মানুষের মন সুস্থ থাকলে চিন্তাধারা স্বচ্ছ হয়, সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা আসে, আত্মবিশ্বাস বাড়ে। বিপরীতে মানসিকভাবে বিপর্যস্ত মানুষ প্রতিনিয়ত দ্বিধা আর অনিশ্চয়তায় ভোগেন, অতীতের ব্যর্থতা তাকে কুরে কুরে খায়, তিনি সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।
আজকের অস্থির সময়ে মানুষ প্রশান্তির খোঁজে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হন। ওষুধ সাময়িকভাবে উদ্বেগ-বিষণ্ণতা কমায়, কিন্তু অনেক সময় তা কেবল উপসর্গ দমন করে, রোগের মূল উৎপাটন করে না।
‘আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। আর যে আল্লাহর ওপর ইমান রাখে, আল্লাহ তার অন্তরকে সঠিক পথ দেখান।
স্থায়ী প্রশান্তির জন্য প্রয়োজন চিন্তার পরিবর্তন আর আত্মিক উন্নয়ন। আর এই পথের সবচেয়ে জীবন্ত দৃষ্টান্ত মহানবীর নিজের জীবন। তাঁর আচরণ, তাঁর সিদ্ধান্ত, তাঁর মানুষের সঙ্গে সম্পর্ক—সবকিছুতেই লুকিয়ে আছে মানসিক সুস্থতার সূত্র। এখানে সেরকম ৫টি শিক্ষার কথা বলা হলো।
১. বিপদে ‘তাওয়াককুল’
উদ্বেগের একটা বড় উৎস হলো যা আমাদের নিয়ন্ত্রণে নেই, তা নিয়ন্ত্রণ করার চেষ্টা। নবীজি (সা.) নিজে জীবনভর অসংখ্য বিপদ, বিরোধিতা আর ক্ষতির মুখোমুখি হয়েছেন, কিন্তু প্রতিটি ধাপে তিনি বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দিয়ে নিজের করণীয়টুকু করে গেছেন।
কোরআনে এই মানসিকতার ভিত্তি স্পষ্ট: ‘আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না। আর যে আল্লাহর ওপর ইমান রাখে, আল্লাহ তার অন্তরকে সঠিক পথ দেখান।’ (সুরা তাগাবুন, আয়াত: ১১)
এখান থেকে বাস্তব শিক্ষা হলো, যা পরিবর্তনযোগ্য তাতে চেষ্টা করা, আর যা নয় তা নিয়ে অন্তরকে শান্ত রাখা। এই বিভাজনটাই দুশ্চিন্তা কমানোর প্রথম ধাপ।
২. অসীম ধৈর্য ও নরম আচরণ
নবীজির (সা.) খেদমতে দীর্ঘ দশ বছর কাটানো আনাস ইবনে মালিক (রা.) নিজেই সাক্ষ্য দিয়েছেন তাঁর অসাধারণ সহনশীলতার কথা। আনাস (রা.) বলেন, ‘আমি দশ বছর নবীজির খেদমত করেছি। আল্লাহর কসম, তিনি কখনো আমাকে ‘উহ্’ শব্দটিও বলেননি, আর কখনো বলেননি, “এটা কেন করলে” বা “এটা কেন করলে না।”’ (সহিহ বুখারি, হাদিস: ৬০৩৮)
একজন কিশোরের ছোট ছোট ভুলেও বিরক্তি প্রকাশ না করা, বকা বা কৈফিয়ত না চাওয়া—এই আচরণ প্রমাণ করে নবীজি কতটা শান্ত ও সহনশীল ছিলেন কাছের মানুষদের সঙ্গে।
যিনি নিজে ধৈর্যশীল, তাঁর সান্নিধ্যেই মানুষ নিরাপদ বোধ করে, মন খুলে কথা বলতে পারে। মানসিক প্রশান্তির জন্য এমন একজন মানুষ পাশে থাকা, যিনি বিচার না করে গ্রহণ করেন, আধুনিক মনোবিজ্ঞানেও এর গুরুত্ব স্বীকৃত।
সন্তানকে প্রকাশ্যে স্নেহ দেখানো, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের মাঝেও তার আরাম নিশ্চিত করা—এসব ছোট ছোট আচরণই একটি শিশুর মনে নিরাপত্তাবোধ তৈরি করে।
৩. শিশুদের চাপমুক্ত, স্নেহময় বেড়ে ওঠা
মনোবিজ্ঞানীরা বলেন, মানুষের ব্যক্তিত্বের ভিত্তি তৈরি হয় শৈশবে। রাসুল (সা.) দেড় হাজার বছর আগেই এই সত্য জীবনে ধারণ করেছিলেন।
একবার নবীজি (সা.) নাতনি উমামা বিনতে আবিল আসকে কাঁধে নিয়ে নামাজ পড়াচ্ছিলেন। রুকুতে গেলে নামিয়ে রাখতেন, দাঁড়ালে আবার কাঁধে তুলে নিতেন (সহিহ বুখারি, হাদিস: ৫৯৯৬)
আরেক বর্ণনায় দেখা যায়, নবীজি নাতি হাসানকে চুমু খাচ্ছিলেন। পাশে বসা আকরা ইবনে হাবিস বলে উঠলেন, ‘আমার দশটি সন্তান আছে, আমি কখনো তাদের কাউকে চুমু খাইনি।’
নবীজি (সা.) তাঁর দিকে তাকিয়ে বললেন, ‘যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৯৯৭)
সন্তানকে প্রকাশ্যে স্নেহ দেখানো, নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের মাঝেও তার আরাম নিশ্চিত করা—এসব ছোট ছোট আচরণই একটি শিশুর মনে নিরাপত্তাবোধ তৈরি করে।
একজন মানুষের প্রাপ্তবয়স্ক জীবনের মানসিক স্থিতিশীলতা অনেকাংশে নির্ভর করে শৈশবে সে কতটা নিরাপদ ও মূল্যবান বোধ করেছে তার ওপর। নবীজির এই আচরণ আজকের অভিভাবকদের জন্যও একটা জীবন্ত মডেল।
৪. দুর্বল ও অবহেলিতদের মর্যাদা দেওয়া
একবার সাহাবি আবু জর তাঁর এক দাসকে গালি দিয়ে বসেন। বিষয়টি জানতে পেরে নবীজি (সা.) তাঁকে বললেন, ‘তোমার মধ্যে এখনো জাহেলি যুগের অভ্যাস রয়ে গেছে। তারা (দাস-দাসী) তোমাদের ভাই, আল্লাহ তাদের তোমাদের অধীনে দিয়েছেন।
সুতরাং যার অধীনে তার ভাই আছে, সে যেন তাকে নিজে যা খায় তা-ই খাওয়ায়, নিজে যা পরে তা-ই পরায়, আর সাধ্যের বাইরে কাজ না দেয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৩০)
এই ঘটনার পর আবু জর (রা.) সারা জীবন তাঁর দাসকে নিজের মতোই পোশাক পরাতেন।
দাম্পত্য জীবনেও তিনি ছিলেন স্ত্রীদের প্রতি অসীম যত্নশীল। তিনি নিজেই বলেছেন, ‘তোমাদের মধ্যে সে-ই উত্তম, যে তার স্ত্রীর প্রতি উত্তম আচরণ করে; আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের প্রতি সবচেয়ে উত্তম।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৮৯৫)
হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা পুণ্যকে ঠিক সেভাবেই খেয়ে ফেলে, যেভাবে আগুন কাঠ বা ঘাস পুড়িয়ে ফেলে।
উপেক্ষিত বা অসম্মানিত বোধ করা মানুষের মনে গভীর অস্থিরতা তৈরি করে। নবীজি প্রমাণ করেছেন, কাউকে সম্মান দেওয়াটা শুধু নৈতিকতার বিষয় নয়, বরং তার মানসিক সুস্থতা রক্ষারও উপায়।
৫. হৃদয় থেকে হিংসা-অহংকার দূর করা
নবীজি (সা.) অনুসারীদের হিংসার ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে বলেন, ‘হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা পুণ্যকে ঠিক সেভাবেই খেয়ে ফেলে, যেভাবে আগুন কাঠ বা ঘাস পুড়িয়ে ফেলে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯০৩)
হিংসা, অহংকার আর তুলনার মানসিকতা আজকের সামাজিক মাধ্যমের যুগে উদ্বেগ আর হতাশার অন্যতম বড় কারণ। নবীজির শেখানো পথ হলো, নিজের অন্তরকে অন্যের প্রাপ্তি নিয়ে অস্থির না করে কৃতজ্ঞতা আর সন্তুষ্টিতে স্থির রাখা।
নবীজির জীবন কোনো কাল্পনিক আদর্শ নয়, এটি বাস্তবে ধারণ করা একটি জীবন; যেখানে বিপদে তাওয়াক্কুল, মানুষের প্রতি সহানুভূতি, শিশুদের প্রতি স্নেহ, দুর্বলের প্রতি সম্মান আর অন্তরের পরিশুদ্ধি একসঙ্গে মিলে তৈরি করেছে এক গভীর মানসিক স্থিতিশীলতা।
আমরা যদি এই ৫ শিক্ষা জীবনে ধারণ করতে পারি, তবে আধুনিক জীবনের উদ্বেগ ও অস্থিরতা থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব।