পারস্য সম্রাট থেকে জাকার্তা—বিজয় ও পরিবর্তনের এক দিন

ছবি: ফ্রিপিক

ইতিহাসের পাতায় ২৩ রমজান দিনটি এক বিশাল পরিবর্তনের সন্ধিক্ষণ। এই দিনে একদিকে যেমন আরবের বুক থেকে প্রাচীন মূর্তিপূজার প্রাতিষ্ঠানিক অবসান ঘটেছিল, তেমনি পতন ঘটেছিল প্রাচীন বিশ্বের অন্যতম পরাক্রমশালী পারস্য (সাসানীয়) সাম্রাজ্যের।

আবার আধুনিক বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গোড়াপত্তনও হয়েছিল এই স্মৃতিবহ দিনে।

আরবের শেষ মূর্তির পতন

৯ হিজরির ২৩ রমজান (৬৩১ খ্রিষ্টাব্দ) আরবের হেজাজ অঞ্চল থেকে পৌত্তলিকতার শেষ অবশেষটুকু মুছে যায়।

মক্কা বিজয়ের পরও তায়েফের সাকিফ গোত্র তাদের প্রাচীন দেবী ‘লাত’-এর পূজা ধরে রাখতে চেয়েছিল। তারা ইসলামের ছায়াতলে আসার সময় নবীজি (সা.)-এর কাছে শর্ত দিয়েছিল যেন আরও কয়েক বছর এই মূর্তিটি না ভাঙা হয়। কিন্তু নবীজি (সা.) তা প্রত্যাখ্যান করেন।

এরপর তাঁর নির্দেশে মুগিরা ইবনে শুবা ও আবু সুফিয়ান (রা.)-এর নেতৃত্বে একদল সাহাবি তায়েফে যান এবং ‘লাত’ মূর্তিটি ভেঙ্গে ফেলেন। (ইবনে হিশাম, আস-সিরাতুন নাবাবিয়্যাহ, ৪/৪১০, ১৯৫৫)

আরও পড়ুন

শেষ কিসরার বিদায়

৩১ হিজরির ২৩ রমজান (৬৫২ খ্রিষ্টাব্দ) ৪৫০ বছরের প্রাচীন পারস্যের সাসানীয় সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটে। কাদিসিয়া ও নেহাভন্দের যুদ্ধে পরাজিত হওয়ার পর পারস্যের শেষ সম্রাট ৩য় ইয়াজদগিরদ রাজ্য হারিয়ে ভবঘুরের মতো ঘুরছিলেন।

এই দিনে তুর্কমেনিস্তানের মার্ভ শহরে এক দর্জির হাতে তিনি নিহত হন। তাঁর মৃত্যুর মাধ্যমেই প্রাচীন পারস্যের অবসান ঘটে এবং এ অঞ্চলটি ইসলামি খিলাফতের অন্তর্ভুক্ত হয়। (ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান নিহায়া, ৭/১৬০, ১৯৮৮)

ইখশিদি বংশের উত্থান

৩২৩ হিজরির ২৩ রমজান (৯৩৫ খ্রিষ্টাব্দ) মুহাম্মদ বিন তুগজ আল-ইখশিদ মিসরের রাজধানী ফুস্তাতে প্রবেশ করেন। তাঁর এই আগমনের মাধ্যমে মিশরে ‘ইখশিদি’ রাজবংশের সূচনা হয়।

তিনি কয়েক দশকের প্রশাসনিক অরাজকতা দূর করে মিসরে স্থিতিশীলতা ফিরিয়ে আনেন এবং মক্কা-মদিনাসহ হজের পথকে নিরাপদ করেন।। (ইমাম জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ১৫/৩৬৫, ১৯৮৫)

আরও পড়ুন

জাকার্তা থেকে পর্তুগিজদের বিতাড়ন

১৫২৭ খ্রিষ্টাব্দের ২৩ রমজান (৯৩৩ হিজরি) দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাসে এক বিজয়ের দিন। মুসলিম সেনাপতি ফাতাহুল্লাহ ইন্দোনেশিয়ার সুন্দা কেলাপা বন্দর থেকে পর্তুগিজ ঔপনিবেশিক শক্তিকে হটিয়ে দেন। 

বিজয়ের পর তিনি এই স্থানের নাম রাখেন ‘জায়াকার্তা’ (Jayakarta), যার অর্থ ‘মহা বিজয়’। এই দিনটিকে আজও ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রতিষ্ঠা দিবস হিসেবে উদযাপন করা হয়।

ওসামা ইবনে মুনকিজ

৫৮৪ হিজরির ২৩ রমজান ইন্তেকাল করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবির ঘনিষ্ঠ সহচর আমির ওসামা ইবনে মুনকিজ। তিনি একাধারে বীর যোদ্ধা ও সাহিত্যিক ছিলেন।

তাঁর বিখ্যাত গ্রন্থ আল-ইতেবার ক্রুসেডারদের সামাজিক আচার-আচরণ ও তৎকালীন জীবনযাত্রার এক প্রামাণ্য দলিল হিসেবে আজও বিশ্বজুড়ে গবেষকদের কাছে সমাদৃত। (ইবনে কাসির, আল-বিদায়া ওয়ান নিহায়া, ১২/৩৯০, ১৯৮৮)

আরও পড়ুন