মহান আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা যুগে যুগে নবী-রাসুল থেকে শুরু করে সাধারণ মুমিনদের হৃদয়েও প্রবলভাবে কাজ করেছে।
তবে মাঝেমধ্যেই শোনা যায়, কোনো পীর, দরবেশ কিংবা সাধারণ কেউ দাবি করছেন—তিনি স্বপ্নে কিংবা জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখেছেন।
ইসলাম ও আকিদার মানদণ্ডে স্বপ্নে বা জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখার এমন দাবি কতটা সত্য ও গ্রহণযোগ্য?
স্বপ্নে আল্লাহকে দেখা কি সম্ভব
জাগ্রত অবস্থায় চর্মচক্ষুতে আল্লাহকে দেখা অসম্ভব হলেও ঘুমের মধ্যে স্বপ্নে আল্লাহকে দেখার বিষয়ে আলেমদের মধ্যে আলোচনা রয়েছে। এর মূল ভিত্তি হলো সুনানে তিরমিজির (হাদিস: ৩২৩৩ ও ৩২৩৫) একটি হাদিস, যেখানে নবীজি স্বপ্নে তাঁর প্রতিপালককে দেখার কথা উল্লেখ করেছেন।
এর আলোকে ইমাম নববি, কাজি ইয়াজ ও ইবনে তাইমিয়াসহ অধিকাংশ আলেমের মতে, স্বপ্নে কোনো নির্দিষ্ট আকৃতি, অবয়ব বা সৃষ্টির সাদৃশ্যে নয়—বরং নুর, জ্যোতি বা পর্দার আড়াল থেকে আল্লাহর মহিমা অনুভব করা কিংবা তাঁর বাণী শোনার অভিজ্ঞতা হওয়া সম্ভব। (ইমাম নববি, আল-মিনহাজ শারহু সহিহ মুসলিম, ৩/১২; ইবনে তাইমিয়া, মাজমুউল ফাতাওয়া, ৩/৩৯০)
কেউ যদি স্বপ্নে আল্লাহকে দেখার দাবি করে ইসলামবিরোধী কোনো কথা বলেন, তবে তা নিঃসন্দেহে শয়তানের প্রতারণা বা মনের কল্পনা হিসেবে গণ্য হবে।
ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইমাম আবু হানিফা (রহ.)-সহ পূর্ববর্তী অনেক মনীষীর জীবনীতেও স্বপ্নে আল্লাহর মহিমা অনুভব করার বর্ণনা পাওয়া যায়। (ইবনুল জাওজি, মানাকিবুল ইমাম আহমদ, পৃ. ৫৮৬; ইমাম জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ১১/২১২)
তবে এ ক্ষেত্রে আকিদার দুটি কঠোর শর্ত রয়েছে।
প্রথমত, স্বপ্নেও আল্লাহকে কোনো মানুষ, প্রাণী বা জাগতিক বস্তুর আকৃতিতে দেখা সম্ভব নয়; কারণ আল্লাহ সব ধরনের সাদৃশ্যের ঊর্ধ্বে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘কোনো কিছুই তাঁর সদৃশ নয়।’ (সুরা শুরা, আয়াত: ১১)
দ্বিতীয়ত, স্বপ্নে কোনো কিছু দেখা বা শোনার মাধ্যমে ইসলামের কোনো নতুন বিধান সাব্যস্ত হয় না, কিংবা প্রতিষ্ঠিত কোনো বিধান বাতিলও হয় না। কাজেই কেউ যদি স্বপ্নে আল্লাহকে দেখার দাবি করে ইসলামবিরোধী কোনো কথা বলেন, তবে তা নিঃসন্দেহে শয়তানের প্রতারণা বা মনের কল্পনা হিসেবে গণ্য হবে।
জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব নয়
স্বপ্নের ক্ষেত্রে আধ্যাত্মিক অনুভূতির সুযোগ থাকলেও পৃথিবীতে জাগ্রত অবস্থায় চর্মচক্ষু দিয়ে কোনো মানুষের পক্ষেই আল্লাহকে দেখা সম্ভব নয়—এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সর্বসম্মত আকিদা।
মানুষের বর্তমান চোখের গঠন এবং জাগতিক ইন্দ্রিয়গুলো আল্লাহর অসীম নুর বা জ্যোতি সহ্য করার ক্ষমতা রাখে না। আল্লাহ ঘোষণা করে বলেছেন, ‘দৃষ্টিসমূহ তাঁকে আয়ত্ত করতে পারে না, অথচ তিনিই সব দৃষ্টিকে আয়ত্ত করেন; এবং তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী ও সম্যক পরিজ্ঞাত।’ (সুরা আনআম, আয়াত: ১০৩)
মহানবী (সা.) অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে মৃত্যুর আগে কোনো মানুষই আল্লাহকে দেখতে পারবে না। দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করতে গিয়ে নবীজি সাহাবিদের বলেছিলেন, ‘তোমরা জেনে রাখো, তোমাদের কেউই মৃত্যুবরণ করার আগপর্যন্ত কখনোই তার রবকে (আল্লাহকে) দেখতে পাবে না।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৯৩০)
সাহাবি আবু জর গিফারি (রা.) সরাসরি নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ‘হে আল্লাহর রাসুল, আপনি কি (মেরাজের রাতে) আপনার প্রতিপালককে দেখেছেন?’ উত্তরে মহানবী (সা.) বলেছিলেন, ‘তিনি তো নুর (জ্যোতি), আমি কীভাবে তাঁকে দেখব?’
নবী মুসার আবেদন ও মেরাজের ঘটনা
আল্লাহর নবী মুসা (আ.) তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সৌভাগ্য লাভ করার পর আবেগাপ্লুত হয়ে আল্লাহকে স্বচক্ষে দেখার আবেদন করেছিলেন।
জবাবে আল্লাহ বলেছিলেন, ‘তুমি আমাকে কখনোই দেখতে পারবে না; তবে তুমি ওই পাহাড়টির দিকে তাকাও, সেটি যদি স্বস্থানে স্থির থাকে, তবে তুমি আমাকে দেখতে পাবে।’
অতঃপর যখন আল্লাহ পাহাড়ের ওপর তাঁর জ্যোতি (তাজাল্লি) প্রকাশ করলেন, তখন পাহাড়টি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল এবং মুসা (আ.) সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন। (সুরা আরাফ, আয়াত: ১৪৩)
অন্যদিকে মেরাজের রাতে মহানবী (সা.) সশরীরে ঊর্ধ্বাকাশে গমন করে আল্লাহর অতি সান্নিধ্যে পৌঁছালেও চর্মচক্ষুতে আল্লাহকে দেখেছিলেন কি না—এ প্রশ্নে আয়েশা (রা.) কঠোর অবস্থান নিয়ে বলেছিলেন, ‘যে ব্যক্তি তোমাকে বলে যে মুহাম্মদ তাঁর রবকে (চর্মচক্ষুতে) দেখেছেন, সে আল্লাহর ওপর মহামিথ্যা আরোপ করল।’ (সহিহ বুখারি, হাদিস: ৪৮৫৫)
সাহাবি আবু জর গিফারি (রা.) সরাসরি নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ‘হে আল্লাহর রাসুল, আপনি কি (মেরাজের রাতে) আপনার প্রতিপালককে দেখেছেন?’ উত্তরে মহানবী (সা.) বলেছিলেন, ‘তিনি তো নুর (জ্যোতি), আমি কীভাবে তাঁকে দেখব?’ (সহিহ মুসলিম, হাদিস: ১৭৮)
জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখার দাবি
কোনো পীর, দরবেশ, সুফি বা সাধারণ মানুষ যদি দাবি করেন যে তিনি জাগ্রত অবস্থায় চর্মচক্ষুতে আল্লাহকে দেখেছেন—তবে ইসলামি আকিদার মানদণ্ডে তা শতভাগ মিথ্যা ও ভ্রান্ত দাবি।
ইমাম ইবনে আবিল ইজ আল-হানাফি লিখেছেন, ‘ইমামগণ এই বিষয়ে একমত যে দুনিয়ার জীবনে জাগ্রত অবস্থায় কোনো মুমিনই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাবে না। যদি কোনো ব্যক্তি দাবি করে যে সে জাগ্রত অবস্থায় দুনিয়াতেই আল্লাহকে দেখেছে, তবে সে কোরআন ও সুন্নাহর অকাট্য দলিলের বিপরীতে অবস্থান নিল এবং তার এই দাবি সম্পূর্ণ বাতিল ও ভ্রষ্টতা হিসেবে গণ্য হবে।’ (আলি ইবনে আলি, শারহুল আকিদাহ আত-তাহাবিয়্যাহ, পৃ. ১৮৮, আল-মাকতাবুল ইসলামি, বৈরুত, ১৯৮৮)
অনেক সময় শয়তান উজ্জ্বল আলোর রূপ ধরে মানুষকে ধোঁকা দিয়ে বলে, ‘আমিই তোমার প্রতিপালক’—যেমনটি আবদুল কাদির জিলানি (রহ.)-এর জীবনে ঘটেছিল এবং তিনি কোরআন-সুন্নাহর জ্ঞানের মাধ্যমে শয়তানের সেই প্রতারণা ধরে ফেলেছিলেন। (ইবনুল কায়্যিম, মাদারিজুস সালিকিন, ১/৬৫; ইবনে তাইমিয়া, মাজমুউল ফাতাওয়া, ১/১৭২)
স্বপ্নে বা জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখার নামে যেকোনো অলৌকিক দাবি বা ভ্রান্ত প্রচারণায় বিভ্রান্ত না হয়ে কোরআন ও সুন্নাহর পথে চলাই একজন প্রকৃত মুমিনের কাজ।
প্রকৃত দর্শন মিলবে পরকালে
দুনিয়া হলো পরীক্ষার জায়গা, যেখানে না দেখেই ইমান আনার (ইমান বিল গায়েব) মাধ্যমে মুমিনের পরীক্ষা নেওয়া হয়। তবে পরকালে জান্নাতিদের জন্য সর্বশ্রেষ্ঠ পুরস্কার ও নেয়ামত হবে স্বয়ং আল্লাহকে স্বচক্ষে দেখা (দিদারে ইলাহি)।
আল্লাহ বলেন, ‘সেদিন (কিয়ামতের দিন) বহু মুখমণ্ডল উজ্জ্বল হবে; তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে।’ (সুরা কিয়ামাহ, আয়াত: ২২-২৩)
মহানবী (সা.) পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকিয়ে সাহাবিদের বলেছিলেন, ‘তোমরা এই চাঁদকে যেমন কোনো ভিড় বা কষ্ট ছাড়াই স্পষ্ট দেখতে পাচ্ছ, অচিরেই তোমরা তোমাদের রবকে ঠিক এভাবেই স্পষ্ট দেখতে পাবে।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৫৪)।
তাই স্বপ্নে বা জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখার নামে যেকোনো অলৌকিক দাবি বা ভ্রান্ত প্রচারণায় বিভ্রান্ত না হয়ে কোরআন ও সুন্নাহর পথে চলাই একজন প্রকৃত মুমিনের কাজ—যাতে পরকালে জান্নাতে গিয়ে আল্লাহর সেই চিরন্তন দিদার লাভের যোগ্যতা অর্জন করা যায়।