'হঠাৎ ৫ জানুয়ারি কর্মসূচি ঘোষণা করে লাভ নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, হঠাৎ করে ৫ জানুয়ারি কর্মসূচি ঘোষণা করে কোনো লাভ নেই। ৫ জানুয়ারির নির্বাচনকে স্মরণ করাতে যে কর্মসূচি দেওয়া হয়েছে, তাতে কিছুই হবে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৫ সালেও ৯৩ দিনের অবরোধ সহিংসতায় কিছুই হয়নি। দেশের অগ্রযাত্রা এতটুকু ব্যাহত হয়নি। উৎপাদন, জোগান ও সরবরাহ অব্যাহত ছিল।

আজ রোববার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এমসিসিআই) একটি প্রতিনিধি দল বাণিজ্য মন্ত্রণালয়ে দেখা করতে গেলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি-জামায়াতের অবরোধ এখনো আছে। সেটা প্রত্যাহার করা হয়নি। আমি দৃঢ়তার সঙ্গে বলছি, ২০১৬ সাল ভালো যাবে।’ ব্যবসায়ীদের আশ্বস্ত করে বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব। তিনি ব্যবসায়ীর পক্ষে কাজ করবেন, এমনকি বাণিজ্য মন্ত্রণালয় ছাড়া অন্য মন্ত্রণালয় হলেও তিনি ব্যবসায়ীদের প্রয়োজনে কাজ করবেন, কথা বলবেন।

এ সময় ব্যবসায়ী নেতারা কোম্পানি আইন যুগোপযোগী করা, গ্যাস সংকট নিরসনে ব্যবস্থা নেওয়া ও ব্যাংক সুদের হার কমানোসহ ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করেন।

বৈঠকে বাণিজ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন বলেন, আগামী এক মাসের মধ্যে কোম্পানি আইন যুগোপযোগী করতে খসড়া তৈরি করা হবে। তিনি এ বিষয়ে ব্যবসায়ী নেতাদের সহায়তা চান।

বৈঠকে এমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, সহসভাপতি আক্তার মতিন চৌধুরী, সদস্যদের মধ্যে এসকেএফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন, পিকার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, আইসিই টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক রুবায়েত জামিল, সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটের জ্যেষ্ঠ অংশীদার নিহাদ কবির, এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রাঙ্কোয়েস ডি মেরিকোর্ট প্রমুখ উপস্থিত ছিলেন।