তারাবিহতে আজ: ২০তম তারাবিহ
তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।
সুরা ইয়াসিন, আয়াত: ২১-৮৩
এ অংশের বিষয়বস্তু:
অতীতে রাসুলদের প্রত্যাখ্যান এবং অনেককে হত্যাও করা হয়েছে।
আল্লাহর অনুগ্রহ এবং মানুষের অকৃতজ্ঞতা।
আল্লাহ যেভাবে চাঁদ ও সূর্যের কক্ষপথ ও অক্ষপথ নির্মাণ করেছেন। কিয়ামত ঘটবে একটি প্রচণ্ড শব্দে।
শিঙার দ্বিতীয় ফুৎকারের সঙ্গে সঙ্গে মানুষ পুনরুত্থিত হবে। মানুষ ন্যায়বিচার পাবে। ভালো লোক ও পাপীদের আলাদা করা হবে। শয়তানের ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছে। পাপীদের অঙ্গপ্রত্যঙ্গ বিরুদ্ধে সাক্ষ্য দেবে।
কোরআন সুস্পষ্ট উপদেশ ও সতর্কবার্তা। আল্লাহর অনুগ্রহের বিপরীতে মানুষের শিরক। আল্লাহ অবশ্যই মানুষকে আবার সৃষ্টি ও বিচার করবেন।
সুরা আস–সাফফাত, আয়াত: ১-১৮২
এ অংশের বিষয়বস্তু:
তাওহিদ, রিসালাত ও আখিরাতে মানুষের অস্বীকৃতি এবং তাদের দুরবস্থা।
দুষ্কৃতকারীদের বিরুদ্ধে নূহ (আ.)–এর দোয়া কবুল।
পূজারীদের বিরুদ্ধে ইবরাহিম (আ.)–এর যুক্তি। তাঁর অগ্নিপরীক্ষা। পুত্র কোরবানির স্বপ্ন। পশু কোরবানির সূচনা।
মুসা (আ.) ও হারুন (আ.)–কে আল্লাহর অনুগ্রহ।
নিজ জাতির প্রতি ইলিয়াস (আ.)–এর দাওয়াত। তাঁর জাতির প্রত্যাখ্যান।
লুত (আ.)–এর মুক্তি ও তাঁর জাতির ধ্বংস। তাদের ধ্বংসের নিদর্শন।
অবাধ্য জাতি থেকে ইউনুস (আ.)–এর পলায়ন। আবার আগমন। জাতির ইমান গ্রহণ।
শিরকের কোনো প্রমাণ নেই। নবীরা আল্লাহর সাহায্য পান।
সুরা সাদ, আয়াত: ১-৮৮
এ অংশের বিষয়বস্তু:
আল্লাহর কিতাব, রাসুল ও একত্বের বিরুদ্ধে অবিশ্বাসীদের আপত্তি। তাদের শাস্তি অনিবার্য।
মুহাম্মদ (সা.)–কে ধৈর্য ধারণের নির্দেশ।
দাউদের প্রতি রাষ্ট্র ও মানুষকে পরিচালনার ক্ষেত্রে নিজের ইচ্ছা–বাসনা পরিহারের নির্দেশ।
আল্লাহ অকারণে মহাবিশ্ব সৃষ্টি করেননি। তিনি কোরআন নাজিল করেছেন অনুধাবন ও অনুসরণ করার জন্য।
সুলাইমান (আ.)–এর প্রতি আল্লাহর অনুগ্রহ।
আইউব (আ.)-এর প্রতি আল্লাহর অনুগ্রহ।
ইবরাহিম (আ.), ইসহাক (আ.), ইয়াকুব (আ.), ইসমাইল (আ.), ইউশা (আ.) ও জুলকিফল (আ.)-এর প্রতি আল্লাহর অনুগ্রহ।
মুত্তাকি ও বিদ্রোহীদের পরিণতি। ইবলিসের শত্রুতার সূচনা ও ইতিহাস। শয়তানের অনুসারীরা তার সঙ্গেই জাহান্নামে যাবে।
সুরা জুমার, আয়াত: ১–৩১
এ অংশের বিষয়বস্তু:
শিরকমুক্ত ইবাদতেই মুক্তি। মহাবিশ্ব ও মানুষ আল্লাহর সৃষ্টি। তিনি অদ্বিতীয়। জ্ঞানী আর অজ্ঞরা আলাদা। আল্লাহর আনুগত্য ও ইবাদতের নির্দেশ।
অনুসারীরাই আল্লাহর প্রিয়।
আল্লাহ ইসলামের জন্য যার অন্তর উন্মুক্ত করেছেন, তিনি আছেন আলোর পথে। কোরআন সর্বোত্তম বাণী। কোরআনই আল্লাহর পথের দিশারি। কোরআনে আছে সব উপদেশ। নবীরাও মরণশীল।