৬১ হিজরির মহররমে ফোরাত নদীর তীরে ঘটে যাওয়া কারবালার ঘটনা নিশ্চয় দুটি রাজনৈতিক পক্ষের সংঘর্ষ ছিল। তবে দর্শন ও মনস্তত্ত্বের দৃষ্টিতে দেখলে, এটি হলো ক্ষমতার চরম ভারসাম্যহীনতার মুখে দাঁড়িয়ে বিবেক ও নৈতিকতার পক্ষে একটি আপসহীন অবস্থানের দলিল।
যখন একটি পুরো সমাজ ভয়, সুবিধাবাদ বা উদাসীনতায় ঢাকা পড়ে যায়, তখন একজন মানুষ কীভাবে সব চাপকে উপেক্ষা করে ‘না’ বলতে পারেন—ইমাম হোসাইন (রা.)-এর চরিত্র তারই এক দৃষ্টান্ত।
আপসের মনস্তত্ত্ব ও নৈতিক সাহস
যেকোনো অন্যায্য ব্যবস্থা টিকে থাকে মানুষের নীরব সম্মতির ওপর ভর করে। ইয়াজিদের ক্ষমতারোহণের সময় অধিকাংশ মানুষ নিরাপত্তার স্বার্থে বা বৈষয়িক কারণে চুপ ছিল।
মনস্তত্ত্বে এই ঘটনাকে বলা হয় ‘কনফর্মিটি’ বা সামাজিক সম্মতির চাপ—যেখানে ব্যক্তি নিজের বিবেকের বিরুদ্ধে গিয়েও সংখ্যাগরিষ্ঠের অবস্থানকে মেনে নেয়।
ইমাম হোসাইন (রা.) এই সম্মিলিত নীরবতাকে ভাঙার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন এর মূল্য কী হতে পারে। কিন্তু নৈতিকতার প্রশ্নে তিনি কোনো সুবিধাবাদী সমীকরণ করেননি।
যেকোনো অন্যায্য ব্যবস্থা টিকে থাকে মানুষের নীরব সম্মতির ওপর ভর করে। ইয়াজিদের ক্ষমতারোহণের সময় অধিকাংশ মানুষ নিরাপত্তার স্বার্থে বা বৈষয়িক কারণে চুপ ছিল।
পবিত্র কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করতে এবং জেনেবুঝে সত্য গোপন করতে। (সুরা বাকারাহ, আয়াত: ৪২)
ক্ষমতার ভয়কে জয় করে দাঁড়িয়ে থাকার এই ক্ষমতাকে মনস্তত্ত্বের ভাষায় বলে ‘মরাল কারেজ’ বা নৈতিক সাহস।
শক্তির মুখে আত্মত্যাগের দর্শন
কারবালার একটি বড় মনস্তাত্ত্বিক দিক হলো এর চরম অসমতা। একদিকে ইয়াজিদ বাহিনীর বিশাল সেনাদল, অন্যদিকে মাত্র ৭২ জনের একটি কাফেলা—যার মধ্যে নারী ও শিশুরাও ছিলেন।
সামরিক পরিণতি কী হবে তা ইমাম হোসাইন (রা.)-এর অজানা ছিল না। কিন্তু দর্শনের একটি পুরোনো সত্য হলো, কিছু লড়াই জেতার জন্য নয়—একটি নীতিকে বাঁচিয়ে রাখার জন্য।
মহানবী (সা.) বলেছেন, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সর্বোচ্চ জিহাদের সমতুল্য। (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ৪০১১)
ইমাম হোসাইন (রা.) শুধু মুখের কথায় নয়, নিজের জীবন দিয়ে এর বাস্তব রূপ দিয়ে গেছেন। কারবালার পর উমাইয়াদের সামরিক বিজয় হলেও, আদর্শিক ও নৈতিকভাবে তাদের পরাজয় সুস্পষ্ট হয়ে গিয়েছিল।
সমাজ যদি শাসকের অন্যায়কে নীরবে মেনে নেয়, তবে পুরো সমাজই সেই পাপে অংশীদার হয়।
ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ
শাসকগোষ্ঠী যখন কোনো সমাজে ভয়ের পরিবেশ তৈরি করে, তখন সমাজ স্থবির হয়ে পড়ে। কারবালা সেই ভয়ের দেয়ালের বিরুদ্ধে একটি মনস্তাত্ত্বিক প্রতিরোধ ছিল। ইমাম হোসাইন (রা.) প্রমাণ করে গেছেন যে স্বৈরাচার মানুষের শরীরকে বন্দি করতে পারে, কিন্তু স্বাধীন চেতনাকে নয়।
ইমাম ইবনে তাইমিয়া তাঁর রাজনৈতিক দর্শনে লিখেছেন, সমাজ যদি শাসকের অন্যায়কে নীরবে মেনে নেয়, তবে পুরো সমাজই সেই পাপে অংশীদার হয়। (আস-সিয়াসা আশ-শরিয়্যাহ, ১/৪৫, দারুল কুতুবিল হাদিসিয়্যাহ, কায়রো, ১৯৮৫)
কারবালায় ইমাম হোসাইন (রা.) এবং তাঁর ক্ষুদ্র কাফেলা সেই নীরবতাকে প্রত্যাখ্যান করেছিলেন।
যেকোনো সমাজে যখন কেউ অন্যায়ের মুখে নীরব না থেকে দাঁড়িয়ে যায়, তখন সে আসলে একই নৈতিক সিদ্ধান্তের মুখোমুখি হয়—সুবিধার পথ নাকি বিবেকের পথ।
কারবালা আমাদের মনে করিয়ে দেয়, সংখ্যায় কম বা শক্তিতে দুর্বল হওয়া পরাজয় নয়; অন্যায়ের সামনে নিঃশব্দে মাথা নামিয়ে দেওয়াটাই প্রকৃত পরাজয়। এই মনস্তত্ত্বটি অনুধাবন করায়—যা ইমাম হোসাইন (রা.) আমাদের জন্য রেখে গেছেন।
অন্যায়কে চিনতে পারা ও সাধ্যমতো তার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা অর্জন করাই এই উত্তরাধিকার বহন করার পথ।