সুরা ফাতেহার গঠন-রহস্য: সাত আয়াতের সুষম বৃত্ত

ছবি: পেক্সেলস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নামাজে সুরা ফাতেহা পড়ার সময় আমরা অনেকেই খেয়াল করি না, প্রতিটি আয়াতের একটি জবাব আছে।

মহানবী (সা.) বলেছেন, আল্লাহ বলেন, ‘আমি নামাজকে আমার ও আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি, আর আমার বান্দা যা চাইবে, সে তা-ই পাবে।

বান্দা যখন বলে “আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন”, আল্লাহ বলেন, “আমার বান্দা আমার প্রশংসা করেছে।” যখন বলে “আর-রাহমানির রাহিম”, আল্লাহ বলেন, “আমার বান্দা আমার গুণগান করেছে।”

যখন বলে “মালিকি ইয়াওমিদ্দিন”, আল্লাহ বলেন, “আমার বান্দা আমার মহিমা বর্ণনা করেছে।” যখন বলে “ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাসতাইন”, আল্লাহ বলেন, “এটি আমার ও আমার বান্দার মধ্যে, আর আমার বান্দা যা চাইবে, সে তা-ই পাবে।”

আর যখন বলে “ইহদিনাস সিরাতাল মুস্তাকিম...” থেকে শেষ পর্যন্ত, আল্লাহ বলেন, “এটি আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা চাইবে, সে তা-ই পাবে।”’ (সহিহ মুসলিম, হাদিস: ৩৯৫)

এই হাদিসই সুরার নকশার প্রথম আভাস। তিনটি আয়াত আল্লাহর, মাঝের একটি আয়াত আল্লাহ ও বান্দা দুজনের, আর শেষ তিনটি বান্দার।

নামাজে এই সুরা পড়া ফরজ। নবীজি বলেছেন, ‘যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না, তার নামাজ হয় না।’ (সহিহ বুখারি, হাদিস: ৭৫৬)

তাই সুরাটি মুসলিমের জীবনে সবচেয়ে বেশি পঠিত অংশ। কিন্তু এর ভেতরের সুনিপুণ গঠন নিয়ে আমরা কমই ভাবি।

কোরআন কি ‘এলোমেলো’

কোরআন পড়তে গিয়ে একজন সাধারণ পাঠকের মনে একটি প্রশ্ন জাগতে পারে, একই সুরায় কেন বিশ্বাস, বিধান আর ইতিহাস একসঙ্গে এসে যায়? পশ্চিমা সমালোচকদের অনেকে এ নিয়ে কঠোর মন্তব্য করেছেন। কোরআনকে ‘ক্লান্তিকর, বিভ্রান্তিকর জট’ বলেছিলেন, কেউ সুরার ভেতরের সংযোগ নিয়ে সন্দিহান ছিলেন।

কিন্তু গত কয়েক দশকে বিপরীত ধারার গবেষণাও বেড়েছে। ভারতীয় উপমহাদেশে হামিদুদ্দিন ফারাহি ও আমিন আহসান ইসলাহি কোরআনের সুরাগুলোর অন্তর্গত সংযোগ ও বিন্যাস নিয়ে কাজ করেছেন।

পশ্চিমে মিশেল কুইপার্স ও র‍্যামন্ড ফারিন দেখাতে চেয়েছেন, সুরাগুলোতে ‘রিং কম্পোজিশন’ বা বৃত্তাকার বিন্যাস কাজ করে। (মিশেল কুইপার্স, দ্য কম্পোজিশন অব দ্য কুরআন: রেটোরিক্যাল অ্যানালিসিস, ব্লুমসবারি, ২০১৫; র‍্যামন্ড ফারিন, স্ট্রাকচার অ্যান্ড কুরআনিক ইন্টারপ্রিটেশন, হোয়াইট ক্লাউড প্রেস, ২০১৪)

রিং কম্পোজিশন প্রাচীন সেমিটিক ও আরবি সাহিত্যে পরিচিত এক কাঠামো। এতে কোনো রচনার শুরু ও শেষ একে অপরকে প্রতিধ্বনিত করে, আর মূল বক্তব্যটি থাকে একেবারে মাঝখানে। (মেরি ডগলাস, থিংকিং ইন সার্কলস: অ্যান এসে অন রিং কম্পোজিশন, ইয়েল ইউনিভার্সিটি প্রেস, ২০০৭)

সুরা ফাতেহার ক্ষেত্রে এই বিশ্লেষণের গোড়ায় রয়েছে মুস্তানসির মিরের ১৯৯৯ সালের একটি গবেষণাপত্র। (মুস্তানসির মির, “কনট্রাপুন্তাল হারমনি ইন দ্য থট, মুড অ্যান্ড স্ট্রাকচার অব সুরাহ ফাতিহা”, রেনেসাঁস, খণ্ড ৯, ১৯৯৯)।

ফারিন তাঁর বইয়েও সুরাটির প্রতিসম গঠন আলোচনা করেছেন।

প্রথম অংশ ‘তোমারই ইবাদত’ পেছনের তিন আয়াতের দিকে ফিরে তাকায়, যেখানে আল্লাহর প্রশংসা। দ্বিতীয় অংশ ‘তোমারই সাহায্য’ সামনের তিন আয়াতের দিকে এগিয়ে যায়, যেখানে বান্দা পথ দেখানোর আবেদন করছে।
আরও পড়ুন

তিন পর্বের বৃত্ত

সুরাটিকে এভাবে সাজানো যায়:

  • প্রথম পর্ব (আয়াত ১-৩): যাঁর ইবাদত করা হয়, তাঁর পরিচয় ও প্রশংসা।

  • মধ্য পর্ব (আয়াত ৪): ইবাদত ও সাহায্যের অঙ্গীকার।

  • শেষ পর্ব (আয়াত ৫-৭): হেদায়েতের প্রার্থনা।

মাঝের আয়াতটি এই কাঠামোর কেন্দ্র, ‘আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই কাছে সাহায্য চাই।’ (সুরা ফাতেহা, আয়াত: ৪)

আয়াতের প্রথম অংশ ‘তোমারই ইবাদত’ পেছনের তিন আয়াতের দিকে ফিরে তাকায়, যেখানে আল্লাহর প্রশংসা। দ্বিতীয় অংশ ‘তোমারই সাহায্য’ সামনের তিন আয়াতের দিকে এগিয়ে যায়, যেখানে বান্দা পথ দেখানোর আবেদন করছে।

প্রথম বৃত্ত: মহিমার দুই প্রান্তে দয়া

প্রথম তিন আয়াতে চারটি গুণের উল্লেখ আছে, আর সেগুলো আয়নার মতো মুখোমুখি সাজানো:

১. ‘সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর।’ (সুরা ফাতেহা, আয়াত: ১)
২. ‘যিনি পরম করুণাময়,’ (সুরা ফাতেহা, আয়াত: ২)
৩. ‘অতি দয়ালু।’ (সুরা ফাতেহা, আয়াত: ২)
৪. ‘বিচার দিনের মালিক।’ (সুরা ফাতেহা, আয়াত: ৩)

প্রথম ও শেষ গুণে আল্লাহর প্রতিপালকত্ব ও কর্তৃত্ব, মাঝের দুটিতে রহমত। শুরুর ‘প্রতিপালক’ আর শেষের ‘মালিক’ পাশাপাশি রাখলে একদিকে এ জগতে লালন, অন্যদিকে বিচারের দিনে কর্তৃত্ব। আর এ দুইয়ের ঠিক মাঝখানে রাখা হয়েছে রহমত।

ইমাম ফখরুদ্দিন রাজি সুরার তাফসিরে এই গঠনের মর্ম খুঁজে পেয়েছেন। তিনি লিখেছেন, ‘রাহমান-রাহিম’ বিসমিল্লাহ ও সুরায় দুবার এসেছে, যা প্রমাণ করে অন্য সব গুণের চেয়ে রহমতের প্রতি বেশি গুরুত্ব। তবু এর পরই এসেছে ‘মালিকি ইয়াওমিদ্দিন’, যাতে মানুষ কেবল রহমতের ভরসায় গাফেল না হয়ে যায়। (আর-রাজি, মাফাতিহুল গাইব, সুরা ফাতেহার তাফসির)

দ্বিতীয় বৃত্ত: পথ আর তার বিপরীত

শেষ তিন আয়াতেও একই ধরনের প্রতিসম বিন্যাস:

১. ‘আমাদের সরল পথ দেখাও।’ (সুরা ফাতেহা, আয়াত: ৫)
২. ‘তাদের পথ, যাদের তুমি অনুগ্রহ করেছ।’ (সুরা ফাতেহা, আয়াত: ৬)
৩. ‘তাদের পথ নয়, যারা গজবপ্রাপ্ত,’ (সুরা ফাতেহা, আয়াত: ৭)
৪. ‘আর যারা পথভ্রষ্ট, তাদেরও নয়।’ (সুরা ফাতেহা, আয়াত: ৭)

বাইরের দুই প্রান্তে হেদায়েত আর তার বিপরীত পথভ্রষ্টতা। ভেতরের দুই প্রান্তে অনুগ্রহ আর তার বিপরীত গজব।

এ বিন্যাসের সূক্ষ্ম একটি দিক আরবি বাক্যগঠনে ধরা পড়ে। ‘আনআমতা আলাইহিম’ (তুমি অনুগ্রহ করেছ) কথাটি সরাসরি আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়েছে। কিন্তু ‘গজব’ এসেছে কর্মবাচ্যে, ‘আল-মাগদুবি আলাইহিম’ (যাদের ওপর গজব নাজিল হয়েছে), কে গজব দিয়েছেন তা উল্লেখ না করে। 

তাফসিরকারেরা এটিকে আদবের শিক্ষা বলেছেন, কল্যাণ আল্লাহর দিকে সম্বন্ধ করা হয়, মন্দ নয়। (ইবনু জুজাই, আত-তাসহিল, সুরা ফাতেহার ৭ নম্বর আয়াতের তাফসির; সিদ্দিক হাসান খান কান্নুজি, ফাতহুল বায়ান, সুরা ফাতেহার ৭ নম্বর আয়াত)

কোরআনের আরেক জায়গায় নবী ইব্রাহিমের মুখেও একই আদবের প্রকাশ দেখা যায়, ‘আর যখন আমি অসুস্থ হই, তখন তিনিই আমাকে আরোগ্য দেন।’ (সুরা শুআরা, আয়াত: ৮০)

অসুস্থতার কথা বলতে গিয়ে তিনি রোগের উৎস আল্লাহকে বলেননি, আরোগ্যের উৎস বলেছেন।

আরও পড়ুন
সুরা ফাতেহার মতো ছোট সুরায় দেখায়, একজন বিশ্বাসী মুসলিম এই সুষমাকে কোরআনের খোদায়ি উৎসের আরেকটি নিদর্শন হিসেবে দেখেন বটে, কিন্তু যিনি বিশ্বাস করেন না, তিনিও অন্তত স্বীকার করবেন, কোরআনকে ‘বিক্ষিপ্ত’ বা ‘এলোমেলো’ বলাটা মোটেও যুক্তিসঙ্গত নয়।

আল্লাহর অংশ, বান্দার অংশ

এবার শুরুর হাদিসের কাছে ফেরা যাক। সেখানে আল্লাহ প্রতিটি অংশের জবাব ঠিক করে দিয়েছেন: প্রথম তিন আয়াত তাঁর প্রশংসা, মাঝের আয়াত দুজনের, আর শেষের আয়াতগুলো বান্দার প্রয়োজন। সুরার নকশা এই বিভাজনের সঙ্গে হুবহু মিলে যায়।

ইমাম ইবনে কাসির বলেন, ‘ইয়্যাকা নাবুদু’ ও ‘ইয়্যাকা নাসতাইন’ মিলে ধর্মের সমস্ত মর্ম ধরে রেখেছে। আগের অংশ শিরক থেকে মুক্তি, পরের অংশ নিজের সামর্থ্যের ওপর ভরসা ছেড়ে আল্লাহর ওপর নির্ভরতা। (ইবনে কাসির, তাফসিরুল কুরআনিল আজিম, সুরা ফাতেহার ৫ নম্বর আয়াত)

ব্যাকরণেও একই ভারসাম্য

আরবি ব্যাকরণে বাক্য দুই ধরনের: ‘জুমলা ইসমিয়া’ (বিশেষ্য দিয়ে শুরু) ও ‘জুমলা ফেলিয়া’ (ক্রিয়া দিয়ে শুরু)। সুরা ফাতেহার প্রথম তিন আয়াত পুরোটাই একটি বিশেষ্যভিত্তিক বাক্য, আর ৫ থেকে ৭ নম্বর আয়াত ক্রিয়াভিত্তিক, কারণ ‘ইহদিনা’ (আমাদের পথ দেখাও) একটি ক্রিয়া।

মুস্তানসির মির দেখিয়েছেন, বিশেষ্যভিত্তিক বাক্য স্থায়িত্ব বোঝায় (আরবিতে ‘দাওয়াম’), আর ক্রিয়াভিত্তিক বাক্য ঘটনা ও পরিবর্তন বোঝায় (‘হুদুস’)। তাই যিনি চিরন্তন, তাঁর বর্ণনা বিশেষ্যে। আর যে মানুষ সময়ের ভেতরে চলে, নির্ভর করে, চায়, তার প্রার্থনা ক্রিয়ায়। (মুস্তানসির মীর, প্রাগুক্ত)

মাঝের আয়াতটি এ দুইয়ের সেতু। ‘ইয়্যাকা নাবুদু’ শুরু হয়েছে বিশেষ্যসম সর্বনাম ‘ইয়্যাকা’ (তোমাকে) দিয়ে, আর শেষ হয়েছে ক্রিয়া ‘নাবুদু’ (আমরা ইবাদত করি) দিয়ে। মির একে বলেছেন ‘জুমলাতুন জাতু ওয়াজহাইন’, অর্থাৎ দুমুখো বাক্য। তাই এ আয়াতে দুই ব্যাকরণের মিলন।

কিন্তু ‘ইয়্যাকা’কে আগে আনার আরও গভীর অর্থ আছে। সাধারণ নিয়মে ক্রিয়া আগে আসে, কর্ম পরে, যেমন ‘আমরা তোমার ইবাদত করি’। এখানে কর্মকে আগে আনার ফলে অর্থ দাঁড়িয়েছে ‘শুধু তোমারই, আর কারও নয়’।

ইমাম জামাখশারি তাঁর আল-কাশশাফ গ্রন্থে ও ইমাম রাজি মাফাতিহুল গাইব গ্রন্থে লিখেছেন, কর্মকে এভাবে এগিয়ে আনা বিশেষত্ব বোঝানোর জন্য।

শেষ কথা

রিং কম্পোজিশনের এই বিশ্লেষণ নিয়ে একাডেমিক জগতে আপত্তিও আছে। কেউ কেউ বলেছেন, তাঁরা পুরো কোরআন জুড়ে ব্যাপকভাবে রিং-কাঠামো দাবি করে একটু বাড়াবাড়ি করেছেন।

তবে সুরা ফাতেহার মতো ছোট সুরায় দেখায়, একজন বিশ্বাসী মুসলিম এই সুষমাকে কোরআনের খোদায়ি উৎসের আরেকটি নিদর্শন হিসেবে দেখেন বটে, কিন্তু যিনি বিশ্বাস করেন না, তিনিও অন্তত স্বীকার করবেন, কোরআনকে ‘বিক্ষিপ্ত’ বা ‘এলোমেলো’ বলাটা মোটেও যুক্তিসঙ্গত নয়।

সাত আয়াতের এই ছোট্ট সুরায় প্রশংসা, দয়া, ইবাদত, ভরসা আর পথের সন্ধান একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে একটি বৃত্ত রচনা করেছে, আর তার ঠিক মাঝখানে রাখা হয়েছে সেই অঙ্গীকার, যা আমরা দিনে অন্তত সতেরো বার উচ্চারণ করি: ‘শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই কাছে সাহায্য চাই।’

আরও পড়ুন