মুসলমানদের ওপর নির্যাতন: ২
বনু আদি ইবনে কাব গোত্রের বনু মুয়াম্মিলের এক ক্রীতদাসী মুসলমান হয়েছিল। ওদিক দিয়ে আবু বকর যাচ্ছিলেন। ইসলাম ত্যাগ করার জন্য উমর বিন আল-খাত্তাব শাস্তি দিচ্ছিলেন তাকে। উমর তখন বহু-ঈশ্বরবাদী। মেয়েটাকে মারতে মারতে নিজেই ক্লান্ত হয়ে গেলেন। বললেন, ‘তোমাকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেছি বলে তোমাকে রেহাই দিলাম।’ মেয়েটা বলল, ‘আল্লাহ্ যেন আপনাকে ঠিক এমনি করে শাস্তি দেন।’ আবু বকর তক্ষুনি তাকে কিনে নিয়ে মুক্ত করে দিলেন।
আপন পরিবার সূত্রে আমির ইবনে আবদুল্লাহ্ ইবনে আল-জুবায়ের এবং সেই সূত্রে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ্ ইবনে আল আতিক বলেছেন, আবু কুহাফা তাঁর ছেলে আবু বকরকে বললেন, ‘তুমি দেখছি খালি দুর্বল ক্রীতদাসদের মুক্ত করে যাচ্ছ। মুক্তই যদি করবে, তাহলে শক্ত-সমর্থ লোককে করো না কেন। আপদে-বিপদে তোমাকে রক্ষা করতে পারবে?’
আবু বকর বললেন, ‘আমি যা করছি, তা আল্লাহ্র ওয়াস্তে করছি।’
বলা হয়ে থাকে, এই ঘটনাকে কেন্দ্র করে নিম্নোক্ত আয়াত আল্লাহ্ প্রত্যাদেশ করেছিলেন: ‘কেউ দান করলে, সাবধান হলে, যা ভালো তা গ্রহণ করলে’ এখান থেকে ‘এবং কারও প্রতি অনুগ্রহের প্রতিদান প্রত্যাশায় নয়, কেবল তার মহান প্রভুর সন্তুষ্টি লাভের জন্য সে সন্তোষ লাভ করবেই’ এই পর্যন্ত।
বনু মাখজাম মুসলমান মাতার ইবনে ইয়াসিরকে তার জনক-জননীসহ মক্কার প্রচণ্ড রোদের মধ্যে বাইরে বেঁধে রাখত। আমি শুনেছি, রাসুলে করিম (সা.) একদিন ওদিক দিয়ে যাওয়ার সময় তা দেখে বললেন, ‘সবর করো হে ইয়াসিরের পরিবারবর্গ, তোমাদের সবার সাক্ষাতের স্থান হবে বেহেশত।’ ওরা তার মাকে হত্যা করল, কারণ সে ইসলাম বর্জন করতে রাজি হয়নি।
ভয়ানক বদ ছিল আবু জেহেল। মুসলমানদের বিরুদ্ধে সে-ই মক্কাবাসীকে খেপিয়ে তুলল। কেউ মুসলমান হয়েছে শুনলেই সে তার কাছে ছুটে যেত। যদি দেখত সে লোক সমাজের কেউকেটা কেউ, তাকে রক্ষা করার জন্য আত্মীয়স্বজন আছে, তখন তাকে গালিগালাজ করত সে, তাকে বিদ্রূপ করত। বলত, ‘বাপ-মার ধর্ম ত্যাগ করলে, তোমার বাপ-মা তোমার চেয়ে ভালো মানুষ ছিল তো। সবখানে আমরা প্রচার করে দেব—তুমি এক গাদ্দার, তুমি এক বুদ্ধু, তোমার সুনাম মিসমার করে দেব।’ মুসলমান হওয়া লোক ব্যবসায়ী হলে বলত, ‘তোমার কাছ থেকে কেনাকাটা বয়কট করব আমরা, তোমাকে ফকির বানিয়ে ছাড়ব।’ আর যদি ধর্মান্তরিত লোক সাধারণ কেউ হতো, হতো সহায়-সম্বলহীন, তাহলে তাকে নিজে মারত, তাকে মারার জন্য অন্যকে ডাকত।
অনুবাদ: শহীদ আখন্দ
প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত ‘সিরাতে রাসুলুল্লাহ (সা.)’ বই থেকে