আধুনিক যান্ত্রিক জীবনে আমাদের সবচেয়ে পরিচিত অভিযোগ হলো—‘সময় নেই’। সামান্য কিছু দায়িত্বের চাপে আমরা হাঁপিয়ে উঠি, পরিবারের মানুষদের সময় দিতে পারি না, এমনকি নিজের আত্মার খোরাক জোগানোর ফুরসতও মেলে না।
অথচ ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী মানুষ মুহাম্মদ (সা.), যাঁর কাঁধে ছিল একটি নবগঠিত রাষ্ট্রের নেতৃত্ব এবং সমগ্র মানবজাতির মুক্তির দায়িত্ব, তাঁর দিনগুলো ছিল আশ্চর্যরকম গোছানো, প্রশান্ত ও ভালোবাসায় পূর্ণ।
তাঁর পরিবারের সদস্য কিংবা মদিনার কোনো সাধারণ মানুষ কখনো অভিযোগ করেননি যে নবীজি এত ব্যস্ত যে তাঁদের সময় দিতে পারেন না।
দুপুরের আগপর্যন্ত এই সময়টায় নবীজি মানুষের কাছে নিজে ছুটে যেতেন। নেতৃত্ব মানে যে শুধু গদিতে বসে হুকুম দেওয়া নয়, বরং মানুষের সেবায় এগিয়ে যাওয়া—তা তিনি জীবন দিয়ে দেখিয়েছেন।
মসজিদের আঙিনায়, জনতার কাতারে
সকালের আলো ফোটার পর পরিবারের খোঁজখবর নিয়ে তিনি মসজিদে নববিতে ফিরে আসতেন এবং দুই রাকাত নামাজ আদায় করে সাহাবিদের মাঝে বসতেন।
মদিনাবাসীর কাছে এটি ছিল এক অঘোষিত ও উন্মুক্ত সাক্ষাতের সময়। এখানে বসে তিনি যেমন কোরআনের জ্ঞান বিতরণ করতেন, তেমনি সমাজ ও রাষ্ট্রের নানা সমস্যার সমাধান দিতেন। দূর–দূরান্ত থেকে আসা বিভিন্ন গোত্রের প্রতিনিধিদলকেও তিনি এখানেই সাদরে বরণ করে নিতেন।
বিস্ময়কর বিষয় হলো, এই আসরে নবীজির জন্য কোনো আলাদা সিংহাসন বা বিশেষ চিহ্নিত আসন ছিল না। তিনি সাহাবিদের সঙ্গে এমনভাবে মিশে বসতেন যে বাইরে থেকে কোনো আগন্তুক এলে চিনতে পারতেন না। জিজ্ঞেস করতেন, ‘তোমাদের মধ্যে মুহাম্মদ কে?’ (সহিহ বুখারি, হাদিস: ৬৩)
জীবনের শেষ দিকে সাহাবিদের একান্ত অনুরোধে কেবল তাঁর বসার জন্য মাটির একটু উঁচু স্থান তৈরি করা হয়েছিল। এই আসরে কখনো সামান্য খাবার উপহার এলে তিনি সবাইকে সঙ্গে নিয়ে ভাগ করে খেতেন, আর তাঁর উপস্থিতির বরকতে সেই অল্প খাবারই সবার জন্য যথেষ্ট হয়ে যেত।
বাজারের পথে, অসুস্থের শিয়রে
সকাল থেকে দুপুরের আগপর্যন্ত এই সময়টায় নবীজি মানুষের কাছে নিজে ছুটে যেতেন। নেতৃত্ব মানে যে শুধু গদিতে বসে হুকুম দেওয়া নয়, বরং মানুষের সেবায় এগিয়ে যাওয়া—তা তিনি জীবন দিয়ে দেখিয়েছেন।
তিনি মেয়ে ফাতিমার বাড়িতে যেতেন এবং নাতি হাসান ও হুসাইনকে কোলে নিয়ে পরম স্নেহে খেলা করতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫৯৯৪)
আবার কখনো অসুস্থ সাহাবিদের দেখতে যেতেন কিংবা শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিতেন।
মদিনার বাজারের পথ ধরে হাঁটার সময় তাঁর মুখে লেগে থাকত এক স্নিগ্ধ হাসি।
পথচারীদের সালাম দিতেন, ছোট শিশুদের মাথায় হাত বুলিয়ে খোঁজ নিতেন। রাস্তায় কোনো নারী, বৃদ্ধ কিংবা অসহায় মানুষ কোনো প্রয়োজনে তাঁকে থামালে তিনি চরম ধৈর্য নিয়ে দাঁড়িয়ে তাঁদের কথা শুনতেন এবং সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সেখান থেকে সরতেন না। (সহিহ মুসলিম, হাদিস: ২৩২৬)
পরিবারের সদস্যদের সালাম দিয়ে কয়েক রাকাত চাশতের নফল নামাজ আদায় করতেন। এরপর জানতে চাইতেন ঘরে কোনো খাবার আছে কি না। খাবার থাকলে খেতেন, আর না থাকলে হাসিমুখে বলতেন, ‘তাহলে আমি আজ রোজা রাখলাম।’
ঘরের আঙিনায় মমতা, দুপুরের বিশ্রাম
দুপুরের আগেই মহানবী (সা.) ঘরে ফিরতেন। ঘরে প্রবেশ করেই তিনি সবার আগে মিসওয়াক করতেন। (সহিহ মুসলিম, হাদিস: ২৫৩)
পরিবারের সদস্যদের সালাম দিয়ে কয়েক রাকাত চাশতের নফল নামাজ আদায় করতেন। এরপর জানতে চাইতেন ঘরে কোনো খাবার আছে কি না। খাবার থাকলে খেতেন, আর না থাকলে হাসিমুখে বলতেন, ‘তাহলে আমি আজ রোজা রাখলাম।’ (সহিহ মুসলিম, হাদিস: ১১৫৪)
দিনের এই সময়টায় মদিনার নারীরা নবীজির ঘরে আসতেন এবং মসজিদের ভিড়ে লজ্জাবশত যেসব ধর্মীয় ও পারিবারিক প্রশ্ন করতে পারতেন না, তা নির্দ্বিধায় জেনে নিতেন।
ঘরে অবস্থানকালে তিনি কখনো অলস বসে থাকতেন না; বরং পরিবারের কাজে হাত লাগাতেন, নিজের ছেঁড়া কাপড় ও জুতা নিজেই সেলাই করতেন এবং ছাগলের দুধ দোহন করতেন।
আয়েশা (রা.) বলেন, নবীজি (সা.) ঘরে সারাক্ষণ পরিবারের সেবায় নিয়োজিত থাকতেন, আর নামাজের আজান হলেই সব কাজ রেখে মসজিদে চলে যেতেন। (সহিহ বুখারি, হাদিস: ৬৭৬)
ব্যস্ত দিনের ক্লান্তি দূর করতে জোহরের আগে তিনি সামান্য সময়ের জন্য একটু ঘুমিয়ে নিতেন, যাকে আরবিতে ‘কায়লুলা’ বলা হয়। (সহিহ বুখারি, হাদিস: ৬২৮১)
জোহর থেকে আসর: ঘরের পাঠশালা
সাহাবি বেলালের কণ্ঠে জোহরের আজান ধ্বনিত হলে নবীজি ঘুম থেকে উঠে অজু করতেন এবং ঘরেই চার রাকাত সুন্নত নামাজ আদায় করে মসজিদে যেতেন। (সহিহ মুসলিম, হাদিস: ৭৩০)
জোহরের নামাজ শেষে প্রয়োজন হলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ উপদেশ দিতেন। এরপর ঘরে ফিরে দুই রাকাত সুন্নত পড়ে আবারও সাহাবিদের নিয়ে শহরের নানা প্রয়োজনীয় কাজে বের হতেন কিংবা আসর পর্যন্ত মসজিদেই অবস্থান করতেন।
আসরের নামাজ শেষে তিনি ঘরে ফিরে আসতেন এবং পুরো পরিবারের সঙ্গে এক আনন্দময়, প্রাণবন্ত সময় কাটাতেন। পরিবারের সদস্যরা তাঁকে নানা প্রশ্ন করতেন, তিনিও তাঁদের সঙ্গে গল্প করতেন।
আসরের নামাজ শেষে তিনি ঘরে ফিরে আসতেন এবং পুরো পরিবারের সঙ্গে এক আনন্দময়, প্রাণবন্ত সময় কাটাতেন। পরিবারের সদস্যরা তাঁকে নানা প্রশ্ন করতেন, তিনিও তাঁদের সঙ্গে গল্প করতেন; এভাবেই নবীগৃহ হয়ে উঠত ভালোবাসা ও অহির জ্ঞানচর্চার এক জীবন্ত পাঠশালা। (ইবনুল কাইয়িম, জাদুল মাআদ, ১/৩১৫, মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত, ১৯৯৪)
প্রিয় নবীজির এই দৈনন্দিন জীবন আমাদের শেখায় যে কর্মব্যস্ততা কখনো প্রিয়জনকে দূরে সরিয়ে দেওয়ার অজুহাত হতে পারে না।
প্রতি কয়েক ঘণ্টা পরপর নামাজের মাধ্যমে স্রষ্টার সঙ্গে সংযোগ, দুপুরের সামান্য বিশ্রাম, মানুষের দুঃখে পাশে দাঁড়ানো এবং ঘরে ফিরে পরিবারের কাজে হাত লাগানো—এই সহজ কিন্তু গভীর ভারসাম্যই পারে আমাদের অস্থির জীবনে প্রশান্তির সুবাতাস বইয়ে দিতে।