ইসলামের প্রথম মসজিদ, মহানবী (সা.) যা নিজ হাতে গড়েছেন

কুবা মসজিদ, মদিনাছবি: পেক্সেলস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মদিনা মুনাওয়ারার বাতাসে মিশে আছে এক অপার্থিব প্রশান্তি। এই পবিত্র শহরের প্রতিটি ধূলিকণায় জড়িয়ে আছে প্রিয় নবী মুহাম্মদ (সা.) ও তাঁর নিবেদিতপ্রাণ সাহাবিদের ত্যাগ আর ভালোবাসার স্মৃতি।

৬২২ খ্রিষ্টাব্দে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরতের সময় মহানবী (সা.) কোনো রাজপ্রাসাদ কিংবা দুর্গ গড়েননি; বরং মদিনার উপকণ্ঠে পা রেখেই তিনি নিজ হাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মহান আল্লাহর ঘরের।

মসজিদে নববি থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সেই ঐতিহাসিক ‘মসজিদে কুবা’ই হলো ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ।

মদিনায় স্থায়ী হওয়ার পরও তিনি এই প্রথম মসজিদটির কথা কখনো ভুলে যাননি। তিনি প্রতি শনিবার কখনো হেঁটে, আবার কখনো বাহনে চড়ে মসজিদে কুবায় যেতেন এবং সেখানে দুই রাকাত নামাজ আদায় করতেন।
সহিহ বুখারি, হাদিস: ১১৯৩ ও ১১৯৪

হিজরতের স্মৃতি ও তাকওয়ার ভিত্তি

মক্কা থেকে দীর্ঘ ও কণ্টকাকীর্ণ পথ পাড়ি দিয়ে মহানবী (সা.) যখন মদিনার উপকণ্ঠ ‘কুবা’ পল্লিতে পৌঁছান, তখন আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন সেখানকার অধিবাসীরা। প্রাচীন একটি কূপের নামানুসারে এলাকাটির নাম ছিল কুবা, আর শুরুতে মসজিদটি ‘বনি আমর ইবনে আওফ মসজিদ’ নামেও পরিচিত ছিল।

সেখানে অবস্থানকালে মহানবী (সা.) সাহাবিদের সঙ্গে নিয়ে কাদামাটি ও পাথর বয়ে এনে সাদামাটাভাবে এই মসজিদটি নির্মাণ করেন। (সহিহ বুখারি, হাদিস: ৩৯০৬)

মক্কাবাসীর গচ্ছিত আমানতগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়ে আলী (রা.)-ও এই কুবাতেই এসে নবীজির কাফেলায় শামিল হয়েছিলেন।

পবিত্র কোরআনে এই মসজিদটির অনন্য মর্যাদার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

ছবি: উইকিপিডিয়া
আরও পড়ুন

মহান আল্লাহ বলেছেন, ‘যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকেই তাকওয়া বা খোদাভীতির ওপর স্থাপিত হয়েছে, তা-ই আপনার নামাজে দাঁড়ানোর অধিকতর যোগ্য। সেখানে এমন সব মানুষ রয়েছেন, যাঁরা পবিত্রতা অর্জনকে ভালোবাসেন; আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’ (সুরা তাওবা, আয়াত: ১০৮)

তবে এটি মনে রাখা জরুরি যে মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ হলেও হিজরতের পর প্রথম জুমার নামাজ এখানে আদায় হয়নি। কুবা থেকে মদিনার মূল শহরের দিকে যাত্রাপথে ‘রানুনা’ উপত্যকায় বনি সালিম ইবনে আওফ গোত্রের বসতিতে মহানবী (সা.) প্রথম জুমার নামাজের ইমামতি করেন, যেখানে বর্তমানে ‘মসজিদে জুমা’ অবস্থিত।

আজও যখন কোনো মুমিন অজু করে এই মসজিদের শ্বেতপাথরের আঙিনায় পা রাখেন, তখন তাঁর হৃদয়ে ভেসে ওঠে দেড় হাজার বছর আগের সেই দৃশ্য—যেখানে নবীজি নিজ হাতে পাথর বয়ে এনে সাজিয়েছিলেন ভালোবাসার প্রথম ইবাদতখানা।

এক ওমরাহর সওয়াব

মসজিদে কুবার সঙ্গে প্রিয় নবীজির ছিল গভীর আত্মিক টান। মদিনায় স্থায়ী হওয়ার পরও তিনি এই প্রথম মসজিদটির কথা কখনো ভুলে যাননি। তিনি প্রতি শনিবার কখনো হেঁটে, আবার কখনো বাহনে চড়ে মসজিদে কুবায় যেতেন এবং সেখানে দুই রাকাত নামাজ আদায় করতেন। (সহিহ বুখারি, হাদিস: ১১৯৩ ও ১১৯৪)

সাধারণ মুমিনদের জন্যও এই মসজিদে নামাজ আদায়ের এক অভাবনীয় ফজিলত ঘোষণা করেছেন মহানবী (সা.)।

আরও পড়ুন
ছবি: পেক্সেলস

তিনি বলেছেন, ‘যে ব্যক্তি নিজ ঘরে উত্তমরূপে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় এসে নামাজ আদায় করবে, সে একটি ওমরাহ পালনের সমপরিমাণ সওয়াব লাভ করবে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৪১২)

এই পরম প্রাপ্তির আশায় মদিনায় আসা প্রত্যেক হাজি ও জিয়ারতকারী অন্তত একবার মসজিদে কুবায় ছুটে যান।

যুগে যুগে সংস্কার

ইসলামের সূচনালগ্নের সেই অনাড়ম্বর মাটির মসজিদটি সময়ের পরিক্রমায় বহুবার সংস্কার ও সম্প্রসারিত হয়েছে। খোলাফায়ে রাশেদিনের যুগে তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান (রা.) এটির সংস্কার করেন।

পরে মদিনার গভর্নর থাকাকালে উমর ইবনে আবদুল আজিজ মসজিদটির পরিধি বাড়ান এবং এতে মিনার যুক্ত করেন। এরপর ১০৪৪ ও ১১৬১ খ্রিষ্টাব্দেও ঐতিহাসিক সংস্কারকাজ পরিচালিত হয়।

আধুনিক সৌদি শাসনামলে মসজিদে কুবা নতুন রূপ লাভ করে। ১৯৬৮ সালে বাদশাহ ফয়সালের সময়ে এর উত্তর দিকের প্রাচীর সম্প্রসারণ করা হয়।

পরে ১৯৮৪ থেকে ১৯৮৬ সালের মধ্যে বাদশাহ ফাহাদের উদ্যোগে প্রখ্যাত মিসরীয় স্থপতি আবদেল-ওয়াহেদ এল-ওয়াকিলের নকশায় ঐতিহ্যবাহী ইসলামি স্থাপত্যশৈলী অক্ষুণ্ন রেখে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়।

বর্তমানে সাড়ে ১৩ হাজার বর্গমিটার আয়তনের এই মসজিদ কমপ্লেক্সে চারটি সুউচ্চ মিনার, ৬টি বড় ও ৫৬টি ছোটসহ মোট ৬২টি গম্বুজ এবং চমৎকার কোরআনিক ক্যালিগ্রাফি রয়েছে।

এ ছাড়া ২০২২ সালের ৮ এপ্রিল যুবরাজ মুহাম্মদ বিন সালমান মসজিদে কুবার ইতিহাসে বৃহত্তম সম্প্রসারণ প্রকল্পের ঘোষণা দেন, যার লক্ষ্য এর আয়তন ৫০ হাজার বর্গমিটারে উন্নীত করে একসঙ্গে প্রায় ৬৬ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা এবং আশপাশের ৫৭টি ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা।

মসজিদে কুবা শুধু ইট-পাথরের কোনো প্রাচীন স্থাপনা নয়; এটি মুসলিম উম্মাহর ঐক্য, সরলতা ও খোদাভীতির এক জীবন্ত প্রতীক।

ছবি: উইকিপিডিয়া

আজও যখন কোনো মুমিন অজু করে এই মসজিদের শ্বেতপাথরের আঙিনায় পা রাখেন, তখন তাঁর হৃদয়ে ভেসে ওঠে দেড় হাজার বছর আগের সেই দৃশ্য—যেখানে নবীজি নিজ হাতে পাথর বয়ে এনে সাজিয়েছিলেন ভালোবাসার প্রথম ইবাদতখানা।

  • এহসান সিরাজ : আলেম ও লেখক

আরও পড়ুন