হালাল উপার্জনে বরকত: ব্যবসায়ীদের জন্য নবীজির শেখানো ৫ নীতি

ছবি: পেক্সেলস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের জীবনে অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। জীবিকা নির্বাহ, পরিবার পরিচালনা এবং সমাজের প্রয়োজন পূরণে ব্যবসা-বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলাম মানুষের বৈধ উপায়ে সম্পদ উপার্জনকে উৎসাহিত করেছে।

একই সঙ্গে উপার্জনের পদ্ধতি, লেনদেনের স্বচ্ছতা এবং মানুষের অধিকার সংরক্ষণের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে।

পবিত্র কোরআনে আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন এবং সুদকে হারাম ঘোষণা করেছেন। (সুরা বাকারা, আয়াত: ২৭৫)

ব্যবসা শুধু মুনাফা অর্জনের মাধ্যম নয়, বরং এটি একটি ইবাদতও বটে, যদি তা ইসলামসম্মত উপায়ে পরিচালিত হয়। হালাল উপার্জনে বরকত লাভের জন্য ব্যবসা-বাণিজ্যে নবীজির শেখানো ৫টি মূল নীতি আলোচনা করা হলো:

পণ্যের গুণাগুণ অতিরঞ্জিত করে উপস্থাপন করা, মিথ্যা বিজ্ঞাপন দেওয়া কিংবা মিথ্যা শপথ করে ক্রেতাকে বিভ্রান্ত করা ইসলামের নৈতিকতার পরিপন্থী।

১. সত্যবাদিতা ও স্বচ্ছতা বজায় রাখা

ব্যবসায়িক সম্পর্কের অন্যতম ভিত্তি হলো পারস্পরিক আস্থা। এ আস্থা প্রতিষ্ঠিত হয় সত্যবাদিতা ও স্বচ্ছতার মাধ্যমে। পণ্যের গুণাগুণ অতিরঞ্জিত করে উপস্থাপন করা, মিথ্যা বিজ্ঞাপন দেওয়া কিংবা মিথ্যা শপথ করে ক্রেতাকে বিভ্রান্ত করা ইসলামের নৈতিকতার পরিপন্থী।

মহানবী (সা.) বলেছেন, ‘ক্রেতা ও বিক্রেতা উভয়েরই অধিকার রয়েছে, যতক্ষণ তারা পরস্পর বিচ্ছিন্ন না হয়। যদি তারা সত্য বলে এবং (পণ্যের অবস্থা) স্পষ্ট করে, তবে তাদের ক্রয়-বিক্রয়ে বরকত দেওয়া হয়। আর যদি তারা গোপন করে এবং মিথ্যা বলে, তবে তাদের ক্রয়-বিক্রয়ের বরকত মুছে দেওয়া হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ২০৭৯)

তিনি আরও সতর্ক করে বলেছেন, ‘শপথ পণ্য বিক্রিতে সহায়ক হলেও তা বরকত নিশ্চিহ্ন করে দেয়।’ (সহিহ বুখারি, হাদিস: ২০৮৭)

আরও পড়ুন

২. মাপে পূর্ণতা এবং সঠিক মানের নিশ্চয়তা

ব্যবসায়িক লেনদেনে পরিমাপ ও ওজনে সততা রক্ষা করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশনা। পবিত্র কোরআনে মাপে কম দেওয়াকে কঠোরভাবে নিন্দা করা হয়েছে।

আল্লাহ বলেন, ‘দুর্ভোগ তাদের জন্য, যারা মাপে কম দেয়। যারা মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে এবং যখন তাদের মেপে বা ওজন করে দেয়, তখন কম দেয়।’ (সুরা মুতাফফিফিন, আয়াত: ১-৩)

শুধু ওজনে নয়, পণ্যের গুণগত মান সম্পর্কেও ক্রেতাকে সঠিক তথ্য দেওয়া ব্যবসায়ীর দায়িত্ব। কোনো পণ্যে ভেজাল মেশানো বা ত্রুটি গোপন করা প্রতারণার অন্তর্ভুক্ত।

একবার মহানবী (সা.) খাদ্যশস্যের একটি স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় তাতে হাত প্রবেশ করান। আঙুলে ভেজাভাব অনুভূত হলে তিনি বিক্রেতাকে এর কারণ জিজ্ঞাসা করেন। বিক্রেতা বৃষ্টিতে ভিজে যাওয়ার কথা জানালে তিনি বলেন, ‘তাহলে ভেজা অংশটি ওপরে রাখলে না কেন, যাতে মানুষ তা দেখতে পায়? যে প্রতারণা করে, সে আমার দলভুক্ত নয়।’ (সহিহ মুসলিম, হাদিস: ১০২)

তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না; তবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসা হলে ভিন্ন কথা।
সুরা নিসা, আয়াত: ২৯

৩. সম্পদ অন্যায়ভাবে গ্রাস না করা

ইসলাম মানুষের সম্পদের অধিকারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। প্রতারণা, জালিয়াতি, আত্মসাৎ কিংবা অন্য কোনো অবৈধ পন্থায় সম্পদ অর্জন নিষিদ্ধ করেছে। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না; তবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসা হলে ভিন্ন কথা।’ (সুরা নিসা, আয়াত: ২৯)

বিশেষত এতিম, অসহায় ও দুর্বল মানুষের সম্পদ আত্মসাৎ করা, শ্রমিকের মজুরি পরিশোধে টালবাহানা করা কিংবা অংশীদারের সম্পদ অন্যায়ভাবে দখল করা গুরুতর অপরাধ।

কোরআনে বলা হয়েছে, ‘নিশ্চয়ই যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা নিজেদের পেটে আগুনই ভক্ষণ করে।’ (সুরা আন-নিসা, আয়াত: ১০)

আরও পড়ুন

৪. সুদ ও অনৈতিক লেনদেন বর্জন করা

সলাম সুদকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে। ব্যবসা ও বিনিয়োগের নামে সুদভিত্তিক লেনদেনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে, তা ছেড়ে দাও...।’ (সুরা বাকারা, আয়াত: ২৭৮)

সুদের পাশাপাশি এমন কোনো পেশা বা ব্যবসা গ্রহণ করা যাবে না, যার ভিত্তি অন্যায়, শোষণ কিংবা অশ্লীলতার প্রসার। ইসলাম উপার্জনের ক্ষেত্রে পবিত্রতা ও নৈতিকতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

চুক্তি করার পর অকারণে তা ভঙ্গ করা কিংবা পাওনা পরিশোধে বিলম্ব করা ব্যবসায়িক আস্থাকে ক্ষতিগ্রস্ত করে। তাই ব্যবসার প্রতিটি পর্যায়ে চুক্তির শর্তের প্রতি যত্নবান হওয়া প্রয়োজন।

৫. চুক্তি ও প্রতিশ্রুতি রক্ষা করা

ব্যবসায়িক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো চুক্তি ও প্রতিশ্রুতি। পণ্য সরবরাহ, মূল্য পরিশোধ, কাজ সম্পন্ন করা কিংবা সেবা প্রদানের ক্ষেত্রে নির্ধারিত শর্ত মেনে চলা প্রত্যেক পক্ষের দায়িত্ব।

আল্লাহ বলেন, ‘আর তোমরা প্রতিশ্রুতি পূর্ণ করো। নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।’ (সুরা ইসরা, আয়াত: ৩৪)

চুক্তি করার পর অকারণে তা ভঙ্গ করা কিংবা পাওনা পরিশোধে বিলম্ব করা ব্যবসায়িক আস্থাকে ক্ষতিগ্রস্ত করে। তাই ব্যবসার প্রতিটি পর্যায়ে চুক্তির শর্তের প্রতি যত্নবান হওয়া প্রয়োজন।

ব্যবসা-বাণিজ্যে এসব নির্দেশনা বাস্তবায়িত হলে ক্রেতা-বিক্রেতার মধ্যে পারস্পরিক আস্থা প্রতিষ্ঠিত হবে এবং অর্থনৈতিক শোষণ ও প্রতারণা কমবে।

বর্তমান সময়ে বাজারে পণ্যে ভেজাল, মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি ও প্রতারণামূলক লেনদেনের মতো নানা অনিয়ম প্রতিরোধেও ইসলামের এসব নীতি সবচেয়ে কার্যকর সমাধান।

আরও পড়ুন