ইসলামে নারীর অধিকার ও সম্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম মানবতার ধর্ম, ইসলাম প্রকৃতির ধর্ম। এই প্রকৃতিতে নারী ও পুরুষ উভয়েরই প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনস্বীকার্য। তাই ইসলাম নারী ও পুরুষ প্রত্যেককে যার যার উপযুক্ত সম্মান ও প্রয়োজন মাফিক অধিকার দিয়েছে। মানবসভ্যতার সূচনায় আল্লাহ তাআলা আদি পিতা হজরত ‘আদম’ আলাইহিস সালামকে বানালেন। অতঃপর তৈরি করলেন আদি মাতা হজরত ‘হাওয়া’ আলাইহাস সালামকে। এভাবেই মানবসভ্যতার উন্মেষ ঘটল, বিকাশ ঘটল মানবজাতির।

নারী-পুরুষের অংশগ্রহণে সমৃদ্ধ হলো সমাজ। পৃথিবীর সব নারী কারও স্ত্রী, কারও মা, কারও বোন, কারও কন্যা। এসব পরিচয়ের যেকোনো একটিই নারীর মর্যাদা ও অধিকারের জন্য যথেষ্ট। সর্বোপরি একই নারী কখনো স্ত্রী, কখনো মা, কখনো বোন, কখনো কন্যা। বাবা আদম (আ.) ছাড়া পৃথিবীর তাবৎ পুরুষ কোনো না কোনো নারীরই সন্তান, তাই নারী এত মহীয়ান।

পবিত্র কোরআনে বিবৃত হয়েছে, ‘হে মানবমণ্ডলী! তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের সৃজন করেছেন এক সত্তা হতে এবং তা হতে বানিয়েছেন তার জোড়া এবং বিস্তৃত করেছেন এতদুভয় হতে বহু নর ও নারী।’ (সুরা নিসা, আয়াত: ১)। চরম ধৈর্যের পরম পরাকাষ্ঠা প্রদর্শন করে যিনি দুনিয়ায় ধৈর্যের আকররূপে জগৎজোড়া সুখ্যাতি লাভ করেছেন, সেই নবী হজরত আইয়ুব (আ.)। তাঁর জীবনেও সহযোগী ছিলেন একজন মহীয়সী নারী, তাঁর স্ত্রী বিবি রহিমা (আ.)। (৩৮: ৪৪)। পৃথিবীর সেরা নারীদের ইতিহাসে আরও যাঁরা যুক্ত হয়েছেন, মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-এর সহধর্মিণী মোমিন মাতা হজরত বিবি খাদিজা (রা.), হাফসা (রা.), আয়িশা (রা.), মারিয়া (রা.)-সহ নবীপত্নীগণ।

পুরুষের জীবনে নারীর প্রভাব যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি পরকালেও স্ত্রীর সাক্ষ্য পুরুষের জন্য প্রয়োজনীয়। ইহকালীন উন্নতিতে যেমন নারীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, পরকালেও নাজাতের জন্য নারীর ভূমিকা থাকবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে তার স্ত্রীর নিকট উত্তম।’ (মুসলিম ও তিরমিজি)। বিদায় হজের ভাষণে মহানবী হজরত মুহাম্মাদ (সা.) বলেছেন, ‘তোমরা যা খাবে, তাদেরকে তা খাওয়াবে। তোমরা যা পরবে, তাদেরকে তা পরাবে। সাবধান! তোমরা তাদেরকে আল্লাহর নামে গ্রহণ করেছ!’ (সিরাতে ইবনে ইসহাক)। নবী-রাসুলদের ওপর নাজিলকৃত আসমানি কিতাবের অন্যতম ইঞ্জিল কিতাবের অধিকারী মরিয়ম তনয় হজরত ঈসা (আ.)। তিনি পবিত্র নারীর সন্তান এবং নারী মায়ের প্রতি কর্তব্যপরায়ণ। তাঁর ওপর অবতীর্ণ গ্রন্থ ইঞ্জিলেও নারী অধিকার সুরক্ষার বিষয়টি বিধৃত হয়েছে।

কোরআনের ভাষায়, ‘তিনি (হজরত ঈসা আ.) বললেন, আমি আবদুল্লাহ (আল্লাহর বান্দা), আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী করা হয়েছে। আর আমাকে বরকতময় করা হয়েছে। যেখানেই আমি থাকব, আমাকে সালাত ও জাকাতের নির্দেশ করা হয়েছে যত কাল আমি বেঁচে থাকব। সর্বোপরি আমাকে মায়ের ভালো ছেলে রূপে পাঠানো হয়েছে; আমাকে রূঢ় দুর্ভাগা করা হয়নি।’ (সুরা মরিয়ম, আয়াত: ৩০-৩২)। একজন সাহাবি নবীজি (সা.)-এর কাছে জানতে চাইলেন, আমার সেবা ও সম্মান পাওয়ার বেশি হকদার কে? নবীজি (সা.) বললেন, তোমার মা। সাহাবি পুনরায় বললেন, তারপর কে? নবীজি (সা.) বললেন, তোমার মা। সাহাবি আবার বললেন, তারপর কে? নবীজি (সা.) বললেন, তোমার মা। সাহাবি আবারও জিজ্ঞেস করলেন, তারপর কে? নবীজি (সা.) এবার বললেন, তোমার বাবা। হাদিস শরিফে আরও রয়েছে, ‘মায়ের পদতলে সন্তানের জান্নাত।’ (বুখারি ও মুসলিম)।

প্রিয় নবীজি (সা.)-এর দুধমা হজরত হালিমা সাদিয়া (রা.) একবার নবীজি (সা.)-এর কাছে এলেন, তখন নবীজি (সা.) নিজের পাগড়ি খুলে বিছিয়ে দিয়ে তাতে তাঁকে বসালেন। সাহাবায়ে কিরাম অবাক হয়ে জানতে চাইলেন এই মহাসম্মানিত রমণী কে? নবীজি (সা.) বললেন, ইনি আমার দুধমা। (সিরাতে খাতামুল আম্বিয়া)। মায়ের সমপর্যায়ের নারীগণ যথা: খালা, ফুফু, চাচি, মামি এবং মায়ের বান্ধবী, সহচরী ও সমবয়সী নারীগণও মায়ের মতো সম্মান পাবেন। তাঁদের সম্মান করলে মাকেই সম্মান করা হবে এবং তাঁদের সেবা করলে মাতৃসেবার পুণ্য লাভ হবে। (তাফসিরে আজিজি, শাহ আবদুল আজিজ মুহাদ্দিসে দেহলভি রহ.)। রক্তের সম্বন্ধের আত্মীয়তার সবচেয়ে নিকটতম সম্পর্ক হলো ভাইবোন। প্রত্যেক ভাইয়ের জন্য বোন অতি প্রিয়, অত্যন্ত আদরণীয় ও অতীব সম্মানীয়। ভাইয়ের প্রতি বোনদের রয়েছে অধিকার ও আবদার।

সন্তান আল্লাহর সেরা দান। কন্যাসন্তান এই জগৎসংসারে শ্রেষ্ঠ নিয়ামত। হাদিস শরিফে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যার তিনটি কন্যাসন্তান হলো এবং সে তাদের যত্ন করে লালন পালন করে, লেখাপড়া শিখিয়ে সুপাত্রস্থ করল; তার জন্য জান্নাতের দরজা খুলে গেল। একজন সাহাবি জিজ্ঞেস করলেন, হুজুর! কারও যদি দুটি কন্যাসন্তান থাকে? নবীজি (সা.) বললেন, সে-ও জান্নাতি। আরেকজন সাহাবি প্রশ্ন করলেন, হজরত! যদি কারও একটিমাত্র কন্যাসন্তান থাকে? প্রিয় হাবিব (সা.) বললেন, সে-ও জান্নাতে যাবে। (মুসলিম ও তিরমিজি)।

মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী : বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব ও আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজমের সহকারী অধ্যাপক
smusmangonee@gmail, com