কাবার সংস্কার শেষের দিকে (৬০৫ খ্রি.) কোরাইশের গোত্রগুলোর রক্তপাত বন্ধ করার ভূমিকা নেওয়ার মধ্য দিয়ে মহানবী (সা.) মক্কার সবচেয়ে আস্থাভাজন মানুষে পরিণত হন। এমন সাফল্যের পর একজন মানুষ কী করে? নবীজি কিন্তু ধীরে ধীরে সরে যেতে লাগলেন ভিড় থেকে। পাহাড়ের দিকে।
কেননা, কাবা পুনর্নির্মাণের পর মক্কার সামন্ততান্ত্রিক অর্থনীতি চরম পুঁজিবাদী ও শোষণমূলক রূপ নেয়। বনু মাখজুম ও বনু উমাইয়ার সুদি কারবার (রিবা), এতিমের সম্পদ গ্রাস এবং ‘হুমস’ প্রথার মাধ্যমে সাধারণ হাজিদের জিম্মি করার অমানবিক চিত্র মুহাম্মদ (সা.) খুব কাছ থেকে দেখেন
ফলে ক্ষমতার শীর্ষ গ্রহণযোগ্যতা তাঁকে প্রচলিত সামাজিক ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার দিকে আকৃষ্ট করার বদলে এক গভীর আত্মিক নির্জনতার দিকে চালিত করে। দীর্ঘ মেয়াদে মক্কার জনপদ ছেড়ে হেরার গুহায় নির্জনবাসে চলে যান।
প্রথম দিকে অবতীর্ণ সুরা দুহা, সুরা মাউন ও সুরা বালাদের মতো মাক্কি সুরাগুলোতেও এর প্রতিফলন দেখা যায়। ৬০৫–৬১০ খ্রিষ্টাব্দ নবুয়তপ্রাপ্তির পূর্ববর্তী এই পাঁচ বছর (বয়স ৩৫ থেকে ৪০ বছর) ছিল মক্কার পৌত্তলিক সমাজব্যবস্থা থেকে তাঁর সচেতন বৌদ্ধিক ও আধ্যাত্মিক বিচ্ছিন্নতার কালপর্ব।
হেরা গুহায় নির্জন উপাসনার রীতি (তাহান্নুস) ছিল বনু হাশিমের একটি পারিবারিক ঐতিহ্য। কোরাইশদের মধ্যে এর প্রবর্তন ঘটান আবদুল মুত্তালিব। রমজানের চাঁদ দেখা গেলে তিনি হেরা পর্বতে উঠতেন, পুরো মাস সেখানে ধ্যানমগ্ন থাকতেন এবং দরিদ্রদের আহার করাতেন।
তিনি একা ছিলেন না
মক্কার অন্ধকারে তখন আরও কয়েকটি প্রদীপ জ্বলছিল। কয়েকজন কোরাইশি ‘হানিফ’ মূর্তিপূজা ছেড়ে নবী ইব্রাহিমের আদি একত্ববাদ খুঁজছিলেন। ইতিহাসে এমন চারজন প্রধান ব্যক্তির নাম পাওয়া যায়—ওয়ারাকা ইবনে নওফাল, ওবাইদুল্লাহ ইবনে জাহশ, ওসমান ইবনে আল-হুওয়াইরিস ও জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। (ইবনে হিশাম, আস-সিরাতুন নাবাবিয়্যাহ, ১/২২২–২২৮, দারুল কিতাবিল আরাবি, বৈরুত, ১৯৯০)
ওয়ারাকা ইবনে নওফাল পুরোনো কিতাব পড়তেন। তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করে ইঞ্জিলের আরবি অনুবাদ করতেন (সহিহ বুখারি, হাদিস: ৩)। ওসমান ইবনে আল-হুওয়াইরিস বাইজেন্টাইন অঞ্চলে গিয়ে খ্রিষ্টান হন এবং মক্কার রাজনৈতিক শাসক হওয়ার ব্যর্থ চেষ্টা করেন। ইবনে জাহশ ছিলেন সংশয়ে (পরে মুসলিম হয়ে আবিসিনিয়া হিজরত করলেও সেখানে গিয়ে খ্রিষ্টধর্ম ধরেন, সেখানেই তার মৃত্যু হয়)।
জায়েদ অন্য পথে না গিয়ে ‘ইব্রাহিমি ধর্ম’ ঘোষণায় অবিচল থাকেন, আর প্রকাশ্যে কোরাইশকে বলেন, “ছাগল আল্লাহ সৃষ্টি করেছেন, আকাশ থেকে পানি দিয়েছেন, মাটি থেকে ঘাস জন্মিয়েছেন। তাহলে আল্লাহর নাম ছাড়া তাকে জবাই করো কোন সাহসে?” (সহিহ বুখারি, হাদিস: ৩৮২৬)
মক্কার পশ্চিমে ‘বালদাহ’ উপত্যকায় নবীজির সঙ্গে একদিন তাঁর দেখা হয়। একটি দস্তরখানে মাংস ছিল, নবীজি তা খাননি। জায়েদও প্রত্যাখ্যান করে বলেন, “তোমাদের দেব-দেবীর বেদিতে জবাই করা পশু আমি খাই না, আমি শুধু সেই পশুর গোশত খাই যাতে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে।” (সহিহ বুখারি, হাদিস: ৩৮২৭)
হ্যাঁ, এই অনুসন্ধানীদের কেউই নবী হননি। কেননা, আল্লাহই জানেন, কোথায় তাঁর রেসালাত রাখবেন (সুরা আনআম: ১২৪)। হেরার নির্জনতা ছিল প্রস্তুতি, কিন্তু নবুয়ত ছিল আল্লাহর ইচ্ছাধীন দান।
হেরা গুহায়ও তিনি প্রথম নন
হেরা গুহায় নির্জন উপাসনার রীতি (তাহান্নুস) ছিল বনু হাশিমের একটি পারিবারিক ঐতিহ্য। কোরাইশদের মধ্যে এর প্রবর্তন ঘটান আবদুল মুত্তালিব। রমজানের চাঁদ দেখা গেলে তিনি হেরা পর্বতে (বর্তমানে জাবালে নুর) উঠতেন, পুরো মাস সেখানে ধ্যানমগ্ন থাকতেন এবং দরিদ্রদের আহার করাতেন। (আল-বালাজুরি, আনসাবুল আশরাফ, ১/৮৪, দারুল ফিকর, বৈরুত, ১৯৯৬)
দেখাদেখি ওয়ারাকা ও আবু উমাইয়া ইবনে মুগিরা প্রমুখ এই নির্জনবাস পালন শুরু করেন। কোরাইশদের কাছে তাহান্নুস হয়ে ওঠে নির্জন সাধনার মাধ্যমে পৌত্তলিক পাপ ও শিরকের কলুষতা থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখার ইবাদত। (ইবনুল আসির, আন-নিহায়াহ ফি গারিবিল হাদিস ওয়াল আসার, ১/৪৪৬, আল-মাকতাবাতুল ইলমিয়্যাহ, বৈরুত, ১৯৭৯)
এক সময় জায়েদও হেরা পর্বতে আশ্রয় নেন। প্রকাশ্যে মূর্তিপূজার সমালোচনার কারণে তাঁর চাচা (বা বৈপিত্রেয় ভাই) খাত্তাব ইবনে নুফাইল (যিনি দ্বিতীয় খলিফা ওমরের পিতা) তাঁকে প্রথমে নির্যাতন করেন, পরে মক্কা নগরী থেকেই বহিষ্কার করেন। বাধ্য হয়ে তিনি মক্কার এই পাহাড়ে এসে ওঠেন।
হেরার দিনগুলোতে কাবার দিকে মুখ করে সেজদায় পড়ে জায়েদ বলতেন, “হে আমার প্রতিপালক, যদি জানতাম কেমন ইবাদত করলে আপনি বেশি খুশি হবেন, তেমনই করতাম।” (ইবনে হিশাম, আস-সিরাতুন নাবাবিয়্যাহ, ১/২২৫)
খাত্তাব কোরাইশ যুবকদের পাহারায় বসিয়ে রাখতেন যেন জায়েদ মক্কায় ঢুকতে না পারেন। তবে মুহাম্মদ (সা.) মাঝেমধ্যে গোপনে জায়েদের সঙ্গে সাক্ষাৎ করতেন। নবুয়ত আসার কিছুদিন পূর্বে জায়েদ সিরিয়ার বালাক্বা অঞ্চলের ‘মাইফাআহ’ নামক স্থানে দুর্বৃত্তদের হাতে নিহত হন। (ইবনে হিশাম, ১/২২৮–২২৯; ইবনে সাদ, আত-তাবাকাতুল কুবরা, ৩/৩৮০–৩৮১)
কোথায় সেই গুহা
মক্কার অদূরে, খাড়া পাথুরে পথ, চূড়ার কাছে এক টুকরো গুহা। নিচে ছিল কাবা, আর কাবার চারপাশে সেই তিনশো ষাটটি মূর্তি। এই গুহা ছিল সেই কোলাহল থেকে দূরে যাওয়ার সবচেয়ে সহজ আশ্রয়।
অবস্থান ও দূরত্ব: কাবা শরিফ থেকে উত্তর-পূর্বে মিনা ও ইরাকগামী প্রাচীন সড়কের বাম পাশে প্রায় ৪ কিলোমিটার (প্রায় ২ আরবীয় মাইল) দূরে এই পর্বতটি অবস্থিত। (ইয়াকুত আল-হামাভি, মুজামুল বুলদান, ২/২৩৮, দারু সাদির, বৈরুত, ১৯৯৫)
উচ্চতা ও প্রকৃতি: সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৩৪ মিটার (প্রায় ২,০৮০ ফুট) উঁচু এই পর্বতটি আগ্নেয় ও রূপান্তরিত নিরেট গ্রানাইট শিলাখণ্ডে গঠিত। এর খাড়া পাথুরে ঢাল বেয়ে চূড়ায় আরোহণ করতে একজন পূর্ণবয়স্ক মানুষের এক থেকে দেড় ঘণ্টা কায়িক শ্রম ব্যয় করতে হয়।
গুহার মাপ ও মুখ: পাহাড়ের চূড়ার ঠিক নিচে বিশাল কয়েকটি গ্রানাইট পাথরের প্রাকৃতিক সংযোগস্থলে এই ক্ষুদ্র গুহাটি অবস্থিত। এর দৈর্ঘ্য প্রায় ৪ হাত (প্রায় ১.৭৫ থেকে ২ মিটার) এবং প্রস্থ প্রায় ১.৭৫ হাত (প্রায় ০.৮০ মিটার)।
ভৌগোলিক বৈশিষ্ট্য: এর সংকীর্ণ মুখ সরাসরি দক্ষিণ-পশ্চিমে কাবা শরিফের দিকে উন্মুক্ত—যেখান থেকে দাঁড়িয়ে বা বসে সরাসরি বায়তুল্লাহ অবলোকন করা যেত। (আল-আজরাকি, আখবারু মাক্কাহ, ২/২০১, দারুল আন্দালুস, বৈরুত, ১৯৮৩)
একবার গুহায় খাবার নিয়ে যাচ্ছিলেন, ফেরেশতা জিবরাইল (আ.) নবীজিকে বলেন, “আল্লাহর রাসুল, ওই যে খাদিজা একটি পাত্রে তরকারি বা খাদ্য ও পানীয় নিয়ে আপনার কাছে আসছেন। তিনি আপনার কাছে পৌঁছালে তাঁকে তাঁর প্রতিপালকের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দেবেন।
গুহায় যেভাবে কাটত তাঁর সময়
গুহার কাঠামোই তাঁর অবস্থানের ভঙ্গিমা ঠিক করে দিয়েছিল। এত ছোট একো প্রাকৃতিক পাথুরে ফাটল যে শুধু একজন মানুষ সোজা হয়ে দাঁড়াতে বা বসতে পারত। (আল-আজরাকি, আখবারু মাক্কাহ, ২/২০১)
ধ্যান: গুহার মুখে বসলে মাঝখানের সব পৌত্তলিক কোলাহল আড়াল হয়ে শুধু কালো ঘনকাকৃতির কাবা ঘরটি স্পষ্ট দেখা যেত। তিনি ঘণ্টার পর ঘণ্টা এই কাবার দিকে মুখ করে থাকতেন। তাঁর সময়ের বড় অংশটি ব্যয় হতো গভীর অনুধ্যান (তাফাক্কুর) এবং সৃষ্টির নিদর্শন থেকে শিক্ষা গ্রহণের (ই‘তিবার) মাধ্যমে। অর্থাৎ, তাঁর এই অনুধ্যানের দুটি প্রধান স্তর ছিল:
এক. মহাজাগতিক শৃঙ্খলা পর্যবেক্ষণ: একে কোরআনে বলা হয়েছে ‘মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ’। দিনের বেলায় পাহাড়ের চূড়া থেকে দিগন্তবিস্তৃত রুক্ষ তিহামা ও হেজাজের পর্বতমালা এবং রাতের বেলায় মরুভূমির মেঘমুক্ত আকাশে অগণিত নক্ষত্ররাজির সুশৃঙ্খল আবর্তন পর্যবেক্ষণ করতেন তিনি। ফলে এই দৃশ্যমান মহাবিশ্বের পেছনে যে এক একক ও পরাক্রমশালী স্রষ্টার অস্তিত্ব রয়েছে এবং কোরাইশদের পাথুরে মূর্তিগুলো যে সম্পূর্ণ অক্ষম—সেই তাত্ত্বিক সত্যটি তাঁর চেতনায় স্থায়ী রূপ নেয়।
দুই. সমাজের সংকট বিশ্লেষণ: মক্কার অর্থনৈতিক শোষণ, এতিম ও দুর্বলদের বঞ্চনা, কন্যাশিশু হত্যা এবং গোত্রীয় রক্তপাতের মতো ব্যাধি থেকে মুক্তির পথ কী হতে পারে, তা নিয়ে আত্মজিজ্ঞাসায় মগ্ন থাকতেন। (আল-গাজালি, ইহইয়াউ উলুমিদ্দিন, ৪/৪২৪, দারুল মারিফাহ, বৈরুত)
ইবাদত: তাঁর আনুষ্ঠানিক ইবাদত ছিল বিশুদ্ধ ইব্রাহিমি রীতি—যার মূল ভিত্তি এক আল্লাহর স্মরণ, তসবিহ (পবিত্রতা বর্ণনা) এবং একান্ত মোনাজাত। (ইবনে হাজার আসকালানি, ফাতহুল বারি, ১/২৩–২৪, দারুল মারিফাহ, বৈরুত, ১৩৭৯ হি)
খাবার: গুহায় অবস্থানকালে তাঁর দৈনন্দিন জীবনযাত্রা ছিল খুবই অনাড়ম্বর ও কৃচ্ছ্রসাধনাপূর্ণ। তিনি ঘর থেকে সামান্য কিছু পাথেয় সঙ্গে নিয়ে যেতেন (সহিহ বুখারি, হাদিস: ৩)। যেমন—ভাজা যবের ছাতু, যা সামান্য পানি বা ঘি মিশিয়ে খাওয়া হতো, শুকনো খেজুর এবং চামড়ার মশকে রাখা পানি। (ইবনে সাদ, আত-তাবাকাতুল কুবরা, ১/১৯৪, দারু সাদির, বৈরুত, ১৯৬৮)
ঘুম: গুহার পাথুরে মেঝেতে চামড়া বা মোটা চাদর বিছিয়ে তিনি সামান্য সময় বিশ্রাম নিতেন। রাত্রির সিংহভাগ সময় কাটত নিস্তব্ধ পরিবেশে জাগরণ ও ধ্যানে—যা পরবর্তীকালে সুরা মুজ্জাম্মিলের নির্দেশনার (হে বস্ত্রাবৃত, রাত্রি জাগরণ করো, কিছু অংশ ব্যতীত) জন্য তাঁর দেহ ও স্নায়ুকে আগাম প্রস্তুত করে তুলেছিল। (কাজি ইয়াজ, আশ-শিফা বি-তারিফি হুকুকিল মুস্তাফা, ১/৩০১, দারুল ফিকর, বৈরুত, ১৯৮৮)
দরিদ্রদের খাবার দেওয়া: তবে তিনি খ্রিষ্টান বা বৌদ্ধ সন্ন্যাসীদের সমাজবিচ্ছিন্ন বৈরাগী হয়ে থাকেননি। হেরা পাহাড় যেহেতু মক্কা থেকে মিনা ও ইরাকে যাওয়ার প্রাচীন সড়কের ঠিক পাশেই ছিল, তাই ছিন্নমূল মানুষ, নিঃস্ব মুসাফির ও মক্কার দরিদ্ররা জানত যে রমজান মাসে বনু হাশিমের এই উদার মানুষটি এখানেই উপরে থাকেন। তাঁরা পাহাড়ের ঢালে এলে তিনি নিজের জন্য আনা ছাতু ও খেজুর তাঁদের সঙ্গে ভাগ করে খেতেন। (আত-তাবারি, তারিখুর রুসুল ওয়াল মুলুক, ২/২৯৮, দারুল মাআরিফ, কায়রো, ১৯৬৭)
পরিবারের সঙ্গে যোগাযোগ
নির্জনবাসের এই দিনগুলোতে তিনি পরিবার থেকে দূরে থাকলেও বিচ্ছিন্ন ছিলেন না। স্ত্রী খাদিজা ও চাচা আবু তালিবের ছেলে (পরে যিনি জামাতা হন) কিশোর আলীর সঙ্গে তাঁর একটি নিয়ন্ত্রিত যোগাযোগ বজায় ছিল।
এমনিতে একটানা কয়েক রাত (বা পুরো রমজান মাস) কাটানোর পর যখন তাঁর খাদ্যরসদ শেষ হয়ে যেত, তিনি নিজেই মক্কায় ফিরে আসতেন। তবে সরাসরি নিজের ঘরে না গিয়ে প্রথমে কাবা শরিফ তাওয়াফ করতেন। এরপর খাদিজার ঘরে গিয়ে পুনরায় ছাতু ও পানি সংগ্রহ করে হেরায় ফিরে যেতেন। (ইবনে হিশাম, আস-সিরাতুন নাবাবিয়্যাহ, ১/২৩৫)
কখনো কখনো গুহায় তাঁর অবস্থান দীর্ঘায়িত হলে খাদিজা (রা.) নিজেই খাবার ও পানীয় নিয়ে এই দুর্গম পর্বতের দিকে যাত্রা করতেন। আবার কখনো লোক মারফত সেখানে খাবার পাঠাতেন কিংবা পাহাড়ের পাদদেশে তাঁর সঙ্গ দিতেন। তাঁর এই সেবা নবুয়তপূর্ব সময় থেকে শুরু হয়ে প্রথম ওহি নাজিলের পরবর্তী প্রাথমিক দিনগুলোতেও অব্যাহত ছিল।
এমনই একবার গুহায় খাবার নিয়ে যাচ্ছিলেন, ফেরেশতা জিবরাইল (আ.) নবীজিকে বলেন, “আল্লাহর রাসুল, ওই যে খাদিজা একটি পাত্রে তরকারি বা খাদ্য ও পানীয় নিয়ে আপনার কাছে আসছেন। তিনি আপনার কাছে পৌঁছালে তাঁকে তাঁর প্রতিপালকের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দেবেন। (সহিহ বুখারি, হাদিস: ৩৮২০; আল–আসকালানি, ফাতহুল বারি, /৭/১৩৪)
মক্কার ভয়াবহ দুর্ভিক্ষের সময় (আনুমানিক ৬০০–৬০৫ খ্রি.) চাচা আবু তালিবের বোঝা হালকা করতে নবীজি পাঁচ-ছয় বছর বয়সী বালক আলী (রা.)–কে নিজের ঘরে নিয়ে এসেছিলেন। গুহায় নির্জনবাসের শেষের দিকে কিশোর আলীও মাঝেমধ্যে তাঁর সঙ্গে পাহাড়ে অবস্থান করতেন বা তাঁর জন্য খাবার পৌঁছে দিতেন। (আল-বালাজুরি, আনসাবুল আশরাফ, ১/১০৫, দারুল মাআরিফ, কায়রো, ১৯৫৯)
তিনি তো জানতেন না যে নবী হতে যাচ্ছেন। তাই ‘আল্লাহর রাসুল’ সম্বোধনে চমকে উঠতেন, পেছন থেকে কেউ ডাকছে কি না ভাবতেন, থমকে দাঁড়িয়ে তাঁর ডানে, বামে এবং পেছনে ফিরে তাকাতেন। কিন্তু আশেপাশে কোনো জনমানুষ দেখতে পেতেন না।
নবুয়ত ঘনিয়ে এল যখন
ইমাম শাবির একটি বর্ণনা আছে যে নবুয়তের মূল ওহি (কোরআন) অবতীর্ণ হওয়ার পূর্বে তিন বছর ফেরেশতা ইসরাফিলকে নবীজির সাহচর্যে নিযুক্ত করা হয়েছিল। ইসরাফিল (আ.) তাঁকে কোনো বিধান দেননি, বরং মাঝে মাঝে অদৃশ্য ধ্বনি ও সংক্ষিপ্ত শিক্ষামূলক বাক্যের মাধ্যমে তাঁর আত্মাকে ওহির ভার বহনের জন্য প্রস্তুত করেছিলেন। তিন বছর পর ৪০ বছর পূর্ণ হলে জিবরাইলকে কোরআনসহ পাঠানো হয়। (ইবনে সাদ, আত-তাবাকাতুল কুবরা, ১/১৯০–১৯১; আত-তাবারি, তারিখুর রুসুল ওয়াল মুলুক, ২/২৯৯–৩০০)
হাদিসবেত্তাদের অনেকে এই বর্ণনার সমালোচনা করেছেন। তাদের মতে, সে সময়ের ‘অদৃশ্য আওয়াজ ও জ্যোতি’কে ইমাম শাবি ‘ইসরাফিলের সাহচর্য’ অর্থ নিয়ে থাকতে পারেন। (আসকালানি, ফাতহুল বারি, ১/২৩)
বিশুদ্ধ হাদিসে এসেছে, নবুয়তের চূড়ান্ত ক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে, বিশেষত শেষ ছয় মাসে, গুহার দিন ও রাত্রিগুলোতে তিনি যে স্বপ্ন দেখতেন, তা ভোরের আলোর মতো বাস্তবে মিলে যেত (সহিহ বুখারি, হাদিস: ৩)। এমনকি জাগ্রত অবস্থায় হঠাৎ দেখতেন আকাশে বা পাথরের গায়ে শুভ্র আলোকচ্ছটা, শুনতেন অদৃশ্য কণ্ঠস্বর—যা তাঁকে গভীর বিচলিত করে তুলত। (সহিহ মুসলিম, হাদিস: ২৩১৬)
একপর্যায়ে উদ্বিগ্ন হয়ে খাদিজাকে বিস্তারিত জানিয়ে বলেন, “আল্লাহর শপথ, আমি তো মূর্তি ও গণকদের সর্বাধিক ঘৃণা করি; তবে আমার আশঙ্কা হয় আমার মধ্যে কোনো জিনের প্রভাব বা চিত্তবৈকল্য ঘটছে কি না।” খাদিজা (রা.) তাঁকে আশ্বস্ত করেন, “কখনোই না, আল্লাহ আপনার সঙ্গে এমনটি করবেন না। আপনি তো আমানত রক্ষা করেন, আত্মীয়তার বন্ধন বজায় রাখেন এবং সত্য কথা বলেন। (সহিহ মুসলিম, হাদিস: ২৩১৬; আত-তাবারি, তারিখ, ২/৩০০)
তাঁকে ওয়ারাকা ইবনে নওফালের কাছেও যান। ওয়ারাকা বলেন, ‘তিনি যদি সত্য বলে থাকেন, তবে এটি মুসার কাছে আগত নামুসের মতোই নামুস। যদি তাঁকে নবুয়ত দিয়ে প্রেরণ করা হয় এবং আমি তখন জীবিত থাকি, তবে আমি তাকে সর্বশক্তি দিয়ে সাহায্য করব, সহযোগিতা করব এবং তার ওপর ইমান আনব।’ (মুসনাদে আহমদ, হাদিস: ২৮৪৫; আসকালানি, ফাতহুল বারি, ১/৩৫)
আসকালানির মতে, স্বপ্নের সূচনা হয়েছিল তাঁর জন্মমাস রবিউল আউয়ালে, চল্লিশ বছর পূর্ণ হওয়ার পর, আর জাগ্রত অবস্থার ওহি রমজানে। আর মুবারকপুরি আনুমানিক ১০ আগস্ট ৬১০ খ্রিষ্টাব্দ, ২১ রমজান, সোমবার রাতকে ওহির সূচনা ধরেন এবং বয়স হিসাব করেন ৪০ চান্দ্র বছর ৬ মাস ১২ দিন, যা সৌর হিসাবে প্রায় ৩৯ বছর ৩ মাস।
অনেকে বলেন, এই ছয় মাসকে ২৩ বছরের সঙ্গে মিলিয়েই হাদিসে ‘সত্য স্বপ্নকে নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ’ বলা হয়েছে। (সহিহ বুখারি ৬৯৮৯)
‘সালাম, হে আল্লাহর রাসুল’
মহানবী (মা/) বসবাস করতেন মারওয়া পাহাড়ের সন্নিকটে ‘সুক্বুল লাইল’ মহল্লায় অবস্থিত খাদিজার বাড়িতে। সেখান থেকে কাবায় যেতে হলে তাঁকে সাফা পাহাড়ের পাদদেশে একটি গলিপথ ব্যবহার করতে হতো (যার পাশেই ছিল ‘দারুল আরকাম’— সাহাবি আরকাম ইবনে আবিল আরকামের বাড়ি)। গলিটি সরু ও বাঁকানো; যেখানে একটি বাড়ির দেয়ালের কোণে একটা কালচে-লাল পাথর গাঁথা ছিল।
গলির বাঁক ঘুরলে দেয়ালের পাথরের সঙ্গে তাঁর পবিত্র হাতের কনুই স্পর্শ করত, তিনি নিজেও সেই পাথরে ভর দিতেন। কাবার দিকে গেলেই তখন পাথরটি থেকে আওয়াজ আসত, “আপনাকে সালাম, হে আল্লাহর রাসুল।”
তিনি তো জানতেন না যে নবী হতে যাচ্ছেন। তাই ‘আল্লাহর রাসুল’ সম্বোধনে চমকে উঠতেন, পেছন থেকে কেউ ডাকছে কি না ভাবতেন, থমকে দাঁড়িয়ে তাঁর ডানে, বামে এবং পেছনে ফিরে তাকাতেন। কিন্তু আশেপাশে কোনো জনমানুষ দেখতে পেতেন না—শুধু নিস্তব্ধ পাথর ও বৃক্ষরাজিই তাঁর চোখে পড়ত। (ইবনে হিশাম, সিরাত, ১/২৩৪–২৩৫ ; ইবনে সাদ, আত-তাবাকাত, ১/১৯৩)
দিনের পর দিন একই গলি ও পথ অতিক্রম করার সময় তিনি লক্ষ্য করেন, একটি পাথরের পাশ দিয়ে যাওয়ার সময়ই শুধু সালামের ধ্বনি আসে। বহু বছর পর মদিনায় তিনি সাহাবিদের সামনে স্মৃতিচারণ করে বলেন, “আমি মক্কার এমন একটি পাথরকে চিনি, আমার নবুয়তপ্রাপ্তির পূর্বে যা আমাকে সালাম দিত। আমি এখনও সে পাথরকে চিনতে পারি। (সহিহ মুসলিম, হাদিস: ২২৭৭)
এই অলৌকিক পাথরের কারণে মক্কাবাসীর কাছে গলির স্থায়ী নাম হয়ে যায় পাথরের গলি (জুকাকুল হাজার)। (তাকিউদ্দিন আল-ফাসি, শিফাউল গারাম বি-আখবারিল বালাদিল হারাম, ১/৩৮৮, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ২০০০)