'সিন্ডিকেট'ই জয়ী হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের বিদায়ী সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঙ্গে নতুন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন। ছবি: ফোকাস বাংলা
ছাত্রলীগের বিদায়ী সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঙ্গে নতুন সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন। ছবি: ফোকাস বাংলা

ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন দুজনই কথিত সিন্ডিকেট মনোনীত প্রার্থী। ছাত্রলীগের অন্তত সাতজন নেতা প্রথম আলোকে এ বিয়টি নিশ্চিত করেছেন। 
নাম প্রকাশে অনিচ্ছুক নেতারা জানান, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গতকাল শনিবার বিকেলে সাবেক শীর্ষ নেতাদের বৈঠকেই সাইফুর ও জাকিরকে ‘সিন্ডিকেটের’ প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। নির্বাচনে তাঁদেরই জয়ী করার সিদ্ধান্ত হয়।
আজ রোববার সন্ধ্যায় ভোট গণনা শেষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রলীগের ২৮ তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতাদের নাম ঘোষণা করা হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার সুমন কুণ্ডু তাঁদের নাম ঘোষণা করেন। তবে কে কত ভোট পেয়েছেন তা তিনি উল্লেখ করেননি। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর কে কত ভোট পেল তা জানানো হবে বলে জানিয়ে দেওয়া হয়।
ছাত্রলীগের ঝান্ডা সোহাগ-জাকিরের হাতে?
সাইফুর রহমান ও জাকির হোসাইন দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী। সাইফুরের বাড়ি মাদারীপুর, আর জাকিরের বাড়ি মৌলভীবাজারে। সাইফুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০০৫-০৬ শিক্ষাবর্ষের এবং জাকির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

ছাত্রলীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, গতকাল বিকেলে সাবেক শীর্ষ নেতাদের বৈঠকে সাইফুর ও জাকিরকে ‘সিন্ডিকেটের’ প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হলেও বিভিন্ন স্থানে ‘সিন্ডিকেটের’ প্রার্থী বদলানোর জন্য কয়েক দফা বৈঠক হয়। ‘সিন্ডিকেটের’ বাইরের উপদলগুলো গণভবন কেন্দ্রিক নানা চেষ্টা চালিয়েও সফল হয়নি। শেষমেশ ওই ‘সিন্ডিকেট’ মনোনীত প্রার্থীর বাইরে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়াতে পারেনি।
এ ছাড়া প্রতি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এই বার্তা পৌঁছে যায়। এরপর থেকে মূলত কমে আসতে থাকে প্রার্থীর সংখ্যা। এবারের সম্মেলনে সভাপতি পদে বৈধ প্রার্থী ছিলেন ৬৪ জন, যা নির্বাচনের সময় ৮ জনে নেমে আসে। সাধারণ সম্পাদক পদে নির্বাচন কমিশন ঘোষিত ১৪২ জন বৈধ প্রার্থীর মধ্যে তালিকায় থাকে ১৬ জনের নাম। তবে এদের বেশির ভাগই উপদল কেন্দ্রিক প্রার্থী। দিনভর নির্বাচনে জয়ের জন্য তাঁদের কোনো তৎপরতা লক্ষ্যে করা যায়নি।
প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সভাপতির প্রার্থিতা প্রত্যাহারকারী ছাত্রলীগের এক নেতা বলেন, ‘আপনারা দেখছেন কেবল দুজন সবার কাছে ভোট চাইছেন আর কেউ ভোট চাইছেন না। আমরা ভোট চাইলেও পাব না। কারণ, গতকাল রাতে সিন্ডিকেট সব ভোটারদের কবজা করে ফেলেছে। এখন প্রত্যাহার ছাড়া আর কী করব, বলেন? তবে পূর্ণাঙ্গ কমিটিতে ভালো পদ দেবে বলে আশা করি।’
নাম প্রকাশ না করে সাধারণ সম্পাদকের প্রার্থিতা প্রত্যাহারকারী অপর এক নেতা বলেন, ‘আমাদের বলা হয়েছে প্রার্থিতা প্রত্যাহার কর। পরবর্তীতে ভালো পদ দেওয়া হবে। এ জন্য প্রত্যাহার করেছি।’
আজ সকাল থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের বাইরে সাইফুর ও জাকিরের পক্ষে প্রচারপত্র বিলি করতে দেখা যায়। তাঁরা এবং তাঁদের সমর্থকেরা কাউন্সিলরদের কাছে ভোট চান। ভোটাররা জেলাভিত্তিক এসে তাঁদের ভোট স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেন। ভোটারদের লাইনের শেষ মাথায় দাঁড়ানো ছাত্রলীগের শীর্ষ এক নেতাকে দেখা যায়, ভোটারদের হাতে টুকরো কাগজ গুঁজে দিতে। এর দুটি প্রথম আলো সংগ্রহ করেছে। টুকরো কাগজে শুধু লেখা ছিল-‘সঃ সাইফুর রহমান সোহাগ, সা. স. মো. জাকির হোসাইন।’ দিন শেষে তাঁরাই বিজয়ী হন।