আগামীকাল বলে কিছু নেই, এখনই বদলান

ছবি: পেক্সেলস

আমরা অনেকেই ভাবি, ‘এখন তো বয়স কম, কাল থেকে নামাজ শুরু করব’ অথবা ‘সামনের রমজানে নিজেকে বদলে ফেলব।’ কিন্তু বাস্তবতা হলো, সেই ‘আগামীকাল’ হয়তো কোনো দিন আসবেই না।

নিজেকে পরিবর্তনের জন্য কেন এখনই সেরা সময়, তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বার্তা নিচে তুলে ধরা হলো:

কালকের কোনো গ্যারান্টি নেই

মৃত্যু কোনো ঘোষণা দিয়ে আসে না। আমরা আমাদের জীবনের পরের এক সেকেন্ডের মালিকও নই। আমরা প্রতিনিয়ত এমন মানুষদের কবরের পাশ দিয়ে হাঁটি, যারা ভেবেছিল তারা ‘কাল’ তওবা করবে। কিন্তু সেই সুযোগ তারা আর পায়নি।

আরও পড়ুন

আমাদের চারপাশে উপদেশের কোনো অভাব নেই। জুমার খুতবা, ইউটিউব লেকচার কিংবা সোশ্যাল মিডিয়া—সবখানেই আমরা ভালো ভালো কথা শুনছি; কিন্তু প্রশ্ন হলো, এই শোনা কথাগুলো কি আমাদের কাজে পরিণত হচ্ছে?

যদি হাজারো উপদেশ শোনার পরও আপনার জীবনে কোনো পরিবর্তন না আসে, তবে বুঝতে হবে, আপনার অন্তর কঠোর হয়ে যাচ্ছে।

জ্ঞানার্জন তখনই সার্থক হয়, যখন তা আমলের (কাজের) মাধ্যমে প্রতিফলিত হয়।

তওবা এখনই

শয়তানের সবচেয়ে বড় ধোঁকা হলো ‘তাসউইফ’ বা কোনো ভালো কাজকে ভবিষ্যতে পিছিয়ে দেওয়া। সে আপনাকে বলবে না যে ‘ভালো কাজ কোরো না’; বরং সে বলবে ‘এখনই করার দরকার কী? পরে করো।’ এই ‘পরে’ শব্দটিই অনেক মানুষের ধ্বংসের কারণ।

আরও পড়ুন

নিজেকে পুরোপুরি বদলে ফেলা হয়তো এক দিনে সম্ভব নয়; কিন্তু শুরুটা আজই করা সম্ভব।

  • যদি আপনি নামাজে অনিয়মিত হন, তবে আজকের পরবর্তী নামাজ থেকেই শুরু করুন।

  • যদি কোনো খারাপ অভ্যাসে লিপ্ত থাকেন, তবে এখনই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তা ত্যাগের সংকল্প করুন।

আল্লাহ–তাআলা আমাদের তওবা করার জন্য বারবার সুযোগ দেন; কিন্তু সেই সুযোগের একটি শেষ সীমা আছে। নিজের আত্মার সঙ্গে সৎ হোন। মৃত্যুর ফেরেশতা আসার আগেই আল্লাহর দিকে ফিরে আসুন।

আল্লাহ বলেছেন, ‘হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো একনিষ্ঠ তওবা।’ (সুরা তাহরিম, আয়াত: ৮)

আরও পড়ুন