নামাজ নিত্যপালনীয় একটি ফরজ ইবাদত হলেও আদর্শ জীবন গঠনে এর সুদূরপ্রসারী ভূমিকা রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে।’ (সুরা আনকাবুত, আয়াত: ৪৫)
কিন্তু আমাদের সমাজে এমন অনেকেই আছেন, যাঁরা নামাজও পড়েন, আবার পাপকাজেও লিপ্ত হন। তখন মনে প্রশ্ন জাগতে পারে, নামাজ তাহলে কেন তাঁদের অন্যায় থেকে ফেরাতে পারছে না?
এর উত্তর লুকিয়ে আছে নামাজের পেছনের যুক্তি, একাগ্রতা ও মনস্তাত্ত্বিক প্রভাবের মধ্যে। আসুন জেনে নিই নামাজ মূলত ‘কীভাবে’ মানুষকে পাপ থেকে দূরে রাখে:
নামাজ একটি ধারাবাহিক অনুশীলন। কেউ যদি ত্রুটি নিয়েও নামাজ শুরু করে, নামাজের এই নিয়মিত চর্চা একসময় তাকে পাপ ছাড়তে বাধ্য করে।
১. জবাবদিহির অনুভূতি তৈরি করে
নামাজ মানুষকে পাপ থেকে বাঁচানোর সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক কারণ হলো—জবাবদিহির অনুভূতি। একজন মানুষ যখন দিনে পাঁচবার সব কাজ বাদ দিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, তখন তার অবচেতন মনে এই প্রশ্ন জাগে যে ‘যাঁর সামনে আমি দিনে পাঁচবার দাঁড়াচ্ছি, তাঁর অবাধ্যতা আমি কীভাবে করি?’
ফজর পড়ে যে ব্যক্তি অফিসে যায়, জোহরের সময় আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তাকে ঘুষ খাওয়া বা দুর্নীতি করা থেকে মানসিকভাবে বাধা দেয়। এই ধারাবাহিকতা মানুষকে ধীরে ধীরে পরিশুদ্ধ করে।
২. নামাজ পাপ মোচন করে
নামাজ মানুষের আত্মাকে ঠিক সেভাবেই পরিষ্কার করে, যেভাবে পানি শরীরকে পরিষ্কার করে। বিখ্যাত একটি হাদিসে এর চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে।
মহানবী (সা.) সাহাবিদের জিজ্ঞেস করলেন, ‘তোমাদের কারও বাড়ির সামনে দিয়ে যদি একটি নদী বয়ে যায় এবং সে তাতে দৈনিক পাঁচবার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে?’
সাহাবিরা বললেন, ‘না, কোনো ময়লা থাকবে না।’ নবীজি বললেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজের দৃষ্টান্তও ঠিক এমনই। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সব পাপ মুছে ফেলেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৫২৮)
৩. ধীরে ধীরে চরিত্রের পরিবর্তন
নামাজ একটি ধারাবাহিক অনুশীলন। কেউ যদি ত্রুটি নিয়েও নামাজ শুরু করে, নামাজের এই নিয়মিত চর্চা একসময় তাকে পাপ ছাড়তে বাধ্য করে।
হাদিসে এসেছে, এক ব্যক্তি সম্পর্কে নবীজিকে বলা হলো, ‘অমুক ব্যক্তি রাতে নামাজ পড়ে, কিন্তু দিনে চুরি করে।’ তিনি বললেন, ‘তার নামাজ অচিরেই তাকে এই খারাপ কাজ (চুরি) থেকে বিরত রাখবে।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ৯৭৭৭)
অর্থাৎ, নিয়মিত নামাজ পড়ার অভ্যাস মানুষের ভেতরে এমন একটি অপরাধবোধ বা অনুশোচনা তৈরি করে, যা শেষ পর্যন্ত তাকে পাপ ছাড়তে সাহায্য করে।
অহংকার বহু পাপের মূল কারণ। মসজিদে জামাতে নামাজ আদায়ের সময় সমাজের উঁচু-নিচু, ধনী-গরিব এবং সব শ্রেণি-পেশার মানুষকে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়।
৪. অহংকার কমে আসা
অহংকার বহু পাপের মূল কারণ। মসজিদে জামাতে নামাজ আদায়ের সময় সমাজের উঁচু-নিচু, ধনী-গরিব এবং সব শ্রেণি-পেশার মানুষকে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়।
এতে মানুষের ভেতরের অহংকার চূর্ণ হয়। একজন ক্ষমতাবান ব্যক্তি যখন একজন সাধারণ মজুরের পাশে দাঁড়িয়ে আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়েন, তখন তার ভেতরের আমিত্ব দূর হয়। অহংকারমুক্ত এই মন সহজে অন্যের ওপর জুলুম বা অন্যায় করতে পারে না।
৫. শৃঙ্খলাবোধ শেখা হয়
অলসতা এবং উদ্দেশ্যহীন সময় কাটানো শয়তানের বড় হাতিয়ার। নামাজ মানুষকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে।
ভোরে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত নামাজের নির্দিষ্ট সময়সূচি মানুষের জীবনকে একটি নিয়মের ফ্রেমে বেঁধে ফেলে।
নিয়মিত নামাজ আদায়কারী ব্যক্তি নিজ কর্তব্য পালনে অবহেলা করেন না এবং শয়তানের প্ররোচনায় পড়ার মতো অলস সময় কম পান।
জামাতে নামাজ আদায় করলে মুসলিমরা দৈনিক পাঁচবার একত্র হওয়ার সুযোগ পান। এতে একে অপরের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সমাজের অসহায় মানুষের প্রতি সম্প্রীতি গড়ে ওঠে।
একাগ্রতা ছাড়া নামাজ ফলপ্রসূ নয়
নামাজ তখনই মানুষকে অন্যায় থেকে বিরত রাখে, যখন তা একাগ্রতার সঙ্গে পড়া হয়। শুধু লোকদেখানো বা যান্ত্রিকভাবে ওঠা-বসা করার নাম প্রকৃত নামাজ নয়। নামাজ আদায়ের সময় মনেপ্রাণে বিশ্বাস করতে হয় যে মহান আল্লাহ তাঁকে দেখছেন।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছেন, যাঁরা নিজেদের নামাজে বিনয়ী ও নম্র।’ (সুরা মুমিনুন, আয়াত: ১-২)
জামাতে নামাজ আদায় করলে মুসলিমরা দৈনিক পাঁচবার একত্র হওয়ার সুযোগ পান। এতে একে অপরের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সমাজের অসহায় মানুষের প্রতি সম্প্রীতি গড়ে ওঠে।
তাই বলা যায়, শুধু পরকালের মুক্তি নয়; বরং ইহকালে একটি অপরাধমুক্ত, পরিচ্ছন্ন ও আদর্শ ব্যক্তি ও সমাজ গঠনেও নামাজের ভূমিকা অপরিসীম।
সাকী মাহবুব : সহকারী শিক্ষক, নাদির হোসেন উচ্চবালিকা বিদ্যালয়, রাজবাড়ী