'স্নায়ুযুদ্ধের কারণে শমসের মবিনের পদত্যাগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম ।ফাইল ছবি
সৈয়দ আশরাফুল ইসলাম ।ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বিএনপির ভেতরে অস্থিরতা চলছে। খালেদা-তারেকের সঙ্গে স্নায়ুযুদ্ধ চলছে অনেক শীর্ষ নেতার। এসব কারণেই পদত্যাগ করেছেন সমশের মবিন চৌধুরী। আরও অনেকেই পদত্যাগ করতে পারেন।’ 

আজ শনিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের দলীয় নেতাদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। সেখানে সমশের মবিন প্রসঙ্গে সৈয়দ আশরাফ ওই মন্তব্য করেন বলে প্রথম আলোকে জানিয়েছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ।
যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পথে আজ ওসমানী বিমানবন্দরে যাত্রাবিরতি করেন আশরাফ। এ সময় মিসবাহউদ্দিন সিরাজের নেতৃত্বে সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সৈয়দ আশরাফের সঙ্গে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামও।

বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা হয়। দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচনের বিধান রেখে আইন সংশোধনের বিষয়ে আলাপকালে সিটি করপোরেশন ও পৌরসভা ছাড়া ইউনিয়ন পর্যায়ে দলীয় পরিচয়ে নির্বাচন করার ব্যাপারে দ্বিমতের বিষয়টি মন্ত্রীকে জানান নেতৃবৃন্দ।

বৈঠক শেষে মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে বলেন, ‘এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। মন্ত্রী ও উপদেষ্টা সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপকালে প্রসঙ্গক্রমে সমশের মবিন চৌধুরী প্রসঙ্গে জানতে চান। আমি তাঁদেরকে জানাই যে, সমশের মবিন একজন জ্যেষ্ঠ নেতা। তাঁর সঙ্গে বিএনপির আদর্শিক দূরত্ব নয়, খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। গত প্রায় ছয় মাস ধরে এ বিষয়টি সিলেটের রাজনৈতিক অঙ্গনে আলোচিত ছিল। তাঁর ক্ষুব্ধতার একটি বহিঃপ্রকাশ ঘটল মাত্র। বিষয়টি অবহিত হয়ে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি ও সমশের মবিনকে নিয়ে কিছু মন্তব্য করেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।’