পোশাক শুধু শরীর ঢাকার অনুষঙ্গ নয়; এটি মানুষের রুচি, সৌন্দর্য ও ব্যক্তিত্বের আয়না। বর্তমান যুগে নিত্যনতুন ফ্যাশন ও ট্রেন্ডের পেছনে ছুটতে গিয়ে অনেকেই পোশাকের মূল উদ্দেশ্য ভুলে যান।
কিন্তু ইসলাম পোশাককে শুধু বাহ্যিক সৌন্দর্যের মাপকাঠি হিসেবে দেখেনি; বরং এর সঙ্গে জড়িয়ে আছে শালীনতা, পবিত্রতা, আত্মমর্যাদা ও স্রষ্টার প্রতি আনুগত্যের গভীর সম্পর্ক।
একজন মুমিনের পোশাক হওয়া উচিত এমন, যা তার শরীর আবৃত রাখে, ব্যক্তিত্বে মার্জিত ভাব ফুটিয়ে তোলে এবং ইসলামের সৌন্দর্যবোধের প্রতিফলন ঘটায়। পোশাক নির্বাচনের ক্ষেত্রে ইসলাম ৬টি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে:
১. ‘সতর’ আবৃত রাখা ও শালীনতা
পোশাকের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো মানুষের শরীরের সতর বা আবরণীয় অংশ ঢেকে রাখা। নারী-পুরুষ উভয়ের জন্যই ইসলাম নির্ধারিত সতর ঢেকে রাখা ফরজ। তাই পোশাক এমন হওয়া প্রয়োজন, যা শালীনতা বজায় রাখতে সহায়তা করে।
আঁটসাঁট, স্বচ্ছ কিংবা শরীরের গঠন স্পষ্ট করে প্রকাশ করে—এমন পোশাক পরিহার করা মুমিনের বৈশিষ্ট্য।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং সৌন্দর্যস্বরূপ।’ (সুরা আরাফ, আয়াত: ২৬)
২. নারী-পুরুষের স্বাতন্ত্র্য বজায় রাখা
ইসলাম নারী ও পুরুষ উভয়কেই নিজ নিজ স্বাতন্ত্র্য ও শালীনতা বজায় রেখে পোশাক পরিধানের নির্দেশ দিয়েছে। পোশাকের ধরন, সাজসজ্জা ও উপস্থাপনায় এমন কোনো অনুকরণ কাম্য নয়, যা নারী-পুরুষের স্বতন্ত্র পরিচয়কে অস্পষ্ট করে দেয়।
সুন্দর পোশাক পরিধান করা বৈধ। তবে প্রয়োজনের অতিরিক্ত শুধু মানুষের দৃষ্টি আকর্ষণ, সামাজিক মর্যাদা প্রদর্শন কিংবা অন্যের সঙ্গে প্রতিযোগিতার মানসিকতা থেকে পোশাক কেনা অপচয়ের পর্যায়ে পড়ে।
সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, ‘নবীজি নারীদের সাদৃশ্য অবলম্বনকারী পুরুষদের এবং পুরুষদের সাদৃশ্য অবলম্বনকারী নারীদের অভিশাপ দিয়েছেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৮৮৫)
৩. লোকদেখানো মনোভাব পরিহার
পোশাক মানুষের মৌলিক প্রয়োজন। সুন্দর পোশাক পরিধান করাই কাম্য। তবে প্রয়োজনের অতিরিক্ত শুধু মানুষের দৃষ্টি আকর্ষণ, সামাজিক মর্যাদা প্রদর্শন কিংবা অন্যের সঙ্গে প্রতিযোগিতার মানসিকতা থেকে পোশাক কেনা অপচয়ের পর্যায়ে পড়ে।
একজন মুমিনের জীবনযাপনে পরিমিতিবোধ থাকা জরুরি।
পোশাকের পেছনে সামর্থ্যের অপব্যবহার না করে প্রয়োজন ও সামর্থ্যের মধ্যে ভারসাম্য বজায় রাখার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।’ (সুরা আরাফ, আয়াত: ৩১)
৪. পুরুষের জন্য রেশম ও স্বর্ণ বর্জন
পোশাক ও সাজসজ্জার ক্ষেত্রে নারী-পুরুষের জন্য ইসলামে কিছু স্বতন্ত্র বিধান রয়েছে। এর মধ্যে অন্যতম হলো পুরুষের জন্য স্বর্ণ ও প্রকৃত রেশমের পোশাক ব্যবহার নিষিদ্ধ হওয়া। তবে নারীদের জন্য এগুলো ব্যবহারের অনুমতি রয়েছে।
তাই অলংকার কিংবা পোশাক নির্বাচনের সময় পুরুষদের এই বিধানের প্রতি সচেতন থাকা প্রয়োজন।
নবীজি এক হাতে রেশম এবং অন্য হাতে স্বর্ণ নিয়ে বলেন, ‘এই দুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম এবং নারীদের জন্য হালাল।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৫৭; সুনানে নাসায়ি, হাদিস: ৫১৪৪)
নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা।
৫. পরিচ্ছন্নতা ও পবিত্রতা নিশ্চিত করা
পরিচ্ছন্নতা একজন মুমিনের জীবনযাপনের অপরিহার্য অংশ। দামি পোশাক পরার চেয়ে পরিচ্ছন্ন পোশাক পরা ইসলামে বেশি গুরুত্বপূর্ণ। পোশাক পরিষ্কার রাখা শুধু সামাজিক শিষ্টাচার নয়, বরং ধর্মীয় দায়িত্বেরও অংশ।
বিশেষ করে ইবাদত বা নামাজ আদায়ের জন্য পোশাক পবিত্র হওয়া জরুরি।
পবিত্র কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ‘আর তোমার পোশাক পবিত্র রাখো।’ (সুরা মুদ্দাসসির, আয়াত: ৪)
৬. সৌন্দর্য কাম্য, তবে অহংকার নয়
ইসলামে সুন্দর পোশাক পরা কিংবা নিজের সামর্থ্য অনুযায়ী পরিপাটি থাকা নিষিদ্ধ নয়; বরং সৌন্দর্য ও পরিচ্ছন্নতা ইসলামের অত্যন্ত পছন্দনীয় বিষয়। তবে খেয়াল রাখতে হবে, পোশাক যেন অহংকার, আত্মপ্রদর্শন কিংবা অন্যকে ছোট করে দেখার মাধ্যম না হয়ে ওঠে।
নিজের সৌন্দর্য প্রকাশ করতে গিয়ে অন্যের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা ইসলামের শিক্ষা নয়।
হাদিসে এসেছে, এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করলেন, মানুষ সুন্দর পোশাক ও সুন্দর জুতা পরতে পছন্দ করে। এটা কি অহংকার? তিনি বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা।’ (সহিহ মুসলিম, হাদিস: ৯১)
পোশাকের ক্ষেত্রে এই ৬টি বিষয় মাথায় রাখলে তা কেবল শরীর ঢাকার মাধ্যমই থাকে না; বরং এটি পরিণত হয় এক পবিত্র ইবাদত ও মার্জিত ব্যক্তিত্বের প্রতীকে।
রায়হান আল ইমরান : আলেম, লেখক ও গবেষক