১০ বছর পর খুলনা মহানগর আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। ২০০৪ সালে তালুকদার আবদুল খালেককে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে মহানগরের কমিটি গঠিত হয়েছিল। তিন বছরের ওই কমিটি আর কোনো সম্মেলন না করে টানা সাত বছর পার করেছে।
সম্মেলন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও তাঁদের আশঙ্কা ইলেকশন (ভোট) নয়, সিলেকশনের (সমঝোতার মাধ্যমে মনোনয়ন) মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে নেতা ‘নির্বাচন’ করা হতে পারে।
নগর কমিটির বর্তমান সভাপতি বাগেরহাট-২ আসনের সাংসদ তালুকদার আবদুল খালেক ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো নেতা এই পদে প্রার্থিতা ঘোষণা করেননি।
তবে সাধারণ সম্পাদক পদে সমঝোতা না হলে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। খুলনা-২ আসনের সাংসদ ও নগর কমিটির বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবারও একই পদে লড়ছেন। সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান এবং সদ্য নির্বাচিত সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। এর মধ্যে সাইফুল স্থানীয় রাজনীতিতে তালুকদার আবদুল খালেকের অনুসারী বলে নেতা-কর্মীরা বলছেন।
সম্মেলনকে ঘিরে নগরের গুরুত্বপূর্ণ স্থান, অলিগলিতে প্রার্থীদের শুভেচ্ছা ব্যানার, পোস্টার, ফেস্টুন, প্ল্যাকার্ড টানানো হয়েছে। মোড়ে মোড়ে মাইক লাগিয়ে চলছে প্রচারণা। আগামীকাল শনিবার খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠেয় সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। উদ্বোধন করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
সাধারণ সম্পাদক পদে অন্যদের প্রার্থিতার বিষয়ে সাংসদ মিজানুর রহমান বলেন, ‘বড় দল হিসেবে নেতা-কর্মীদের মধ্যে প্রতিযোগিতা আছে, থাকবে। যে কেউ প্রার্থী হতে পারেন। সবাইকে স্বাগত জানাই। কাউন্সিলররা যাঁকে ভোট দেবেন, তিনিই জয়ী হবেন।’
সাধারণ সম্পাদক পদে নির্বাচনের বিষয়ে আনিসুর রহমান বলেন, ‘অনেক দিন তো যুবলীগের রাজনীতি করলাম, এখন মূল দলের রাজনীতির সঙ্গে যুক্ত হতে চাই। সে কারণে প্রার্থী হয়েছি। আশা করছি জয়লাভ করব।’
আরেক প্রার্থী সাইফুল ইসলাম বলেন, ‘সিলেকশন চাই না আমরা। কাউন্সিলরদের ভোটে যে জিতবে তাঁকে স্বাগত জানাব।’
নেতা-কর্মীরা বলছেন, মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমানের প্রতি বরাবরই সমর্থন ছিল সাধারণ সম্পাদক মিজানের। গত জুলাই মাসে খালিশপুরে এক সভায় তিনি যুবলীগ ছেড়ে মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে আসতে চাইলে সভায় উপস্থিত সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানসহ নেতা-কর্মীরা সমর্থন জানান। এ ঘটনাকে কেন্দ্র করেই দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।
ওই সভার দুই দিন পরেই গত ১ অক্টোবর যুবলীগ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র দেয় পুলিশ। এতে হত্যার পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতা হিসেবে আনিসুরের নাম উঠে আসে। আর মামলা থেকে মিজানুর রহমানের নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়।
এর পরপরই নগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন একটি কমিটির প্রস্তাবনা দিয়ে কেন্দ্রে চিঠি পাঠান। তবে শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি।
বিথার হত্যা মামলার বিষয়ে আনিসুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।
নেতা-কর্মীরা বলছেন, সাত বছরে সাংগঠনিক বিভিন্ন বিষয় ও দলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। গত ৫ জানুয়ারির নির্বাচনে মিজানুর রহমান সাংসদ নির্বাচিত হওয়ায় এই দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। এ অবস্থায় দলে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েন খালেক। তবে পরবর্তী সময়ে খুলনা সদর থানা আওয়ামী লীগের সম্মেলনে খালেক পক্ষের প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করায় দুই পক্ষের বিরোধ তুঙ্গে ওঠে।
তবে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে বিরোধের বিষয়টি অস্বীকার করে মিজানুর রহমান বলেন, ‘আমাদের বিরোধের বিষয়টি যেভাবে প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়। আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। এগুলো অপপ্রচার ছাড়া আর কিছু নয়।’
এ বিষয়ে তালুকদার আবদুল খালেক বলেন, ‘মিজান এবং আমার মধ্যে যে বিরোধের কথা প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়। বড় দল হিসেবে দলের মধ্যে কিছু সমস্যা আছে এবং থাকবে। এটা কোনো দোষের কিছু নয়।’