'আমলা নয়, দেশপ্রেমিক হিসেবে কাজ করুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসকদের তিন দিনব্যাপী সম্মেলন উদ্বোধন করে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস
প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসকদের তিন দিনব্যাপী সম্মেলন উদ্বোধন করে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস

জনগণের কল্যাণে জেলা প্রশাসকদের কেবল সরকারি কর্মকর্তা হিসেবে নয়, দেশপ্রেমিক হিসেবে নিজেদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে জেলা প্রশাসকদের তিন দিনব্যাপী সম্মেলন উদ্বোধন করে বক্তব্য রাখেন তিনি। খবর বাসসের।
এতে ২০২১ সালের আগেই বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ দেন শেখ হাসিনা।
গতানুগতিক কাজের পরিবর্তে নতুন নতুন ধারণা ও কৌশল নিয়ে নিজ নিজ জেলার উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ক্ষমতার ধারাবাহিকতার কারণেই দেশের উন্নয়ন হচ্ছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রের মর্যাদা পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা এতে স্বাগত বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এম আবদুল্লাহ, সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান, হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম এবং লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
তথ্য প্রযুক্তি খাতে অবদান রাখায় একজন বিভাগীয় কমিশনার ও তিনজন জেলা প্রশাসকের হাতে ‘ডিজিটাল সেবা পুরস্কার’ তুলে দেন প্রধানমন্ত্রী।
এঁরা হচ্ছেন রংপুরের বিভাগীয় কমিশনার দেলওয়ার বখত্, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পঞ্চগড়ের জেলা প্রশাসক এম সালাহউদ্দিন এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়া।
তিন দিনব্যাপী এ সম্মেলনের ১৮টি অধিবেশনে ৩৯টি মন্ত্রণালয়ের ২৫৩টি প্রস্তাবের ওপর আলোচনা হওয়ার কথা।
শেখ হাসিনা বলেন, জেলা প্রশাসকদের কেবল রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে এর বাইরেও সংশ্লিষ্ট এলাকার জনগণের কল্যাণে নতুন নতুন উপায় ও কৌশল খুঁজে বের করতে হবে। তিনি বলেন, জেলা প্রশাসকদের মাঠপর্যায়ে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়ন এবং জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে ভূমিকা পালনে পুরোনো দিনের আমলাতান্ত্রিক ধ্যানধারণা থেকে বেরিয়ে আসতে হবে।
২০১৪ সালে অব্যাহত দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এটা হচ্ছে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সম্মেলন। তিন দিনের এ সম্মেলনে জেলা প্রশাসকগণ তাদের দায়িত্ব পালনে বিভিন্ন বাধা ও সমস্যা নিয়ে সরকারের মন্ত্রী ও নীতি-নির্ধারকগণের সঙ্গে আলোচনার সুযোগ পান।
প্রধানমন্ত্রী সব ধরনের ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে আইনের আওতায় দায়িত্ব পালন করতে জেলা প্রশাসকদের আহ্বান জানিয়ে বলেন, ‘রাষ্ট্র তথা জনগণের স্বার্থ সংরক্ষণই হবে আপনাদের মূল লক্ষ্য। সেবার মনোভাব নিয়ে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকলে যথাযথভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে।’
এ ক্ষেত্রে শেখ হাসিনা জেলা প্রশাসকদের কিছু নির্দেশনা দিয়ে বলেন, সরকারি সেবা পেতে মানুষ যাতে কোনোভাবেই হয়রানি ও বঞ্চনার শিকার না হন। নারী ও শিশু নির্যাতন, মানব পাচার, মাদকদ্রব্যের অপব্যবহার, যৌতুক, ইভটিজিং ও বাল্যবিবাহ বন্ধে জেলা প্রশাসকদের কঠোর ব্যবস্থা নিতে হবে।
শেখ হাসিনা প্রতিবন্ধী, অটিস্টিক ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ পদক্ষেপ নেওয়া এবং নারী শিক্ষার হার বৃদ্ধি, ঝরেপড়ার হার কমানো ও ঝরেপড়া শিক্ষার্থীদের মূল ধারায় ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন।
প্রত্যেক জেলার নিজস্ব বৈশিষ্ট্য ও বিশেষ ফসল রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের এসব কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এর প্রক্রিয়াকরণ ও বাজারজাতের জন্য প্রয়োজনীয় পল্লি অবকাঠামো গড়ে তোলার পদক্ষেপ নিতে বলেন। একই সঙ্গে কৃষি উৎপাদন বাড়াতে সার, বীজ, বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ নির্বিঘ্নœকরতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেন ডিসিদের।
প্রধানমন্ত্রী সরকারি ভূমি রক্ষায় সজাগ দৃষ্টি রাখা, ভূমি প্রশাসন এবং ব্যবস্থাপনায় দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধি, ভেজাল খাদ্যদ্রব্য বাজারজাত প্রতিরোধ, পরিবেশের সুরক্ষা ও জলাশয় সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং এ সংক্রান্ত আইন যথাযথভাবে প্রয়োগের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের জেলা প্রশাসকদের আঞ্চলিক পরিষদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দিয়ে বলেন, পার্বত্য জেলাসমূহের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য, বনাঞ্চল, নদী-জলাশয়, প্রাণী সম্পদ ও গিরিশৃঙ্গগুলোর সৌন্দর্য সংরক্ষণ করতে হবে।
শেখ হাসিনা চলতি বছরের শুরুতে ও এর আগে কিছু রাজনৈতিক দলের ধ্বংসযজ্ঞ, নৈরাজ্য ও নিরপরাধ মানুষের প্রতি নৃশংসতা দমনে গৃহীত পদক্ষেপের জন্য জেলা প্রশাসকদের ধন্যবাদ জানান। নিরপরাধ মানুষকে পুড়িয়ে মারার এ নির্মমতার বিরুদ্ধে জেলা প্রশাসকদের সক্রিয়তার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে-উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির ব্যাপারে আপনাদের ভবিষ্যতেও সজাগ থাকতে হবে।’