'২০০১ সাল আর ফিরে আসবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কেউ যদি মনে করে ২০০১ সাল ফিরে আসবে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। ২০০১ সাল আর ফিরে আসবে না।’ আজ শনিবার ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, যারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছে, তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। আওয়ামী লীগকে যারা দুর্বল করতে চায়, খাটো করতে চায়, তারাই দুর্বল ও নিঃশেষ হয়ে গেছে। আওয়ামী লীগ হচ্ছে সেই দল, যারা বারবার পর্যুদস্ত হয়, আবার ঘুরে দাঁড়ায়। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে বিজয়ের গান গায়, ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়ায়।

আজ দুপুরে ফেনীর পাগলা মিয়া সড়কের একটি গণমিলনায়তনে ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ আগামী নির্বাচনে ৩০টির বেশি আসন পাবে না—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপি এর আগেও বলেছিল, আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। কিন্তু ইতিহাস সাক্ষী, অতীতের নির্বাচনে আওয়ামী লীগ নয়, বিএনপিই ৩০টি আসন পেয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ‘পার্টি পুনর্গঠন করতে গিয়ে বিভিন্ন জেলায় বিএনপির সভা-সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পাল্টাপাল্টি ধাওয়া ও চেয়ার ছোড়াছুড়ির মতো ঘটনাও ঘটছে। তারা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ। আওয়ামী লীগ ক্ষমতাসীন দল হওয়া সত্ত্বেও জেলা ও উপজেলায় এযাবৎ অনুষ্ঠিত সভা-সমাবেশে কোনো টুঁ শব্দও হয়নি। অন্তত কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এমন ঘটনা ঘটেনি, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি।’

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, উন্নয়নের দায়িত্ব সরকারের ওপর ছেড়ে দিন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো উন্নয়ন করছেন। আপনারা দলীয় নেতা-কর্মী ও জনগণের সঙ্গে ভালো আচরণ করুন। ক্ষমতা আর প্রভাব-প্রতিপত্তির ভয়ে অনেকেই সামনাসামনি প্রতিবাদ না করলেও কারও মনে দাগ কাটলে নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দেবে। রাজনীতিতে মানুষের ভালোবাসার চেয়ে বড় আর কিছুই নেই। প্রবীণ ত্যাগী নেতা-কর্মীদের খোঁজখবর নেবেন। তাঁদের অসুস্থতায় পাশে দাঁড়াবেন। তাঁদের অতীত কাজের মূল্যায়ন করবেন।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হবে। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ ছিল সন্ত্রাসের চারণভূমি। ওই সময় বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতায় ১২৫টি উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনের জন্ম হয়। ওই সময় সরকারের মধ্যে সরকার ‘হাওয়া ভবন’ সৃষ্টি করা হয়। বেগম জিয়ার দুই ছেলেকে ওই হাওয়া ভবনের দায়িত্ব দেওয়া হয়। হাওয়া ভবনের মাধ্যমে দেশে লুটতরাজ চালানো হয়।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেন, আগামী নির্বাচন সামনে রেখে তৃণমূলে দলকে আরও সুসংগঠিত করতে হবে। সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে হবে। সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য আজিজ আহম্মদ চৌধুরী, সংরক্ষিত নারী সাংসদ জাহান আরা বেগম প্রমুখ।

এদিকে ফেনীতে সভায় যোগ দেওয়ার আগে আজ সকাল আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় মহাসড়ক পরিদর্শন করেন ওবায়দুল কাদের।
সে সময় সাংবাদিকদের তিনি বলেন, জনগণের কাছে অগ্রহণযোগ্য কাউকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন দেবে না। যাঁরা জনগণের কাছে গ্রহণযোগ্য, তাঁদের মনোনয়ন দেওয়া হবে। এ ক্ষেত্রে আওয়ামী লীগের মনিটরিং, পর্যবেক্ষণ ও জরিপ চলছে। চুলচেরা বিশ্লেষণ করেই প্রার্থী চূড়ান্ত করা হবে।

তাঁর নির্বাচনী এলাকার অন্যতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে বাড়ি থেকে উচ্ছেদ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘একজন সাবেক আইনমন্ত্রী যদি আদালতের রায় না মানেন, তাহলে দেশের মানুষ কী করে আইনের শাসন আশা করবে। এ অবস্থায় বিএনপি ক্ষমতায় এলে দেশে আইনের শাসন থাকবে, এটা কী করে বিশ্বাস করি?’

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলামুর রহমান ও সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফউদ্দিন প্রমুখ।