চত্বরের সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা, পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী।
লুৎফর রহমান বলেন, আন্দোলনের মুখে সরকার সালাহ উদ্দিনকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে বাধ্য হবে।
শাহজাহান চৌধুরী বলেন, সালাহ উদ্দিন ৪১ দিন ধরে নিখোঁজ থাকায় কক্সবাজারের ২৫ লাখ মানুষ উদ্বিগ্ন।
শহরের লালদীঘি পাড়ে (প্রধান সড়কে) মানববন্ধনে অংশ নেওয়া পেকুয়ার কৃষক নাজির হোসেন বলেন, ‘সালাহ উদ্দিন আহমদের হাতেই ছোট্ট ইউনিয়ন পেকুয়া এখন উন্নত উপজেলা শহর হয়েছে। এ রকম একজন নেতা ৪১ দিন ধরে নিখোঁজ। আমরা সালাহ উদ্দিনকে অক্ষত অবস্থায় ফেরত চাই।’