খোকা-মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুর রহমান মান্না ও সাদেক হোসেন খোকা
মাহমুদুর রহমান মান্না ও সাদেক হোসেন খোকা

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘সাদেক হোসেন খোকা আর মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জনগণের সম্পর্ক নেই। এরা লাশের ওপর দিয়ে ক্ষমতা দখল করতে চায়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদেরকে ছাড় দেওয়া যাবে না।’
আজ সোমবার বিকেলে রাজধানীর সূত্রাপুরে ১৪ দলের এক বিক্ষোভ সমাবেশে তিনি মোহাম্মদ নাসিম আহ্বান জানান। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল-অবরোধের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর ১৪ দল। খবর বাসসের।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংলাপের অন্যতম উদ্যোক্তা মান্নার সঙ্গে বিএনপির নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কথোপকথনের অডিও ক্লিপ ফাঁস হয়। এর ভিত্তিতে গতকাল একটি অনলাইন নিউজ পোর্টাল প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, একটি অডিওতে খোকার সঙ্গে আলাপে বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড ঘটানোর কথা বলতে শোনা যায় মান্নাকে। আর অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে কথোপকথনে সেনা হস্তক্ষেপে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক।

সূত্রাপুর থানা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম, জাসদ ঢাকা মহানগরের সভাপতি শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসেন, সাম্যবাদী দলের হারুণ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম প্রমুখ।
মোহাম্মদ নাসিম বলেন, ‘যে যা–ই বলুক, বিদেশিরা যতই প্রেসক্রিপশন দিক, কোনো কাজ হবে না। কথা পরিষ্কার, ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সে সময়ই নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ হবে। খুনিদের সঙ্গে কোনো সংলাপ হবে না। খুনিদের সঙ্গে সংলাপের কোনো প্রশ্নই ওঠে না।’