পৃথিবীতে মহানবী (সা.)–র অবদান: ২
আবুল হাসান আলি আল হাসানি আন নদভি (৫ ডিসেম্বর ১৯১৩ - ৩১ ডিসেম্বর ১৯৯৯) বিশ শতকের অসামান্য ইসলামি শাস্ত্রজ্ঞ ও মনীষী। তিনি ভারতের উত্তর প্রদেশের লখনৌতে অবস্থিত দারুল উলুম নাদওয়াতুল উলামার মহাপরিচালক, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি, দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সভাপতি, মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলর ও সিন্ডিকেট সদস্য ছিলেন। তার রচনাবলির সংখ্যা পাঁচশরও বেশি। ১৯৮০ সালে তিনি প্রিন্স অব ওয়েলস চার্লস ফিলিপ জর্জের আমন্ত্রণে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করেন এবং প্রথম সভাপতি নির্বাচিত হন। ইসলাম নিয়ে জ্ঞানচর্চার অবদানের কারণে তিনি পেয়েছেন বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার (১৯৮০)।
১৯৮৯ সালের ২২ আগস্ট (বৃহস্পতিবার), অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজ সেমিনার হলে ‘ম্যানকাইন্ড’স ডেট টু দ্য প্রফেট মুহাম্মদ’ শিরোনামে অনন্য একটি বক্তব্য উপস্থাপন করেন। এখানে তার অনুবাদ প্রকাশ করা হলো।
ইসলাম যেভাবে মানবতাকে বাঁচাল
ত্রয়োদশ শতকে সভ্য পৃথিবী ছিল খ্রিষ্টান ও ইসলামের মতো দুটি বিশাল ধর্মে বিভক্ত। হঠাৎ উভয় ধর্ম এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়, যাতে মানবজাতি বিগত শত শত বছর ধরে যা কঠোর পরিশ্রমে অর্জন করেছে, সব অস্তিত্ব সংকটে পড়ে এবং তাদের আরও একবার বর্বরতার পথে ঠেলে দেওয়ার শঙ্কায় ফেলে।
এ পরিস্থিতি তৈরি হয় যাযাবর মঙ্গোল উপজাতীয় নেতা চেঙ্গিস খানের (তেমুচিন) আকস্মিক উত্থানের মধ্য দিয়ে। ৬১৬ হিজরি (১২১৯ খ্রিষ্টাব্দে) চেঙ্গিস খান পশ্চিম ও উত্তরের সভ্য দেশগুলির দিকে মুখ ফেরান এবং আগুন ও তরবারির হামলায় ছারখার করে দেন। মঙ্গোল আগ্রাসনের তীব্রতা সম্পর্কে চেঙ্গিস খানের জীবনীকার হ্যারল্ড ল্যাম্ব লিখেছেন, ‘যেসব শহর তাঁর চলার পথে পড়ত, তার প্রায় সবই বিলুপ্ত হয়ে যেত। নদীরা হারিয়ে ফেলত তাদের গতিপথ, মরুভূমি ভরে যেত পলায়নপর ও মুমূর্ষু মানুষে। তিনি কোনো এলাকা পেরিয়ে গেলে প্রায়শই একসময়ের জনবহুল এলাকাটিতে জীবিত প্রাণী বলতে থাকত নেকড়ে আর দাঁড়কাক।...চেঙ্গিস খানের মৃত্যু–পরবর্তী এক পুরুষ খ্রিষ্টান অধ্যুষিত এলাকা সেই সময়ের কথা ভেবে ভীত হয়ে থাকত, যখন ভয়ঙ্কর মঙ্গোলের ঘোড়সওয়ারগুলি পশ্চিম ইউরোপের ওপর দিয়ে চলাচল করত।
‘আজ পর্যন্ত বিস্তারিত জানতে পারা ঘটনাগুলোর মধ্যে এটাই সবচেয়ে ভয়ঙ্কর, সর্বোচ্চ সীমা পর্যন্ত যাওয়া একমাত্র যুদ্ধ।…দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাত্রা এর কাছাকাছি ছিল বলা যায়। এটি ছিল নিরাবেগে মানুষ হত্যা, কেবল তাদের শেষ করে দেওয়া যার উদ্দেশ্য।
‘কোনো বিপদ তাদের বিচলিত করতে পারেনি, কোনও ঘাঁটি তাদের প্রতিরোধ করতে পারেনি, ক্ষমাভিক্ষার কোনো প্রার্থনা তাদের টলাতে পারেনি।
‘দুই মাসেরও কম সময়ে তাতাররা ইউরোপের এলবে নদীর উৎসমুখ থেকে সমুদ্র পর্যন্ত ছাপিয়ে যায়, পরাস্ত করে তিনটি বিশাল বাহিনী এবং এক ডজন ছোট ছোট সৈন্যদল।
‘সভ্যতার ওপর তার প্রভাব এতটা ধ্বংসাত্মক ছিল যে, অর্ধেক পৃথিবীর কর্মকাণ্ড বলতে গেলে নতুন করে শুরু করতে হয়। ক্যাথে সাম্রাজ্য, প্রিস্টর জন, ব্ল্যাক ক্যাথে, খারেজম এবং তাঁর মৃত্যুর পরে বাগদাদের খিলাফত, রাশিয়া এবং পোল্যান্ডের রাজ্যগুলি সাময়িক বন্ধ হয়ে থাকে।’ (‘চেঙ্গিজ খান’, ১১, ১২, ১৬৬,২০৬, ২১০,২৩১, ২৩৪)
‘মঙ্গোল আগ্রাসনের ভয়াবহতা কাঁপিয়ে তোলে বিশ্বের এমন অনেক দূর প্রান্তে, যেখানে তাদের সশস্ত্র অভিযানের আশা ছিল ক্ষীণ। একজন রুশ পলাতক সুইডেনকে গিয়ে সতর্ক করে। সুদূর বাল্টিক অঞ্চল এবং সমুদ্র–তীরবর্তী রাষ্ট্রগুলি পর্যন্ত তাতারদের আগমনের আশঙ্কায় কেঁপে ওঠে।’ (এডওয়ার্ড গিবন, ‘দ্য ডিকলাইন অ্যান্ড ফল অব দ্য রোমান এম্পায়ার’, ৩/৬৩৪)
মঙ্গোলরা প্রথমে আক্রমণ করে বোখারায়, আর তা ধুলোয় মিশিয়ে দেয়। এরপরে সমরকন্দকে ধ্বংসস্তূপে পরিণত করে এবং এর অধিবাসীদের সমূলে হত্যা করে। তখনকার মুসলিম বিশ্বের অন্যান্য নগর–কেন্দ্রগুলিরও একই পরিণতি হয়।
কিন্তু তারপরে একটি অকল্পনীয় ঘটনা ইতিহাসের গতিপথ পাল্টে দেয়। দুর্দমনীয় মঙ্গোলদের হৃদয়ে, সেই প্রজাদের মনে ইসলাম আসন গেড়ে নেয়। টি ডব্লিউ আরনল্ড লিখেছেন, ‘সব অসুবিধা সত্ত্বেও মঙ্গোল ও বর্বর উপজাতিরা জেগে ওঠার পরে সেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের বিশ্বাস গ্রহণ করেছিল, যাদের তারা একসময় পায়ের নীচে পিষ্ট করেছে।’ (‘দ্য প্রিচিং অব ইসলাম’, ২২৭)
চেঙ্গিস খানের মৃত্যুর পরে তাঁর বিপুল বিজিত অঞ্চলগুলো ছেলের সন্তানদের নেতৃত্বে চারটি আধিপত্যে ভাগ হয়ে যায়। চারটি শাখার মধ্যেই ইসলামের বাণী ছড়িয়ে পড়তে শুরু করে, তারা ধীরে ধীরে দীর্ঘ সময়জুড়ে ইসলামের পথে আসতে থাকে। (লেখকের ‘সেভিয়ার্স অব ইসলামিক স্পিরিট’, ১/২৭৭-৩১১)
নিজেদের বিশ্বাস দিয়ে নিষ্ঠুর তাতারদের হৃদয় জয় করেছে ইসলামের নিবেদিতপ্রাণ বান্দারা, তাদের অল্প কয়েকজনের মাত্র নাম জানা যায়। মুসলমানরা যেভাবে তাদের কথা সবসময় মনে রাখবে, সেভাবে খ্রিষ্টানরাও। বলা যায়, সমস্ত মানবজাতিই মনে রাখবে। কেননা, তারা মঙ্গোলদের ব্যাপক উত্থান থামিয়ে দিয়েছে, জগতকে একটি নৃশংস জাতির বর্বরতা থেকে উদ্ধার করেছে।
ইসলামের এই অর্জন, অর্থাৎ তাতারদের সভ্য মানুষে রূপান্তরিত করা, এটা ব্যাপকভাবে মানবতাকে তো বাঁচিয়েছেই, বিশেষভাবে পশ্চিমাদের রক্ষা করার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে।
তবে তাতাররা ইসলামকে কেবল আপনই করে নেয়নি, বরং তাদের মধ্যে থেকে বেরিয়ে এসেছে উল্লেখযোগ্য সংখ্যায় অসাধারণ পণ্ডিত, লেখক, কবি, রহস্যবিদ ও আল্লাহর পথের যোদ্ধা।
অনুবাদ: মনযূরুল হক
মনযূরুল হক: আলেম ও লেখক