সাংস্কৃতিক সংলাপের ইসলামি ইতিহাস

‘ডায়ালগ অব সিভিলাইজেশন’ বা সভ্যতার সংলাপ হলো এমন একটি ধারণা যেখানে ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক ঘৃণা বা শ্রেষ্ঠত্ব জাহির করার পরিবর্তে সম্মান, সহনশীলতা ও মিথস্ক্রিয়ার মাধ্যমে একে অপরের কাছাকাছি আসে।

এককথায়, জ্ঞানের আদান-প্রদান এবং একে অপরের জীবনদর্শন ও অভিজ্ঞতা থেকে শেখার একটি নিরন্তর প্রক্রিয়া-ই সাংস্কৃতিক সংলাপ। ইতিহাস সাক্ষী যে ইসলামি সভ্যতা কখনোই অন্য সভ্যতাকে পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করেনি। বরং গ্রিক দর্শন, পারস্যের প্রশাসনিক দক্ষতা কিংবা ভারতীয় গণিতকে পরম শ্রদ্ধায় গ্রহণ করে তাকে আরও সমৃদ্ধ করেছে।

এই সংলাপই মূলত মানবজাতিকে অন্ধকারের যুগ থেকে বের করে আধুনিক বিজ্ঞানের আলোয় নিয়ে এসেছে।

ইসলামি সভ্যতা তার প্রায় ১৫০০ বছরের ঐতিহাসিক বিবর্তনের বিভিন্ন পর্যায়ে মুসলমান এবং অন্যান্য ধর্ম ও সভ্যতার অনুসারীদের মধ্যে সংলাপের বহু উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই অমুসলিমদের মধ্যে যেমন মুসলিম ভূখণ্ডের অধিবাসীরা ছিল, তেমনি ছিল বহির্বিশ্বের মানুষ।

তাদের অনেকের সঙ্গে মুসলমানদের সম্পর্ক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, আবার কারও সঙ্গে ছিল শত্রুতা বা সংঘাত। এই সমস্ত পরিস্থিতির মধ্যেই সাংস্কৃতিক সংলাপের বেশ কিছু রূপ পরিলক্ষিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো— 

১. মুসলিম শাসক ও অন্যান্য জাতির শাসকদের মধ্যে পত্রবিনিময় ও দূত আদান-প্রদানের মাধ্যমে সংলাপ।

২. জ্ঞানতাত্ত্বিক মজলিসগুলোতে আলেম ও পণ্ডিতদের পর্যায়ের সংলাপ।

৩. বিভিন্ন দার্শনিক মতাদর্শের মধ্যে সংলাপ।

৪. ইসলামি রাষ্ট্রে বা অন্য রাষ্ট্রে বসবাসরত বিভিন্ন সংস্কৃতির মানুষের প্রাত্যহিক জীবনের মিথস্ক্রিয়া।

আল্লাহ–তাআলা মুসলিম উম্মাহর অবস্থান, বার্তা ও দায়িত্ব এমনভাবে বর্ণনা করেছেন যাতে তারা ভারসাম্য, সহনশীলতা, চিন্তার স্বাধীনতা এবং সত্যের পক্ষাবলম্বনের ক্ষেত্রে অন্যান্য জাতির জন্য আদর্শ হতে পারে। 

পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘এভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী জাতি (উম্মাতে ওয়াসাত) বানিয়েছি, যাতে তোমরা মানুষের ওপর সাক্ষী হও এবং রাসূল তোমাদের ওপর সাক্ষী হন।’ (সুরা বাকারা, আয়াত: ১৪৩) 

এই মধ্যপন্থী অবস্থানের কারণেই মুসলমানরা অন্য জাতির সঙ্গে চরমপন্থা বা অন্ধত্বের শিকার না হয়ে সংলাপে এগিয়ে গেছে। সংলাপে বসার উদ্দেশ্য ছিল অন্যের অভিজ্ঞতা ও মানব কল্যাণে তাদের উপকারী অর্জনগুলো থেকে উপকৃত হওয়া।

এভাবেই আমি তোমাদের এক মধ্যপন্থী জাতি বানিয়েছি, যাতে তোমরা মানুষের ওপর সাক্ষী হও এবং রাসূল তোমাদের ওপর সাক্ষী হন।
কোরআন, সুরা বাকারা, আয়াত: ১৪৩
আরও পড়ুন

ইসলামি সভ্যতা ও প্রাচীন সভ্যতাসমূহ

ইসলামের দাওয়াত প্রাচীন বিশ্বের দূর-দূরান্ত পর্যন্ত পৌঁছেছিল; পশ্চিমে আন্দালুস (স্পেন) থেকে পূর্বে চীনের সীমান্ত পর্যন্ত। এসব অঞ্চলে প্রাচীন সভ্যতা, ভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষ বাস করত। তাদের বড় একটি অংশ ইসলাম গ্রহণ করে ইসলামি সভ্যতার অংশ হয়ে যায়, আবার অনেকে নিজ ধর্মে অটল থাকে।

মুসলমানরা কাউকে জোর করে ইসলামে আনেনি বা সংস্কৃতি ছাড়তে বাধ্য করেনি। বরং তারা প্রাচীন সভ্যতার নিদর্শন ও ঐতিহ্য রক্ষা করেছে এবং তা থেকে শিক্ষণীয় ও উপকারী বিষয়গুলো নিজেদের বিবর্তনে গ্রহণ করেছে।

পারস্য সভ্যতা

ইসলামের আগে আরব ও পারস্যের সম্পর্ক কখনও ভালো আবার কখনও মন্দ ছিল। ইসলাম গ্রহণের পর এই পরিস্থিতি বদলে যায়। ইরানিরা ইসলাম গ্রহণ করেছিল কারণ ইসলাম তাদের সম্মান ও ন্যায়বিচার দিয়েছিল। 

আরবি ভাষা ও সাহিত্যে পারস্যের পণ্ডিতরা; যেমন: ইমাম আবু হানিফা, সিবওয়াইহ, ইবনুল মুকাফফা প্রমুখ অভাবনীয় অবদান রাখেন। অন্যদিকে আরবরা পারস্যের প্রশাসনিক পদ্ধতি, যেমন: দেওয়ান ব্যবস্থা ইত্যাদি গ্রহণ করে। এই মিথস্ক্রিয়া প্রমাণ করে যে, সভ্যতাগুলোর মধ্যে সংঘাত নয়, বরং সমন্বয় সম্ভব।

প্রাচীন গ্রিক সভ্যতা

গ্রিক সভ্যতা বিজ্ঞান, দর্শন ও সাহিত্যে সমৃদ্ধ ছিল। মুসলমানরা গ্রিক জ্ঞানভাণ্ডার ধ্বংস না করে তা সংরক্ষণ করেছে। খলিফা মামুনুর রশিদের সময় ‘বাইতুল হিকমাহ’ প্রতিষ্ঠার মাধ্যমে গ্রিক দর্শনের বিশাল অংশ আরবিতে অনূদিত হয়।

আল-ফারাবি, ইবনে সিনা ও ইবনে রুশদ গ্রিক দর্শন পড়ে তাতে নতুন মাত্রা যোগ করেন। পরবর্তীকালে মুসলিম পণ্ডিতদের মাধ্যমে এই জ্ঞান ইউরোপে পৌঁছায়। মুসলমানরা যদি এই সংরক্ষণের কাজটি না করত, তবে গ্রিক সভ্যতার বহু অমূল্য সম্পদ হারিয়ে যেত।

আরও পড়ুন
ইতিহাস প্রমাণ করে যে, ধর্ম, বর্ণ বা ভাষার পার্থক্য সংঘাতের মূল কারণ নয়। বরং পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায়বিচার থাকলে এগুলো মানব কল্যাণের সহায়ক হতে পারে।

মধ্যযুগের সভ্যতাগুলোর সঙ্গে সংলাপ

মধ্যযুগের শুরুতে রোমান সভ্যতা এবং খ্রিষ্টধর্ম দুই ভাগে বিভক্ত ছিল— ১. ক্যাথলিক (পশ্চিম) ও ২. অর্থোডক্স (পূর্ব)। এই দুই ধারার সঙ্গেই ইসলামি সভ্যতার ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক স্তরে গভীর যোগাযোগ ছিল।

পূর্ব রোমান ও ইসলাম: দীর্ঘ যুদ্ধ বিগ্রহ সত্ত্বেও তাদের মধ্যে সাংস্কৃতিক সংযোগ বিচ্ছিন্ন হয়নি। চতুর্থ হিজরিতে বাগদাদের খলিফার দরবারে কনস্টান্টিনোপলের দূতের রাজকীয় অভ্যর্থনা এবং মুসলিম পণ্ডিতদের গ্রিক সম্রাটদের দরবারে বিতর্ক ও সংলাপে অংশগ্রহণ এর বড় প্রমাণ।

আন্দালুস ও ইউরোপ: স্পেনে মুসলিম শাসনামল ছিল ধর্মীয় সহনশীলতার স্বর্ণযুগ। সেখানে ইহুদি ও খ্রিষ্টানরা পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করত। মুসলিম পণ্ডিতদের বৈজ্ঞানিক ও দার্শনিক কাজ থেকেই আধুনিক ইউরোপের রেনেসাঁর ভিত্তি তৈরি হয়েছিল।

ইসলামি সভ্যতা ও আধুনিক সভ্যতা

সাংস্কৃতিক সংলাপ ইসলামের মৌলিক নীতির অংশ। ফরাসি লেখক গুস্তাভ লি বন এবং সৈয়দ আমির আলীর মতে, ইসলাম যে ভূখণ্ডেই পৌঁছেছে, সেখানে সভ্যতা ও নৈতিকতার বিকাশ ঘটিয়েছে। বর্তমানেও বিপুল সংখ্যক শিক্ষিত মানুষ ও বিজ্ঞানী ইসলাম গ্রহণ করছেন, কারণ ইসলাম আধুনিক বস্তুগত সভ্যতার সংকট থেকে মুক্তির পথ দেখায়।

ফরাসি প্রাচ্যবিদ ভিক্টর ডোরি লিখেছেন, যখন ইউরোপ অন্ধকারের অতল গহ্বরে ছিল, তখন বাগদাদ, কর্ডোভা ও দামেস্ক ছিল জ্ঞান-বিজ্ঞানের আলোকবর্তিকা।

সংলাপের পুনর্জাগরণের প্রয়োজনীয়তা

ইতিহাস প্রমাণ করে যে, ধর্ম, বর্ণ বা ভাষার পার্থক্য সংঘাতের মূল কারণ নয়। বরং পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায়বিচার থাকলে এগুলো মানব কল্যাণের সহায়ক হতে পারে। যারা শক্তির দম্ভে সভ্যতা গড়তে চেয়েছে; যেমন: মিসরের ফারাও, নাৎসি বা সোভিয়েত ইউনিয়ন, তারা ধ্বংস হয়ে গেছে।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ‘সভ্যতার সংঘাত’-এর যে তত্ত্ব দেওয়া হয়, তা মূলত একটি ভ্রান্ত ও সংকীর্ণ বস্তুগত চিন্তা। ইসলামি সভ্যতা তার শতাব্দী প্রাচীন ঐতিহ্য ও মহানবী (সা.)-এর সর্বজনীন বার্তার মাধ্যমে আজও বিশ্বকে শান্তির পথ দেখাতে পারে। টলস্টয় বা কার্লাইলের মতো মনীষীরাও স্বীকার করেছেন যে, মুহাম্মদ (সা.)-এর শিক্ষা মানবতাকে রক্তপাত থেকে বাঁচিয়ে প্রগতি ও শান্তির পথ খুলে দিয়েছে।

আরও পড়ুন