'সেক্টর কমান্ডারের স্ত্রী হয়ে কীভাবে এই কথা বলেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম । ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম । ফাইল ছবি

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক তুলে বেগম জিয়া বাংলার মানুষ হতবাক করেছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে থাকতে থাকতে বেগম জিয়ার এই অবস্থা হয়েছে। একজন সেক্টর কমান্ডারের স্ত্রী হয়ে কীভাবে এই কথা বলেন তিনি?’
আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে এসেনশিয়াল ড্রাগস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় নাসিম বক্তব্য দেন।
গত সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সমাবেশে খালেদা জিয়া বলেন, ‘বলা হয়, এত লক্ষ লোক শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে, আসলে কত শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে, এটা নিয়েও বিতর্ক আছে।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বেগম জিয়ার উক্তি শুধু শহীদদের প্রতি অবমাননা নয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সঙ্গেও বেইমানি করা হয়েছে। তিনি একজন সেক্টর কমান্ডারের স্ত্রী হয়ে কীভাবে এই কথা বলেন? যে কথা পাকিস্তানও কোনো দিন বলার সাহস দেখায়নি। তিনি এই উক্তির মাধ্যমে তাঁর দল বিএনপিকে একাত্তরের ঘাতক জামায়াতে ইসলামীর সঙ্গে এক কাতারে দাঁড় করিয়েছেন।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনীতিতে পরাজিত হয়ে খালেদা জিয়া দিশেহারা হয়ে উঠেছেন। দীর্ঘদিন স্বাধীনতাবিরোধী জামায়াতের সঙ্গে রাজনৈতিক সখ্যের কারণে তাঁর (খালেদা) মতিভ্রম হয়েছে। পরে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) আয়োজিত এক সেমিনারে যোগদান করেন।
এসেনশিয়াল ড্রাগস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জগলুল আহম্মদের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।