আধুনিক ব্যবস্থাপনা বিদ্যায় নেতৃত্বকে নির্দিষ্ট কিছু ছকে ভাগ করা হয়—যেমন মনোনীত নেতা, নির্বাচিত নেতা কিংবা পরিস্থিতির প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে আবির্ভূত হওয়া নেতা। তবে পবিত্র কোরআন মাজিদ নেতৃত্বকে শুধু পদের মোড়কে না দেখে সেই গভীর মানসিক স্তর ও চেতনার ওপর আলোকপাত করে, যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে।
সুরা কাহাফের তিনটি ভিন্ন প্রেক্ষাপট—আসহাবে কাহাফের তরুণ দল, নবী মুসার জ্ঞান অন্বেষণের সফর এবং জুলকারনাইনের বিশ্বাভিযান—আমাদের সামনে নেতৃত্বের তিনটি অনন্য মডেল পেশ করে।
একদল তরুণ রাজকীয় বিলাসিতা ত্যাগ করে ইসলাম রক্ষার জন্য পালিয়ে বেড়াচ্ছিলেন। চরম অস্থিরতার মুহূর্তে তাঁদের মধ্যে একজন ধীরস্থির কণ্ঠে প্রস্তাব দিলেন, “তোমরা গুহায় আশ্রয় নাও।
১. আসহাবে কাহাফের স্বতঃস্ফূর্ত নেতৃত্ব
আসহাবে কাহাফের কাহিনীতে আমরা দেখি এমন এক নেতৃত্ব যা কোনো পদের লোভে নয়, বরং অস্তিত্ব রক্ষার তাগিদে দলের ভেতর থেকেই তৈরি হয়। একদল তরুণ রাজকীয় বিলাসিতা ত্যাগ করে ইসলাম রক্ষার জন্য পালিয়ে বেড়াচ্ছিলেন। চরম অস্থিরতার মুহূর্তে তাঁদের মধ্যে একজন ধীরস্থির কণ্ঠে প্রস্তাব দিলেন, “তোমরা গুহায় আশ্রয় নাও, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তাঁর রহমত বিস্তার করবেন।” (সুরা কাহাফ, আয়াত: ১৬)
এটি শুধু একটি প্রস্তাব ছিল না, বরং এটি ছিল একটি সুদূরপ্রসারী লক্ষ্য, সঠিক আশ্রয় নির্বাচন এবং দলের মানসিক মনোবল ধরে রাখার এক নিপুণ কৌশল। নেতৃত্বের এই মুহূর্তটি আমাদের শেখায় যে, ঘোর সংকটের সময় যে ব্যক্তি সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং দলের ভরসার জায়গা হতে পারে, সেই হলো প্রকৃত নেতা।
পরে দীর্ঘ নিদ্রা শেষে যখন তাঁরা জেগে উঠলেন, তখনও তাঁদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ছিল সুসংগঠিত। রুপালি মুদ্রা দিয়ে একজনকে বাজারে পাঠানো এবং তাঁকে নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়, সে যেন অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করে এবং কাউকে তোমাদের কথা বুঝতে না দেয়।
এটা প্রমাণ করে যে, তাঁরা একটি সুশৃঙ্খল টিম হিসেবে কাজ করছিলেন।
২. খিজিরের শিক্ষণ পদ্ধতি
নবী মুসা ও খিজির (আ.)-এর সফরে আমরা নেতৃত্বের এক ভিন্ন রূপ দেখি, যাকে বলা হয় ‘মারেফাত বা প্রজ্ঞার নেতৃত্ব’। এখানে নেতা শুধু নির্দেশ দেন না, বরং অনুসারীর চিন্তা জগতকে পুনর্গঠন করেন।
খিজির (আ.) শেখার জন্য একটি শর্ত দিয়েছিলেন, “যদি তুমি আমার অনুসরণ করোই, তবে আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করো না, যতক্ষণ না আমি নিজেই তোমাকে সে বিষয়ে কিছু বলি।” (সুরা কাহাফ, আয়াত: ৭০)
যদি তুমি আমার অনুসরণ করোই, তবে আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করো না, যতক্ষণ না আমি নিজেই তোমাকে সে বিষয়ে কিছু বলি।
এই নেতৃত্ব আমাদের শেখায়, গভীর জ্ঞান অর্জনের জন্য ধৈর্য ও সময়ের প্রয়োজন। নেতা এখানে একজন শিক্ষক ও মেন্টর হিসেবে কাজ করেন, যিনি বাহ্যিক রূপের আড়ালে লুকিয়ে থাকা সত্যকে চিনতে শেখান। এটি মূলত এমন এক নেতৃত্ব যা অনুসারীর দৃষ্টি ও অন্তর্দৃষ্টিকে শাণিত করে।
৩. জুলকারনাইনের কর্মমুখী নেতৃত্ব
জুলকারনাইনের কাহিনীতে আমরা দেখি এক বিশাল সাম্রাজ্যের অধিপতির প্রায়োগিক নেতৃত্ব। যখন এক মজলুম সম্প্রদায় ইয়াজুজ-মাজুজের হাত থেকে বাঁচতে তাঁর কাছে প্রাচীর নির্মাণের অনুরোধ করল, তখন তিনি একা কাজ না করে জনবলকে সংগঠিত করলেন এবং একটি কর্মশালা তৈরি করলেন।
কেউ লোহার টুকরো সংগ্রহ করল, কেউ আগুন জ্বালাল, আবার কেউ গলিত তামা সরবরাহ করল।
জুলকারনাইন প্রমাণ করলেন, একজন সফল নেতা শুধু আদেশদাতা নন, বরং তিনি মানুষের সামর্থ্যকে সংগঠিত করতে জানেন। তিনি সাধারণ মানুষের প্রয়োজনকে একটি সুপরিকল্পিত প্রজেক্টে রূপান্তর করেন, যেখানে সবাই অংশীদার হয়। এটি হলো এমন নেতৃত্ব যা মানুষকে পরনির্ভরশীল না বানিয়ে আত্মনির্ভরশীল হতে শেখায়।
নেতৃত্বের সাধারণ বৈশিষ্ট্য
সুরা কাহাফের এই তিনটি মডেল পর্যালোচনা করলে নেতৃত্বের কিছু মৌলিক সূত্র পাওয়া যায়:
সুরা কাহাফ আমাদের শেখায়, নেতৃত্ব কোনো অলঙ্কার নয়, বরং এটি একটি মুহূর্তের সচেতনতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস।
সঠিক সিদ্ধান্ত গ্রহণ: মুহূর্তের প্রয়োজনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
দলগত ঐক্য: দলের সংহতি ও ঐক্যকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়া।
ধৈর্য ও দূরদর্শিতা: ঘটনার গভীরে যাওয়ার জন্য প্রয়োজনীয় ধৈর্য ধারণ করা।
সামর্থ্যের সঠিক ব্যবহার: দলের সদস্য বা জনগণের ভেতর লুকিয়ে থাকা শক্তিকে গঠনমূলক কাজে লাগানো।
সারকথা
সুরা কাহাফ আমাদের শেখায়, নেতৃত্ব কোনো অলঙ্কার নয়, বরং এটি একটি মুহূর্তের সচেতনতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস।
গুহার ভেতরকার আত্মরক্ষা থেকে শুরু করে খিজির (আ.)-এর আধ্যাত্মিক দীক্ষা এবং জুলকারনাইনের প্রাচীর নির্মাণ—সবই আমাদের একথাই বলে যে নেতৃত্বের মূল ভিত্তি হলো ইমান, হেকমত ও কর্মতৎপরতা।
আধুনিক যুগের মোকাবিলায় সুরা কাহাফের এই শিক্ষাগুলো আজও সমান প্রাসঙ্গিক।