কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল

ছবি: পেক্সেলস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান আল্লাহ প্রত্যেক সৃষ্টজীবের রিজিক নির্ধারণ করে রেখেছেন এবং মানুষের প্রচেষ্টা ও আমলের সঙ্গে এর গভীর যোগসূত্র স্থাপন করেছেন।

ইসলামি শিক্ষায় রিজিক শুধু খাদ্য বা অর্থ-সম্পদে সীমাবদ্ধ নয়; বরং সুস্বাস্থ্য, প্রশান্ত হৃদয়, নেক সন্তান, উপকারী জ্ঞান, সময় ও কাজের বরকত—সবই রিজিকের অন্তর্ভুক্ত।

পবিত্র কোরআন ও সহিহ হাদিসে এমন ৯টি গুরুত্বপূর্ণ আমলের কথা বর্ণিত হয়েছে, যেগুলো নিয়মিত পালন করলে রিজিকে বরকত হয় এবং জীবিকার দ্বার উন্মুক্ত হয়:

১. তাকওয়া অবলম্বন

রিজিক বৃদ্ধির সবচেয়ে মৌলিক ও শক্তিশালী মাধ্যম হলো তাকওয়া বা আল্লাহভীতি এবং তাঁর ওপর পূর্ণ আস্থা রাখা।

আল্লাহ বলেছেন, ‘আর যে আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন, যার কল্পনাও সে করতে পারবে না।’ (সুরা তালাক, আয়াত: ২-৩)

২. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা

পাপ মানুষের রিজিকের বরকত নষ্ট করে দেয়। আর বেশি বেশি ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করলে মহান আল্লাহ আকাশ রিজিক বাড়িয়ে দেন।

কোরআনে বলা হয়েছে, ‘আমি তাদের বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে উন্নতি দান করবেন, তোমাদের বাগবাগিচা এবং নদীনালা দান করবেন।’ (সুরা নুহ, আয়াত: ১০-১২)

শুধু বসে থাকলে রিজিক আসে না; হালাল পন্থায় চেষ্টা-সাধনার পাশাপাশি মহান আল্লাহর কাছে রিজিক ও বরকতের জন্য দোয়া করতে হয়।
আরও পড়ুন

৩. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা

রক্তের সম্পর্ক ও আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাঁদের খোঁজখবর নেওয়া রিজিক ও হায়াত বৃদ্ধির অন্যতম কারণ।

রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি চায় যে তার রিজিকে প্রশস্ততা আসুক এবং আয়ু দীর্ঘ হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯৮৬)

৪. আল্লাহর পথে দান-সদকা করা

দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে—এটি ইসলামি অর্থনীতির এক অনন্য নীতি। আল্লাহ বলেন, ‘তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, তিনি তার বিনিময় দেবেন। তিনিই উত্তম রিজিকদাতা।’ (সুরা সাবা, আয়াত: ৩৯)

রাসুল (সা.) বলেছেন, ‘প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। তাঁদের একজন বলেন, হে আল্লাহ, দানকারীকে তার দানের উত্তম প্রতিদান দিন। অন্যজন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন।’ (সহিহ বুখারি, হাদিস: ১৪৪২)

এ ছাড়া হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ‘হে আদমসন্তান, তুমি খরচ করো, আমিও তোমার ওপর খরচ করব।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৩৫২)

৫. হজ ও ওমরাহ পালন করা

হজ ও ওমরাহর মতো ইবাদত মানুষের দারিদ্র্য ও পাপ দূর করে দেয়।

রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা লাগাতার হজ ও ওমরাহ পালন করতে থাকো। কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয়, যেমনভাবে কামারের হাপর লোহা ও সোনা-রুপার ময়লা দূর করে দেয়।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৮১০)

৬. রিজিকের জন্য দোয়া করা

শুধু বসে থাকলে রিজিক আসে না; হালাল পন্থায় চেষ্টা-সাধনার পাশাপাশি মহান আল্লাহর কাছে রিজিক ও বরকতের জন্য দোয়া করতে হয়।

নবীজি ফজরের নামাজের পর এই দোয়া করতেন, ‘হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করছি।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৯২৫)

আরও পড়ুন
যে নেয়ামত পাওয়া গেছে, তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলে তিনি সেই নেয়ামত আরও বাড়িয়ে দেন। 

৭. সময়মতো নামাজ আদায়

সময়মতো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিকে বরকত আসে। নামাজের ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা-বাণিজ্য করতে হবে; কাজের ফাঁকে ফাঁকে নামাজ নয়।

আল্লাহ বলেন, ‘আপনি পরিবার-পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার ওপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না। আমিই আপনাকে রিজিক দিই। আর মুত্তাকিদের জন্যই শুভ পরিণাম।’ (সুরা তাহা, আয়াত: ১৩২)

৮. পবিত্র জীবনের উদ্দেশ্যে বিয়ে

মহান আল্লাহ বলেছেন, ‘তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ, তাদের বিয়ে করিয়ে দাও। তারা যদি নিঃস্ব হয়, আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন। কারণ আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।’ (সুরা নুর, আয়াত: ৩২)

রাসুল (সা.) বলেছেন, ‘তিন শ্রেণির মানুষকে সাহায্য করাকে মহান আল্লাহ নিজ দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছেন। তাঁদের অন্যতম হলেন বিয়ে করতে আগ্রহী সেই ব্যক্তি, যিনি বিয়ে করে পবিত্র জীবনযাপন করতে ইচ্ছুক।’ (সুনানে তিরমিজি, হাদিস: ১৬৫৫)

৯. শুকরিয়া আদায় করা

যে নেয়ামত পাওয়া গেছে, তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলে তিনি সেই নেয়ামত আরও বাড়িয়ে দেন। 

আল্লাহ ঘোষণা দিয়েছেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব; আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তবে নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠিন।’ (সুরা ইবরাহিম, আয়াত: ৭)

রিজিক বাড়ানোর আসল চাবিকাঠি হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করা এবং তাঁর বিধান মেনে চলা। তাকওয়া, শুকরিয়া, সদকা, ইস্তিগফার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও হালাল পরিশ্রম—এই আমলগুলো একসঙ্গে পালন করলে জীবনে রিজিকের প্রশস্ততা, বরকত ও প্রশান্তি বহুগুণ বেড়ে যায়।

  • সাকী মাহবুব: সহকারী শিক্ষক, নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়, রাজবাড়ী

আরও পড়ুন