'হাততালি দেবেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম
জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম

বঙ্গবন্ধুর স্মরণে কোনো উৎসবের আয়োজন করতে এবং হাততালি দিতে নিষেধ করেছেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা এখানে উৎসব করতে আসি নাই। আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করতে এসেছি।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের শোক দিবসের এই আলোচনা সভায় নেতা-কর্মীদের উদ্দেশে আশরাফ এসব কথা বলেন।
আলোচনা সভার শেষ দিকে সৈয়দ আশরাফ বক্তব্যের জন্য দাঁড়ানোর সঙ্গে সঙ্গে নেতা-কর্মীরা বিভিন্ন নেতার নামে স্লোগান দিতে থাকেন। এ সময় কিছুটা ক্ষোভের সঙ্গে তিনি কথাগুলো বলেন। 
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘কে বলে বঙ্গবন্ধু নেই? এখনো তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আছেন। তিনি এখনো জীবিত। আমাদের হৃদয় থেকে তিনি মরেননি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে তাঁর নাম ও আদর্শকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু উনি তিলে তিলে আরও মহান হয়ে উঠেছেন।’
তিনি বলেন, ‘গ্রামে-গঞ্জে এবার মানুষ প্রজেক্টরের মাধ্যমে তার প্রামাণ্যচিত্র দেখেছে। গ্রামের মানুষ তাঁকে প্রামাণ্যচিত্রের মাধ্যমে আবার আবিষ্কার করেছে। অনেকে চেয়েছিল বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলবে। কিন্তু পারেনি। বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলবে এমন শক্তি পৃথিবীতে নেই।’

সৈয়দ আশরাফ নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘আমাদের শোককে শক্তিতে পরিণত করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী। তিনি যে সব প্রতিশ্রুতি দিয়েছেন তা পালন করছেন। তাঁর নেতৃত্বে আমাদের জীবদ্দশায় আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারব বলে আশা করি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা সর্বজনীনভাবে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালনের আহ্বান জানিয়েছিলাম। এ আহ্বানে মিডিয়া স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। এ বছর যত লোক ধানমন্ডিতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়েছে গত ১০ বছরেও তত লোক দেখিনি।’

শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ প্রমুখ।