'স্বতন্ত্র' সাংসদ এখন নৌকার যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া সাংসদ ছলিমউদিন তরফদারকে আওয়ামী লীগ দলে ফিরিয়ে নিয়েছে। ছলিমউদ্দিন তরফদারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে নওগাঁ জেলা আওয়ামী লীগ।
সাংসদের দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়ার ঘটনায় গত মঙ্গলবার তাঁর নির্বাচনী এলাকা বদলগাছি ও মহাদেবপুর উপজেলায় আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন।
যোগাযোগ করা হলে নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ঘটনার সত্যতা নিশ্চিত করে গত মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ছলিমউদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ নির্বাচিত হওয়ার আগে মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে ছলিমউদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জেলা আওয়ামী লীগ তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়।
দলীয় সূত্রে জানা গেছে, ছলিমউদ্দিন মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি আওয়ামী লীগের প্রার্থী আকরাম হোসেন চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করেন।
বদলগাছি উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শেখ আইনউদ্দিন বলেন, ‘আমাদের ঘরের ছেলে ঘরে ফিরেছে। আগামী দিনে সাংসদ ছলিমউদ্দিন তরফদারের নেতৃত্বে বদলগাছি-মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগ আরও সুসংগঠিত হবে।’ ছলিমউদ্দিন তরফদার প্রথম আলোকে বলেন, ‘আমাকে দল থেকে বহিষ্কারের পরও দলের ৯০ ভাগ নেতা-কর্মী আমার সঙ্গে ছিলেন। আমাকে দলে ফিরিয়ে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দলীয় নেতা-কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ।’