'হত্যার ভয়' রাঙামাটি আ.লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা নয় বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা সারা দেশে দাপটের সঙ্গে চললেও রাঙামাটির অবস্থা ঠিক সে রকম নয়। ‘জীবন বাঁচাতে’ গত তিন সপ্তাহে রাঙামাটি সদরসহ চার উপজেলার ৫১৬ জন পাহাড়ি নেতা-কর্মী ঘোষণা ও বিবৃতি দিয়ে দল ছেড়েছেন। অনেকে প্রকাশ্যে চলাফেরা কমিয়ে দিয়েছেন। ভীতিকর এই অবস্থার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস-সন্তু লারমা) দায়ী করেছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ।

জেএসএস হত্যার ভয় দেখিয়ে নেতা-কর্মীদের জোর করে দল ছাড়তে বাধ্য করছে উল্লেখ করে ৯ ডিসেম্বর রাতে একটি বিবৃতি দেয় রাঙামাটি জেলা আওয়ামী লীগ। এতে বলা হয়, অস্ত্রের মুখে ও নানাভাবে পাহাড়ি নেতা-কর্মীদের আওয়ামী লীগ থেকে পদত্যাগ করতে চাপ দেওয়া হচ্ছে।

১২ ডিসেম্বর পাল্টা বিবৃতিতে জনসংহতি সমিতি এই অভিযোগ অস্বীকার করে। এতে বলা হয়, আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীকে ভয়ভীতি বা চাপ দিচ্ছে না জেএসএস। তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ। অভ্যন্তরীণ কোন্দল এবং পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করায় আওয়ামী লীগের পাহাড়ি নেতা-কর্মীরা স্বেচ্ছায় দল ছাড়ছেন।

চলতি মাসের প্রথম সপ্তাহে মাত্র দুই দিনের ব্যবধানে রাঙামাটিতে আওয়ামী লীগের এক পাহাড়ি নেতা খুন হন এবং পৃথক হামলায় আহত হন দলের আরেক নেতা ও নেত্রী। পাহাড়ি নেতা-কর্মীদের দল ছাড়ার সঙ্গে ওই ঘটনার যোগসূত্র রয়েছে বলে মনে করেন জেলা আওয়ামী লীগের নেতারা। ৫ ডিসেম্বর জুরাছড়ি উপজেলার জুরাছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু চাকমাকে তাঁর বাড়ির কাছে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি উপজেলা যুবলীগেরও সাংগঠনিক সম্পাদক ছিলেন। একই দিন বিকেলে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাসেল মারমাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। উপজেলা সদরে তাঁর বাড়ির পাশে এই ঘটনা ঘটে। এর পরদিন ৬ ডিসেম্বর রাতে রাঙামাটি শহরে মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ঝরনা খীসার বাড়িতে হামলা চালায় মুখোশধারী দুর্বৃত্তরা। সেদিন তাঁকে কুপিয়ে আহত করা হয়।

তিনটি ঘটনার পর থেকে আওয়ামী লীগের পাহাড়ি নেতা-কর্মীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। এসব ঘটনার জন্যই জেএসএসকে দায়ী করে বিবৃতি দেয় জেলা আওয়ামী লীগ। অরবিন্দু খুনের দুদিন পর ৮ ডিসেম্বর জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার চাকমাসহ ১২ নেতা-কর্মী বিবৃতি দিয়ে দল ছাড়ার ঘোষণা দেন। এরপর ১০ ডিসেম্বর ১১১ জন, ১১ ডিসেম্বর ৫১ জন, ১২ ডিসেম্বর ৮৮ জন, ১৩ ডিসেম্বর ৭৫ জন, ১৪ ডিসেম্বর ৪৩ জন এবং ১৫ ডিসেম্বর ১০ জন দল ছাড়ার ঘোষণা দেন। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রমত কান্তি চাকমাসহ তিন নেতা ২০ ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দেন। ভয়ে অনেকে এলাকা ছেড়ে রাঙামাটি শহরে থাকছেন।

জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা প্রথম আলোকে বলেন, নেতা-কর্মীদের অনেকে পদত্যাগ করেছেন, অনেকে প্রকাশ্যে কম আসছেন। উপজেলায় দলের সাংগঠনিক কার্যক্রম কার্যত স্থগিত হয়ে গেছে।

দল ছাড়া নেতা-কর্মীরা লিখিত বিবৃতিতে ‘ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যার’ কথা উল্লেখ করেছেন। দল ছাড়ার ঘোষণা দেওয়া জুরাছড়ি আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করে প্রথম আলো। তাঁরা বিবৃতিতে উল্লেখ করা কারণের বাইরে অন্য কোনো মন্তব্য করতে চাননি।

এ ধরনের পরিস্থিতি এর আগেও বহুবার আওয়ামী লীগ মোকাবিলা করেছে বলে মন্তব্য করেন দলের রাঙামাটি জেলা কমিটির সভাপতি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের অনেকের দলীয় কোনো পদ নেই। আবার পরিস্থিতি ও কৌশলের কারণে কিছু নেতা-কর্মী দল থেকে পদত্যাগ করলেও তাঁদের সঙ্গে যোগাযোগ রয়েছে।
তাঁরা আওয়ামী লীগের সঙ্গেই রয়েছেন। রাঙামাটিতে আওয়ামী লীগ কখনো বিলুপ্ত হবে না।

এদিকে জুরাছড়ির পর বাঘাইছড়ি উপজেলার ৩২ জন পাহাড়ি নেতা-কর্মী ১৩ ডিসেম্বর দল ছাড়ার ঘোষণা দেন। এরপর ১৫ ডিসেম্বর আরও ২১ জন বিবৃতি পাঠিয়ে দল থেকে সরে দাঁড়ান।

বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, হয়তো কোনো চাপ থাকায় নেতা-কর্মীরা দল থেকে পদত্যাগ করেন।

এ ছাড়া ১৬ ডিসেম্বর রাঙামাটির সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ৫৬ জন নেতা-কর্মী পদত্যাগ করেছেন।

সর্বশেষ বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ৬ সদস্য ১৯ ডিসেম্বর এবং উপজেলা কমিটি ও শ্রমিক লীগের এক নেতাসহ ৮ জন পদত্যাগ করেন ২০ ডিসেম্বর।

শুধু পাহাড়ি নেতা-কর্মীদের কেন মৃত্যুর ভয় দেখানো হচ্ছে, জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মূছা মাতব্বর প্রথম আলোকে বলেন, রাঙামাটিতে আওয়ামী লীগের সুসংগঠিত রাজনীতি নস্যাৎ করার জন্য জেএসএস অস্ত্রের ভয় দেখাচ্ছে। বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগকে জানানো হয়েছে। এ ছাড়া জেএসএসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও প্রক্রিয়া চলছে। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদারের (জেলা আওয়ামী লীগের সভাপতি) বিজয় নিশ্চিত জেনে সাধারণ নেতা-কর্মীদের ভয় দেখাতে শুরু করছে জেএসএস।

এ বিষয়ে রাঙামাটির সাংসদ ও জনসংহতি সমিতির সহসভাপতি উষাতন তালুকদার প্রথম আলোকে বলেন, আগামী সংসদ নির্বাচনে কে জয়ী হবেন, তা সাধারণ মানুষ মূল্যায়ন করবে। জনসংহতি সমিতির বিরুদ্ধে হত্যা, হামলা ও ভয় দেখিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পদত্যাগে বাধ্য করার অভিযোগ সত্য নয়। পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যেও অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই কারণে সাধারণ মানুষের মনেও অসন্তোষ ও ক্ষোভের জন্ম নিয়েছে। সেই ক্ষোভ থেকে অনেক কিছু ঘটতে পারে। সে জন্য তো জনসংহতি সমিতি দায়ী নয়।

জুরাছড়িতে আওয়ামী লীগ নেতাকে হত্যা এবং দুই নেতার ওপর হামলায় জনসংহতি সমিতির কেউ জড়িত নয় বলে দাবি করেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা। তিনি প্রথম আলোকে বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে যাঁরা বাধা দেবেন ও জুম্ম স্বার্থবিরোধী যাঁরা কাজ করতেন, তাঁদের কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

পুলিশের একটি সূত্র জানায়, আওয়ামী লীগের এক নেতা খুন এবং দুজনের ওপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে রাঙামাটি শহর, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলায় অভিযান চলছে। এ পর্যন্ত যৌথ বাহিনী জনসংহতি সমিতির সদস্য, সমর্থকসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভমঙ্গল চাকমাও রয়েছেন। তিনি জনসংহতি সমিতির সমর্থক।

রাঙামাটিতে নেতা-কর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় কমিটি অবগত রয়েছে বলে জানান চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। তিনি প্রথম আলোকে বলেন, সেখানে অনেকে পদত্যাগ করছেন। আবার অনেকে দলীয় পদে না থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নেতা-কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানান তিনি।