কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী

ছবি: পেক্সেলস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরকালের প্রতি বিশ্বাস ইসলামের মৌলিক আকিদার অন্যতম। আল্লাহ বলেন, ‘প্রকৃত পুণ্যবান সে, যে ইমান আনে আল্লাহর প্রতি, পরকালের দিনের প্রতি...।’ (সুরা বাকারা, আয়াত: ১৭৭)

কেয়ামতের দিন মানুষের সামনে যে ঘটনাগুলো ঘটবে, তার মধ্যে অন্যতম হলো হিসাব-নিকাশ এবং বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য প্রদান। সেদিন মানুষের নিজের কাজই তার সামনে উপস্থিত হবে।

এমনকি তার চারপাশের কিছু সৃষ্টি এবং নিজের অঙ্গপ্রত্যঙ্গও তার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য দেবে।

পবিত্র কোরআন ও হাদিসে কেয়ামতের দিনের এমন পাঁচটি গুরুত্বপূর্ণ সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে।

১. পৃথিবী দেবে তার সাক্ষ্য

মানুষ যে জমিনের ওপর বসবাস করে, যে মাটিতে চলাফেরা করে এবং যে জায়গায় সেজদা করে—কেয়ামতের দিন সেই পৃথিবীও তার বুকে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিবরণ দেবে। 

আল্লাহ বলেন, ‘সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। কারণ, আপনার রব তাকে নির্দেশ দেবেন।’ (সুরা জিলজাল, আয়াত: ৪-৫)

এ আয়াতের ব্যাখ্যায় মহানবী (সা.) বলেছেন, পৃথিবী তার ওপর সংঘটিত প্রতিটি কাজের সাক্ষ্য দেবে। অর্থাৎ মানুষ পৃথিবীর যে অংশে যে কাজ করেছে, পৃথিবী তা বর্ণনা করবে। (সুনানে তিরমিজি, হাদিস: ২৪২৯)

তাই মসজিদের মেঝে, সেজদার স্থান কিংবা নির্জন কোনো জায়গা—কোনো স্থানই মানুষের আমলের ইতিহাস থেকে বিচ্ছিন্ন নয়। আজ যে জমিনে দাঁড়িয়ে মানুষ পাপ কিংবা পুণ্য করছে, কাল সেই জমিনই তার সাক্ষী হয়ে দাঁড়াবে।

২. নিজের অঙ্গপ্রত্যঙ্গ দেবে সাক্ষ্য

মানুষের হাত দিয়ে কত অন্যায় সংঘটিত হয়, পা দিয়ে কত পাপের পথে চলা হয়, চোখ দিয়ে কত নিষিদ্ধ দৃশ্য দেখা হয়, কান দিয়ে কত অন্যায় কথা শোনা হয়! মানুষ মনে করে, এসব কাজের কোনো সাক্ষী নেই। কিন্তু কেয়ামতের দিন তার নিজের অঙ্গপ্রত্যঙ্গই তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে।

আল্লাহ বলেন, ‘আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব। তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে।’ (সুরা ইয়াসিন, আয়াত: ৬৫)

অন্য আয়াতে বলা হয়েছে, মানুষের কান, চোখ ও চামড়া তার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তারা বলবে, আল্লাহ তাদের বাকশক্তি দান করেছেন, যিনি সবকিছুকে বাকশক্তি দান করেছেন। (সুরা ফুসসিলাত, আয়াত: ২০-২১)

এক ব্যক্তি নিজের অঙ্গপ্রত্যঙ্গের সাক্ষ্য অস্বীকার করতে চাইলে আল্লাহ তার অঙ্গগুলোকে কথা বলার অনুমতি দেবেন। তখন তার অঙ্গপ্রত্যঙ্গ তার কৃতকর্মের বিবরণ দেবে।
সহিহ মুসলিম, হাদিস: ২৯৬৯
আরও পড়ুন

একটি হাদিসে এসেছে, এক ব্যক্তি নিজের অঙ্গপ্রত্যঙ্গের সাক্ষ্য অস্বীকার করতে চাইলে আল্লাহ তার অঙ্গগুলোকে কথা বলার অনুমতি দেবেন। তখন তার অঙ্গপ্রত্যঙ্গ তার কৃতকর্মের বিবরণ দেবে। (সহিহ মুসলিম, হাদিস: ২৯৬৯)

৩. আমল লিপিবদ্ধকারী ফেরেশতারা দেবেন সাক্ষ্য 

মানুষের প্রতিটি কথা ও কাজ সংরক্ষণের জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত রেখেছেন। মানুষ প্রকাশ্যে কিংবা গোপনে যা-ই করুক, তাঁদের কাছ থেকে তা আড়াল থাকে না।

আল্লাহ বলেন, ‘অবশ্যই তোমাদের ওপর নিয়োজিত রয়েছেন সংরক্ষণকারী ফেরেশতারা, সম্মানিত লেখকবৃন্দ। তাঁরা জানেন তোমরা যা করো।’ (সুরা ইনফিতার, আয়াত: ১০-১২)

কেয়ামতের দিন এসব ফেরেশতা মানুষের আমলনামা নিয়ে উপস্থিত হবেন। আল্লাহ বলেন, ‘আর শিঙায় ফুঁ দেওয়া হবে। সেটিই হবে প্রতিশ্রুত দিনের সময়। প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে একজন চালক ও একজন সাক্ষী।’ (সুরা কাফ, আয়াত: ২০-২১)

তাফসিরবিদদের ব্যাখ্যা অনুযায়ী, একজন ফেরেশতা মানুষকে হাশরের ময়দানে নিয়ে যাবেন এবং অন্যজন তার আমলের সাক্ষ্য দেবেন।

৪. নবী-রাসুল ও উম্মত দেবেন সাক্ষ্য

কেয়ামতের দিন নবী-রাসুলগণ তাঁদের উম্মত সম্পর্কে সাক্ষ্য দেবেন। নবীজিও তাঁর উম্মতের সাক্ষী হবেন। আল্লাহ বলেন, ‘অতঃপর যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে উপস্থিত করব, তখন কী অবস্থা হবে?’ (সুরা নিসা, আয়াত: ৪১)

এমনকি অন্য নবীর উম্মতের বিরুদ্ধেও এ উম্মতের ন্যায়পরায়ণ ব্যক্তিরা সাক্ষ্য দেবেন।

কেয়ামতের দিন নুহ (আ.)-কে জিজ্ঞাসা করা হবে, তিনি তাঁর উম্মতের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন কি না। তিনি বলবেন, হ্যাঁ। তখন তাঁর উম্মত তা অস্বীকার করবে।

আরও পড়ুন
যে হাত দিয়ে আল্লাহর অবাধ্যতা করা হয়, সেই হাতই একদিন সাক্ষ্য দেবে। যে চোখ গোপনে পাপের দৃশ্য দেখে, সেই চোখও একদিন কথা বলবে।

নবী নুহের পক্ষে মুহাম্মদের উম্মত সাক্ষ্য দেবে যে তিনি আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলেন। (সহিহ বুখারি, হাদিস: ৪৪৮৭)

৫. সর্বশ্রেষ্ঠ সাক্ষী হবেন আল্লাহ

সব সাক্ষীর ঊর্ধ্বে রয়েছেন মহান আল্লাহ। তিনি মানুষের প্রকাশ্য-গোপন সবকিছু জানেন। কোনো সাক্ষীর প্রয়োজন ছাড়াই তিনি সব কাজের খবর রাখেন। তবে কেয়ামতের দিন তিনি নিজেই সাক্ষ্য দেবেন যে তাঁর বান্দারা কী করেছে এবং কে সত্যের ওপর ছিল।

আল্লাহ বলেন, ‘বলুন, সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কোন বস্তু সর্বাধিক বড়? বলুন, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী।’ (সুরা আনআম, আয়াত: ১৯)

অন্য আয়াতে তিনি বলেন, ‘বলুন, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ৯৬)

সাক্ষীদের সামনে দাঁড়ানোর প্রস্তুতি

দুনিয়ায় মানুষ সাক্ষী লুকাতে পারে, প্রমাণ নষ্ট করতে পারে, সত্যকে আড়াল করতে পারে। কিন্তু কেয়ামতের দিন পৃথিবী, নিজের অঙ্গপ্রত্যঙ্গ, আমল সংরক্ষণকারী ফেরেশতা, নবী-রাসুল এবং স্বয়ং আল্লাহর সাক্ষ্যের সামনে অস্বীকারের কোনো সুযোগ থাকবে না, মিথ্যা অজুহাতও কাজে আসবে না।

তাই বুদ্ধিমানের কাজ হলো, কেয়ামতের দিনের এই সাক্ষীদের কথা স্মরণ রেখে দুনিয়ার জীবন পরিচালনা করা।

যে হাত দিয়ে আল্লাহর অবাধ্যতা করা হয়, সেই হাতই একদিন সাক্ষ্য দেবে। যে চোখ গোপনে পাপের দৃশ্য দেখে, সেই চোখও একদিন কথা বলবে। আর যে পৃথিবীতে দাঁড়িয়ে মানুষ পাপ করে, সেই পৃথিবীও তার কৃতকর্মের বিবরণ দেবে।

  • ইফতেখারুল হক হাসনাইন: আলেম ও লেখক

আরও পড়ুন