জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, বাংলাদেশ আজ ঘুষের রাজ্যে পরিণত হয়েছে। ঘুষ ছাড়া চাকরি হয় না। পুলিশ কনস্টেবলের চাকরি নিতে পাঁচ লাখ টাকা ঘুষ লাগে। স্কুলের শিক্ষক হতে লাগে আট লাখ টাকা। ‘হাওয়া ভবন’ এখন ঘরে ঘরে, সরকারের সর্বত্র।
রাজধানীর কাকরাইলে গতকাল বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এরশাদ এসব কথা বলেন।
সমাবেশে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘ইতিহাসের পাতায় বাঁচতে চাইলে ঘুষ, দুর্নীতি বন্ধ করতে হবে।’ তিনি বলেন, দেশে আইনের শাসন নেই। আছে গুম, খুন, দুর্নীতি আর দলীয়করণ। লঞ্চডুবি ও দুর্ঘটনায় মানুষ মরছে। কিন্তু সরকার ঘুমিয়ে আছে। মন্ত্রীরা সবাই শুধু কথাই বলেন, কাজ কিছু নেই। তিনি বলেন, ‘সরকারের একজন মন্ত্রী আছেন, তাঁর নাম সিগারেট মন্ত্রী। তিনি স্টেজে বসে সিগারেট খান। সে মন্ত্রী যে কী বলেন, শুনে লজ্জা করে। তিনি যে কেন সরকারে আছেন, জানি না।’
বিএনপিরও সমালোচনা করে এরশাদ বলেন, বিএনপির আন্দোলন হলো ঘরে বসে, বক্তৃতায়। এ সমাবেশেও জাতীয় পার্টির বেশির ভাগ সাংসদ অনুপস্থিত ছিলেন। তাঁদের উদ্দেশে এরশাদ বলেন, ‘যেসব এমপি ভাইয়েরা সভায় আসেননি, তাঁদের বলব গঠনতন্ত্রটা পড়ুন... আগামীতে নির্বাচন করতে হলে আমার সিগনেচার লাগবে। আমি ছাড়া পৃথিবীর কেউ নমিনেশন দিতে পারবে না। অতএব, অন্য কেউ নমিনেশন দেবে ভাবলে তা ভুলে যান। তাই আমার পাশে দাঁড়ান।’
জাপার ঢাকা মহানগর দক্ষিণ কমিটির নবনিযুক্ত আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা ও সদস্যসচিব জহিরুল আলমের সংবর্ধনা উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তৃতা করেন মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।