'স্বেচ্ছাসেবক লীগ' লেখা ব্যানার নিয়ে স্বেচ্ছাসেবক দলের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যানারে লেখা ‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’। কিন্তু ব্যানারের পেছনের মানুষগুলো স্লোগান দিচ্ছেন হরতালের সমর্থনে সরকারের ‘দমন-পীড়ন’-এর বিরুদ্ধে। এটা দেখে যে কারোরই বিভ্রান্ত হওয়ার কথা। সুনামগঞ্জ শহরে গতকাল রোববার ‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’ লেখা ব্যানার নিয়েই হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
পুলিশি ‘ঝামেলা’ থেকে রেহাই পেতে এই কৌশল নেওয়া হয়েছে বলে ওই সংগঠনের নেতারা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা একটার দিকে সুনামগঞ্জ পৌর শহরের পুরোনো কোর্ট এলাকা থেকে হঠাৎ করেই জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১০-১৫ জন নেতা-কর্মীর একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলের সামনের ব্যানারে লেখা ছিল ‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’। কিন্তু ওই ব্যনার নিয়ে মিছিলের সামনের দিকে যাঁরা ছিলেন তাঁরা শহরের পরিচিত মুখ। এঁরা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান, স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল আলীম।
মিছিলটি উকিলপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনের দুই নেতা বক্তব্য দেন। এরপর সবাই দ্রত এলাকা ত্যাগ করেন।
ব্যানারের বিষয়টি ভুল করে হয়েছি কি না, জানতে চাইলে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘না, ভুল করে নয়। আমরা তো পুলিশের জন্য রাস্তায় দাঁড়াতেই পারি না। তাই এই কৌশল নেওয়া হয়েছে।’