মানুষের প্রকাশ্য শত্রুর পাশাপাশি রয়েছে এক অদৃশ্য শত্রু—শয়তান। মানুষের ইমান ও আমল নষ্ট করাই তার প্রধান লক্ষ্য।
কখনো সে মানুষকে পাপের প্রতি আকৃষ্ট করে, কখনো ভালো কাজ থেকে বিরত রাখে, আবার কখনো মনে নানা ধরনের সন্দেহ ও কুমন্ত্রণা সৃষ্টি করে।
আল্লাহ মানুষকে সতর্ক করে বলেছেন, ‘নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। সুতরাং তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তো তার দলবলকে আহ্বান করে, যাতে তারা জাহান্নামিদের অন্তর্ভুক্ত হয়।’ (সুরা ফাতির, আয়াত: ৬)
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে শুধু সতর্ক থাকাই যথেষ্ট নয়; প্রয়োজন আল্লাহর আশ্রয় গ্রহণ এবং রাসুলের শেখানো আমলগুলো নিয়মিত চর্চা করা।
কোরআন ও সহিহ হাদিসে এমন আটটি কার্যকর আমলের কথা এসেছে, যা মুমিনকে শয়তানের অনিষ্ট ও প্ররোচনা থেকে সুরক্ষিত রাখে:
১. আল্লাহর আশ্রয় চাওয়া
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া।
আল্লাহ সরাসরি নির্দেশ দিয়েছেন, ‘আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ (সুরা আরাফ, আয়াত: ২০০)
হাদিসেও এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কারও কাছে শয়তান এসে প্রশ্ন করবে—এ বস্তু কে সৃষ্টি করেছে? ওই বস্তু কে সৃষ্টি করেছে? এভাবে একপর্যায়ে বলে বসবে, তোমার প্রতিপালককে কে সৃষ্টি করেছে? যখন বিষয়টি এ পর্যায়ে পৌঁছে যাবে, তখন সে যেন অবশ্যই আল্লাহর কাছে পানাহ চায় এবং এ চিন্তা থেকে বিরত থাকে।’ (সহিহ বুখারি, হাদিস: ৩২৭৬)
২. ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করা
আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। বিশেষ করে রাতে ঘুমানোর আগে এটি পাঠ করলে শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকা যায়।
সাহাবি আবু হোরাইরাকে রাসুল (সা.) রমজানের জাকাতের সম্পদ পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। একপর্যায়ে এক ব্যক্তি খাদ্য চুরি করতে এলে আবু হোরাইরা (রা.) তাকে ধরে ফেলেন।
লোকটি তাঁকে জানায়, ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত থাকবেন এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না।
পরে রাসুল (সা.) বলেন, ‘সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মহা মিথ্যাবাদী। সে ছিল শয়তান।’ (সহিহ বুখারি, হাদিস: ২৩১১)।
৩. সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা
রাতে সুরা বাকারার শেষ দুটি আয়াত পাঠ করার বিশেষ ফজিলত রয়েছে।
রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে, তা তার জন্য যথেষ্ট হবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০০৯)
এর ব্যাখ্যায় অপর হাদিসে নবীজি শয়তান থেকে সুরক্ষার বিষয়টি আরও স্পষ্ট করে বলেছেন, ‘যে ঘরে তিন রাত এ দুটি আয়াত পড়া হয়, শয়তান সে ঘরের কাছেও আসতে পারে না।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৮৮২)
রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত কোরো না। যে ঘরে সুরা বাকারা পাঠ করা হয়, শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়।’ (সহিহ মুসলিম, হাদিস: ৭৮০)।
৪. সকাল-সন্ধ্যায় ‘তিন কুল’ পাঠ করা
সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস—এই তিন সুরা শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে বাঁচার অন্যতম বড় ঢাল। বিশেষ করে সুরা নাসে সরাসরি ‘আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার (শয়তান) অনিষ্ট থেকে’ আল্লাহর আশ্রয় চাওয়া হয়েছে। (সুরা নাস, আয়াত: ৪-৬)।
আবদুল্লাহ ইবনে খুবাইবকে রাসুল (সা.) বলেছিলেন, ‘তুমি সকাল-সন্ধ্যায় তিনবার সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস পাঠ করবে। এগুলো তোমার জন্য সবকিছু (সব ধরনের অনিষ্ট) থেকে যথেষ্ট হবে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৮২)
এ ছাড়া নবীজি প্রতি রাতে ঘুমানোর আগেও এই তিন সুরা পাঠ করে দুই হাতে ফুঁ দিয়ে পুরো শরীর মুছে নিতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫০১৭)
৫. প্রতিদিন এক শ বার তাওহিদের জিকির করা
আল্লাহর জিকির শয়তানের প্রভাব থেকে আত্মরক্ষার দুর্গস্বরূপ। রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি দিনে এক শ বার পাঠ করবে—“লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির”, তার জন্য দশজন দাস মুক্ত করার সমান সওয়াব রয়েছে, এক শ নেকি লেখা হবে, এক শ পাপ মুছে দেওয়া হবে এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৩২৯৩)
৬. ঘরে প্রবেশ ও খাবারের সময় বিসমিল্লাহ বলা
দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজেও শয়তান মানুষের সঙ্গে অংশীদার হয়ে যায়। ঘরে প্রবেশ ও খাবার গ্রহণের সময় আল্লাহর নাম স্মরণ করলে সে সুযোগ থেকে শয়তান বঞ্চিত হয়।
রাসুল (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় এবং খাবার গ্রহণের সময় আল্লাহর নাম স্মরণ করলে শয়তান তার সঙ্গীদের বলে, “তোমাদের এখানে রাতযাপনেরও সুযোগ নেই, রাতের খাবারেরও সুযোগ নেই।”
আর সে যদি ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম স্মরণ না করে, তখন শয়তান বলে, “তোমরা রাতযাপনের জায়গা পেয়ে গেলে।” খাবারের সময় আল্লাহর নাম স্মরণ না করলে সে বলে, “তোমরা রাতের খাবারও পেয়ে গেলে।”’ (সহিহ মুসলিম, হাদিস: ২০১৮)
৭. রাগের মুহূর্তে ‘আউজুবিল্লাহ’ পড়া
রাগ মানুষের বিবেক ও সংযম নষ্ট করে দেয়। এ সুযোগে শয়তান মানুষকে অন্যায় কথা ও কাজে প্ররোচিত করে।
দুজন ব্যক্তি নবীজির সামনে ঝগড়া করছিলেন। তাঁদের একজন প্রচণ্ড রেগে গিয়েছিলেন। তখন রাসুল (সা.) বললেন, ‘আমি এমন একটি বাক্য জানি, যা সে বললে তার রাগ দূর হয়ে যেত। সেটি হলো—আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।’ (সহিহ বুখারি, হাদিস: ৩২৮২)
শয়তানের মূল লক্ষ্যই হলো মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে ধীরে ধীরে পাপের পথে পরিচালিত করা। তাই তার প্ররোচনা ও কুমন্ত্রণা থেকে আত্মরক্ষায় রাসুলের শেখানো এই আমলগুলো প্রতিদিনের জীবনের অভ্যাসে পরিণত করা প্রতিটি মুমিনের কর্তব্য।
মাহমুদ হাসান ফাহিম: আলেম ও লেখক