'হেফাজতের সঙ্গে সমঝোতার সুযোগ নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শিক্ষা ও সংস্কৃতি নিয়ে আয়োজিত বৈঠকের বক্তারা। ছবি: লুৎফরজামান
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শিক্ষা ও সংস্কৃতি নিয়ে আয়োজিত বৈঠকের বক্তারা। ছবি: লুৎফরজামান

আওয়ামী লীগের সাংসদ ও সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেছেন, হেফাজতের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সমঝোতা করার কোনো সুযোগ নেই। কৌশলগত কিছু বিষয় নিয়ে আওয়ামী লীগকে এগোতে হচ্ছে, এ জন্য কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে।

রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আজ সোমবার সকালে ‘সংকটের আবর্তে শিক্ষা ও সংস্কৃতি : গতি-প্রবণতা ও উত্তরণের পথ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আবদুর রাজ্জাক এসব কথা বলেন। বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বৈঠকটির আয়োজন করে।

আবদুর রাজ্জাক বলেন, ২০১৩ সালে হেফাজত যে তাণ্ডব চালাল, তাতে তো মনে হলো পরদিনই সরকার পড়ে যাবে। বায়তুল মোকাররম মসজিদের সামনের ফুটপাতের দোকানে আগুন দেওয়া হলো, কোরআন পোড়ানো হলো। তিনি বলেন, ‘তখন তো খালেদা জিয়া তাঁর নেতা-কর্মীদের হেফাজতের পাশে থাকার জন্য নির্দেশনা দিলেন। আর এরশাদ সাহেব হেফাজতের কর্মীদের মাঝে ঠান্ডা পানি পরিবেশন করলেন।’ আওয়ামী লীগ কখনো ধর্মনিরপেক্ষতার সঙ্গে আপস করবে না বলে তিনি জানান।

বাজেটে শিক্ষায় কম বরাদ্দ ও শিক্ষকদের বঞ্চনার কথা উল্লেখ করে আবদুর রাজ্জাক বলেন, ‘আমরা সংসদ সদস্যরা সংসদে চিৎকার করে বলি শিক্ষকদের এমপিওভুক্ত করতে। তবু কেন যে হয় না, তা আসলে বলা মুশকিল।’ তিনি বলেন, এটা সত্য, শিক্ষার যে পরিবেশ তৈরি করার কথা ছিল, সেটা তাঁরা নিশ্চিত করতে পারেননি। এ সময় তিনি শিক্ষকদের দাবিদাওয়া প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, প্রতিটি সরকার শিক্ষানীতি গ্রহণ করে; কিন্তু কেউ বাস্তবায়ন করে না। শিক্ষানীতি বাস্তবায়ন করা হলে শিক্ষকদের এমন অবস্থা থাকত না। আর শিক্ষায় মৌলিক কোনো পরিবর্তনও হয়নি। তিনি বলেন, ‘একটি নতুন পদ্ধতি চালু করার আগে সেটা ভালো করে জানতে হয়। সৃজনশীল পদ্ধতি চালু করা হলো, যেটা শিক্ষকেরা নিজেরাও জানেন না বলে শিক্ষামন্ত্রী নিজেই বলেছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, জিয়াউর রহমান ও এরশাদ এ দেশে ছাত্র আন্দোলনের ধারা বদলে দিয়েছিলেন। ’৯০-এর পর যদি ছাত্র আন্দোলনের ধারা ধরে রাখা যেত, তাহলে রাজনৈতিক দলগুলো ব্যবসায়ীর পরিবর্তে ভালো একজন রাজনীতিক পেত। তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের কথা তো আছে। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে শিক্ষকদের রাজনীতি দেখছি। আপনারা তো সিনেট নির্বাচন দেখলেন। কী অবস্থা! প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো।’ একদিন এ দেশে জামায়াতের গাড়িতে জাতীয় পতাকা ওড়ানোর সুযোগ তৈরি করে দিয়েছিল বিএনপি। সামনে হেফাজতের নেতাদের গাড়িতে জাতীয় পতাকা ওড়ে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

বিশ্ব শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম বলেন, দেশে শিক্ষা খাতে সামগ্রিক অরাজকতা চলছে। একটি শিশু পরীক্ষার চাপে গিনিপিগ হয়ে যাচ্ছে। এ ছাড়া দিনের পর দিন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ার সমালোচনা করেন তিনি। ছাত্রলীগের ব্যাপারে তিনি বলেন, ‘দিনের পর দিন আপনার ছাত্রদের মাস্তান বানাচ্ছেন। ছাত্রলীগ কেন এত দুষ্কর্ম করে? ছাত্রলীগ নামধারীদের রাশ টানেন। এরা তো আমার ছেলে। এদের কেন আমরা এমন বানালাম? এদের সামলাতে হবে।’

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার বলেন, গত পাঁচ বছরে তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে একবারের বেশি দেখা করতে পারেননি। প্রথমবার দেখা হওয়ার পর কথা হয়েছিল, শিক্ষামন্ত্রী প্রতি তিন মাসে একবার তাঁদের সঙ্গে বৈঠক করবেন। অথচ এখন তাঁর দেখাই পাওয়া যায় না। এ সময় তিনি বিসিএসের মতো করে একটি বোর্ড গঠনের দাবি জানান, যার মাধ্যমে ভালো মানের শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।

শিক্ষক নেতা কানাই দাশ বৈঠকে ধারণাপত্র পাঠ করেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির সহসভাপতি রঞ্জিত কুমার সাহা প্রমুখ বৈঠকে বক্তব্য দেন।