ছাত্রদলের নেতাদের সঙ্গে খালেদার দীর্ঘ বৈঠক
দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টা বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আজ বুধবার রাত আটটা থেকে বৈঠক শুরু হয়ে চলে রাত ১২টা পর্যন্ত। পরে বৈঠক মুলতবি রাখা হয়। আগামী ২৪ আগস্ট পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলে একটি সূত্র জানিয়েছে।
বৈঠকে ছাত্রদলের নেতারা আগামী দিনের কমিটি কেমন করা উচিত তা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। খালেদা জিয়া সবার বক্তব্য শুনেছেন।
পরবর্তী মুলতবি বৈঠকে সম্পাদক থেকে এর উপরের সর্বস্তরের নেতারা তাঁদের বক্তব্য বিএনপির চেয়ারপারসনের সামনে তুলে ধরবেন। সবার বক্তব্য শেষে খালেদা জিয়া ছাত্রদলের উদ্দেশে তাঁর বক্তব্য দেবেন।
আজ রাতে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দুজন সম্পাদকসহ সদস্য, সহ-সম্পাদক পর্যায়ের অন্তত ৪০ জন নেতা বক্তব্য দেন। প্রথম দিনের বৈঠকে যাঁরা বক্তব্য দিয়েছেন তাঁরা প্রায় সবাই নিজেদের বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরেন। পাশাপাশি নিজেদের বিগত দিনের অবদানের কথা তুলে ধরেন। অনেকে তাঁদের বক্তব্যে ৫ জানুয়ারির নির্বাচনের আগের আন্দোলনে ছাত্রদলের ব্যর্থতার কথা স্বীকার করেন। যাঁরা বক্তব্য দিয়েছেন তাঁদের প্রায় সবাই অপেক্ষাকৃত কম বয়সী। তাঁরা আগামী দিনে, অপেক্ষাকৃত কম বয়স্ক, অভিজ্ঞ, দলের দুঃসময়ে ছিলেন এমন নেতাদের নেতৃত্বে আনার দাবি জানান। কেউ কেউ আগামী দিনের নেতৃত্বে বিবাহিতদের না আনার দাবি জানান। তবে অনেকে আবার বলেছেন, বিবাহিত অবিবাহিতের চেয়ে সবচেয়ে জরুরি দলের প্রতি কার কতটুকু অবদান আছে তা বিবেচনা করে নেতৃত্ব নির্বাচন করা।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
বৈঠকে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, সহ ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।