ইসলামে ‘অপরাধ’ কোনটি, শাস্তির উদ্দেশ্য কী, কোন অপরাধের কী সাজা

ছবি: পেক্সেলস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেই ইসলামের দণ্ডবিধিকে শুধু কঠোর শাস্তির সমষ্টি হিসেবে দেখেন; কিন্তু এর মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে নিরাপদ রাখা, নিরপরাধের অধিকার সুরক্ষা করা এবং অপরাধপ্রবণতা গোড়া থেকেই নির্মূল করা।

পবিত্র কোরআনে স্পষ্টভাবে জানানো হয়েছে যে সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ নবী-রাসুল ও আসমানি কিতাব প্রেরণ করেছেন। (সুরা হাদিদ, আয়াত: ২৫)

ইসলামে ‘অপরাধ’ কোনটি

ইসলামি আইনশাস্ত্রের দৃষ্টিতে ‘অপরাধ’ শুধু কোনো ধর্মীয় অনুশাসন অমান্য করা নয়; বরং যেকোনো কাজ যা মানুষের মৌলিক অধিকার ও সামাজিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে, তা-ই অপরাধ। 

মানুষের নিরাপদ জীবনযাপনের জন্য ইসলাম পাঁচটি সর্বজনীন মৌলিক অধিকারের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে—ধর্ম, জীবন, বিবেক-বুদ্ধি, বংশমর্যাদা ও সম্পদ। (আবু ইসহাক আশ-শাতিবি, আল-মুওয়াফাকাত, ২/১০, দারু ইবনে আফফান, কায়রো, ১৯৯৭)

অর্থাৎ কোনো কাজ যদি মানুষের প্রাণহানি ঘটায়, সম্পদ লুট করে, সম্মান নষ্ট করে, মাদকাসক্তির মাধ্যমে বিবেক-বুদ্ধি বিকৃত করে কিংবা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে—ইসলাম তাকেই অপরাধ হিসেবে চিহ্নিত করে।

জনজীবনে এই পাঁচটি বিষয়ের নিরাপত্তা নিশ্চিত হলেই একটি সমাজ বাসযোগ্য হয়ে ওঠে।

ইসলামে শাস্তির উদ্দেশ্য শুধু প্রতিবিধান করা নয়; বরং এর পেছনে রয়েছে তিনটি বাস্তবসম্মত উদ্দেশ্য—অপরাধ প্রতিরোধ, সমাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীর সংশোধন। 
আরও পড়ুন

শাস্তি কেন দেওয়া হয়

ইসলামে শাস্তির উদ্দেশ্য শুধু প্রতিবিধান করা নয়; বরং এর পেছনে রয়েছে তিনটি বাস্তবসম্মত উদ্দেশ্য—অপরাধ প্রতিরোধ, সমাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীর সংশোধন। 

পবিত্র কোরআনে বলা হয়েছে, ন্যায়সংগত শাস্তির মধ্যেই মানুষের জীবনের নিরাপত্তা নিহিত রয়েছে। (সুরা বাকারা, আয়াত: ১৭৯)

তবে ইসলাম শুধু শাস্তি দিয়েই দায়িত্ব শেষ করে না। 

শাস্তির আগে ইসলাম নৈতিক শিক্ষা ও স্রষ্টার ভয়ের মাধ্যমে মানুষের ভেতর বিবেকবোধ জাগ্রত করে এবং রাষ্ট্রের মাধ্যমে এমন ন্যায়ভিত্তিক অর্থনীতি নিশ্চিত করতে বলে, যাতে অভাব বা বঞ্চনার কারণে কেউ অপরাধের পথে পা না বাড়ায়। (সুরা নাহল, আয়াত: ৯০)

পাশাপাশি প্রতিটি শাস্তির বিধানের পরপরই কোরআনে অপরাধীর জন্য তওবা ও ভালো পথে ফিরে আসার দরজা খোলা রাখা হয়েছে। (সুরা মায়িদা, আয়াত: ৩৯)

কোন ধরনের অপরাধের কী শাস্তি

সমাজের পরিবর্তনশীল বাস্তবতা ও অপরাধের গুরুত্ব বিবেচনায় রেখে ইসলাম অপরাধ ও শাস্তিকে তিনটি স্তরে ভাগ করেছে:

১. হুদুদ: এটা হলো নির্ধারিত দণ্ড। যেসব বড় অপরাধ পুরো সমাজের নিরাপত্তা ও নৈতিক ভিত্তিকে ভেঙে দেয়, সেগুলোর জন্য কোরআন ও হাদিসে সুনির্দিষ্ট শাস্তি নির্ধারিত আছে।

একে ‘আল্লাহর হক’ বা সামষ্টিক অধিকার বলা হয়।

আদালতে অপরাধ প্রমাণিত হলে কোনো প্রভাবশালী ব্যক্তি, শাসক বা বিচারক এই শাস্তি কমাতে বা মওকুফ করতে পারেন না। এতে সমাজে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হয়।

এই শ্রেণিতে ছয়টি অপরাধ অন্তর্ভুক্ত: চুরি (সুরা মায়িদা: ৩৮), ডাকাতি বা রাহাজানি (সুরা মায়িদা, আয়াত: ৩৩), ব্যভিচার (সুরা নুর: ২), নিরপরাধ মানুষের চরিত্রে মিথ্যা অপবাদ দেওয়া (সুরা নুর: ৪), মাদক গ্রহণ (সুরা মায়িদা: ৯০) এবং রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ধর্মত্যাগ (সুরা আলে ইমরান: ৭২)।

২. কিসাস ও দিয়াত: এটা হলো, প্রতিকার, ক্ষতিপূরণ ও ক্ষমা সংক্রান্ত। ইচ্ছাকৃত হত্যা বা শারীরিক জখমের মতো অপরাধ সরাসরি ভুক্তভোগী ব্যক্তি ও তাঁর পরিবারের ক্ষতির সঙ্গে জড়িত।

এ ক্ষেত্রে ইসলাম ‘কিসাস’ বা ‘অনুরূপ শাস্তি’র বিধান রেখেছে। (সুরা বাকারা, আয়াত: ১৭৮)

আরও পড়ুন
ইসলামের বিচারব্যবস্থার সবচেয়ে বড় রক্ষাকবচ হলো—এর শাস্তি যেমন কঠোর, অপরাধ প্রমাণের শর্তাবলি ঠিক ততটাই কঠিন। মহানবী (সা.) বিচারকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সামান্যতম সন্দেহ থাকলেও যেন নির্ধারিত দণ্ড মওকুফ করে অভিযুক্তকে অব্যাহতি দেওয়া হয়।

তবে জনজীবনের বাস্তবতায় এর সবচেয়ে মানবিক দিক হলো, চূড়ান্ত সিদ্ধান্তের অধিকার দেওয়া হয়েছে ভুক্তভোগী বা তাঁর পরিবারকে।

তাঁরা চাইলে সমপরিমাণ শাস্তির দাবি করতে পারেন, অথবা অপরাধীর কাছ থেকে নির্দিষ্ট আর্থিক ক্ষতিপূরণ বা ‘দিয়াত’ গ্রহণ করে পরিবারটির অর্থনৈতিক সংকট কাটাতে পারেন, কিংবা স্রষ্টার সন্তুষ্টির আশায় অপরাধীকে ক্ষমাও করে দিতে পারেন—যাকে কোরআনে অত্যন্ত প্রশংসনীয় কাজ বলা হয়েছে। (সুরা মায়িদা, আয়াত: ৪৫)

তবে মনে রাখা জরুরি, এই দণ্ড কার্যকর করার এখতিয়ার শুধু রাষ্ট্রের, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়।

৩. তাজির: এটা বিবেচনাপ্রসূত দণ্ড। নির্ধারিত দণ্ডের বাইরে দৈনন্দিন জনজীবনে ঘটে যাওয়া যেকোনো অপরাধ—যেমন ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল, ঘুষ, প্রতারণা, পরিবেশদূষণ, ট্রাফিক আইন অমান্য করা বা সাইবার অপরাধের মতো সমকালীন অন্যায়গুলোর শাস্তি নির্ধারণের দায়িত্ব ইসলাম রাষ্ট্র ও বিচারকের ওপর ছেড়ে দিয়েছে। 

অপরাধের মাত্রা, অপরাধীর অবস্থা ও সমাজের প্রয়োজন অনুযায়ী বিচারক তিরস্কার, অর্থদণ্ড বা কারাদণ্ডের মতো শাস্তি দিতে পারেন।

নিরপরাধের সুরক্ষা ও জনজীবনে সুফল

ইসলামের বিচারব্যবস্থার সবচেয়ে বড় রক্ষাকবচ হলো—এর শাস্তি যেমন কঠোর, অপরাধ প্রমাণের শর্তাবলি ঠিক ততটাই কঠিন।

মহানবী (সা.) বিচারকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সামান্যতম সন্দেহ থাকলেও যেন নির্ধারিত দণ্ড মওকুফ করে অভিযুক্তকে অব্যাহতি দেওয়া হয়। (সুনানে তিরমিজি, হাদিস: ১৪২৪)

ফলে একদিকে কঠোর শাস্তির ভয়ে অপরাধীরা অপরাধ করতে সাহস পায় না, অন্যদিকে নিখুঁত সাক্ষ্যপ্রমাণের শর্ত থাকায় কোনো নিরপরাধ মানুষ মিথ্যা মামলা বা হয়রানির শিকার হয়ে সাজা পায় না।

সব মিলিয়ে ইসলামের অপরাধ ও দণ্ডবিধি কোনো নিষ্ঠুরতার প্রকাশ নয়; বরং এটি সাধারণ মানুষের জানমাল, সম্মান ও শান্তিপূর্ণ জনজীবন নিশ্চিত করার এক ভারসাম্যপূর্ণ ও মমতাময় রক্ষাকবচ।

  • এহসান সিরাজ: আলেম ও লেখক

আরও পড়ুন