আটচালার মা ঠাকরুন
স্বামী বিবেকানন্দ জাহাজের ডেকে বসে আছেন। এইমাত্র তিনি তাঁর গৌর আলোয়ান ছেড়ে সাদা ধুতি পরছেন। আরব সাগরের উছলি বাতাস সেটা উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। স্বামীজি চিন্তা করছেন, সাগরের ঢেউয়ের দিকে একটু করে তাকাচ্ছেন এবং ভাবছেন, সন্ন্যাসী জীবনে কি কিছুই স্থির নয়। না! এখন কিছুটা স্থির তিনি হয়েছেন। বন্ধু খেতরির মহারাজার দেওয়া নামটাকেই অবশেষে স্থির করছেন প্রায়োগিক নাম হিসেবে। নামটাও গালভরা, স্বামী বিবেকানন্দ। সন্ন্যাসীর এ-ই নিয়তি। বিবেকানন্দের আড়ালে হারিয়ে যায় বিলেরা। একদম বলকান সাগরের গা ঘেঁষে জাহাজ চলছে। বন্দরের নাম এদ্যিপর্তে। ইস্তাম্বুল ছাড়িয়ে এখানে গ্রিক জিপসিদের দেশ। এখানে জাহাজ দাঁড়ায় কিছুক্ষণের জন্য। স্পষ্ট দেখা ঊষর বালু বালু বন্দর। সেখানে জিপসিদের পণ্যের পসরা। বিদেশি পর্যটক-আকর্ষক মূর্তি। একটা মূর্তির দিকে চোখ আটকে যায় নরেনের। কার মূর্তি এটা। দেখতে আমাদের দশভুজা সর্বজয়ার মতোই। ভারতবর্ষের সঙ্গে প্রাচীন গ্রিসের যোগাযোগ নিবিড়। বিবেকানন্দ লিখতে শুরু করলেন, প্রাচ্য ও প্রতীচ্য।
মা দশভুজাকে দেখছি শক্তির প্রতীকে, আমাদের ছোটবেলার আটচালার ঠাকরুন আর বলকান অঞ্চল পেরোনো আর্য পূর্বপুরুষের দেবী; সে তিনি যা-ই হোন। বাঙালির জীবনে, যাপনে এবং চোখে তিনি সর্বোপরি আমাদের গেরস্ত মা-ই। আটচালার ঠাকরুন। শক্তির এই প্রতীককে আত্মস্থ করে নিজেদের আটপৌরে ঘরের মেয়ে বানানোর কাজ বাঙালি ছাড়া কে পারে আর এমন।
দেবীদুর্গা কিন্তু বৈদিক দেবী নন, পৌরাণিক দেবী। পৌরাণিক বেশির ভাগ দেবীর মতোই তিনি শক্তিরূপা। পুরাণে তাঁর রূপ তিনটি—প্রথমত তিনি দেবীদুর্গা। তিনি সিংহ বাহিনী। তাঁর দ্বিতীয় রূপে আমরা তাঁকে দেখতে পাচ্ছি দেবী জগদ্ধাত্রী রূপে। এই রূপে তিনি সিংহ বাহিনীই বটে, কিন্তু দ্বিভুজা। এবং সবশেষে তিনি দেবী ভবানী। এখানে তিনি সিংহ বাহিনী নন, ব্যাঘ্র বাহিনী। ভারতবর্ষের বাংলা বাদে সর্বত্র পূজা চলে আসলে দেবী ভবানীর। বিশেষ করে ছত্রপতি শিবাজির দেবী ভবানীর পূজা প্রায় মিথ হয়ে আছে।
মজার ব্যাপার হচ্ছে, আমাদের বঙ্গভূমে ফকির-সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম প্রেরণাদাত্রী ছিলেন দেবী ভবানী। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠেও এর উল্লেখ পাচ্ছি। কিন্তু তখন বোধ করি তিনি শক্তির দেবী হিসেবেই পূজিত হতেন বেশি। ভবানী পাঠকের কুলদেবীর নাম ছিল ধলানি, তিনি শ্বেতদুর্গার প্রতিরূপ। তিনি শক্তিদাত্রী। কিন্তু দশভুজার পূজা প্রথম শুরু হয়েছিল কখন? প্রথম শুরু করেছিলেন কে? মোটামুটি সমর্থিত সূত্র বলছে বল্লাল সেনের কথা। ঘটা করে পূজা শুরু তাঁর জমানায়। পরে তাঁর ছেলে লক্ষণ সেনের জমানাতেও অক্ষুণ্ন ছিল এই জৌলুশ। সেনরা ছিলেন কৌঞ্জি ব্রাহ্মণ। তাঁদের কুলদেবী শক্তি হওয়ারই কথা। সেখান থেকে লোকজ বাঙালিয়ানার মিশেলে দেবীর লোকদেবী হয়ে ওঠার প্রক্রিয়া সম্পন্ন। অবশ্য তার আগে কৈবর্তদের মধ্যে প্রচলিত ছিল দেবী দেবলীর পূজা। তিনি একই সঙ্গে সহজিয়া বৌদ্ধবাদেরও দেবী। তবে দেবীদুর্গার পুরোদস্তুর বাঙালির দেবী হয়ে ওঠার প্রক্রিয়া শুরু স্বাধীন সুলতানি আমলে।
আলাউদ্দিন হোসেন শাহের দরবারে ব্রাহ্মণ সমভিব্যাহারে রাজা আসছেন পূজার সওগাত নিয়ে, এমন তথ্য পাচ্ছি কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতে। কৃত্তিবাস তাঁর রামায়ণে ভগবান রামচন্দ্রের অকালবোধনের বর্ণনা এভাবে দিচ্ছেন: আছুলি বছুলি করে কান্ত কুমার/ নিও গুনেশত মন দিও গুনি ভার।
কাজেই বোঝা যাচ্ছে, মধ্যযুগে দেবী তাঁর শক্তিরূপেণ মূর্তিতে বেশ প্রতাপের সঙ্গেই ছিলেন। মধ্যযুগের ভক্তিবাদে ভাসা বাংলায় দেবী সিংহ বাহিনী কেমন ছিলেন, বোঝার উপায় নেই খুব একটা। তবে যবন হরিদাস যে চৈতন্য চরিতামৃতে উল্লেখ করছেন, সেখানে দেখছি, নিমাই প্রভুদের (শ্রীচৈতন্য) কুলদেবী জগদ্ধাত্রী। তবে দেবীকে আবার আবিষ্কার করছি নবাবি আমলে এসে। বাংলার সামন্ত রাজা ও জমিদারদের গৃহের দেবী তখন দাওয়াত পেতেন নবাব পরিবারে। তারাসুন্দরীর সঙ্গে সিরাজ নবাবের বিখ্যাত প্রেমকাহিনির সূত্রপাত হয়তো এ রকম কোনো বিজয়া দশমীর দিন—সিথানে ভাসানে।
আমাদের ভাবতে ভালো লাগছে রানি ভবানীর সর্বজয়া বিজয়াতে নিমন্ত্রিত নবাব। আটচালার চিকের ফাঁক দিয়ে তাঁকে দেখছে তারাসুন্দরী। তখনকার সময় থেকেই পূজায় হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের সমান গতায়াত। তবে বাঙালির আটচালার ঠাকরুন দেবীদুর্গার পূর্ণ যৌবনকাল বোধ করি ব্রিটিশ আমল। অনেকগুলো অর্থনৈতিক কার্যকারণ এখানে জড়িত। অনেক দিনের মুসলমান শাসন শেষে ব্রিটিশ আমলই হলো বাঙালি হিন্দু গেরস্তর পুঁজি সঞ্চয়ের কাল। বাঙালি হিন্দু তখন নগদ পুঁজির একটা বর্তনের মধ্যে সতত। ফলাফল, তার নগদ পুঁজি তাকে নিয়ে যাচ্ছে জৌলুশে। পূজা, ভাসান, পায়রার রেস, বাই নাচ—এই উপকরণগুলো সবই বাঙালির জীবনে; মা আছেন এ সময়ে। এ সময়ে কলকাতার বিখ্যাত পূজাগুলোর মধ্যে ছিল লাহাবাড়ি ও মল্লিকবাড়ির পূজা। পূর্ব বাংলায় ভাওয়াল স্টেটের পূজা। সে সময়ের সবচেয়ে দামি শিফন ধুতি-পরা বাবুদের বাবুয়ানা, বাবু কালচার যেমন এ সময়ের পূজার সঙ্গে মিশে একাকার; তেমনি এ সময়ে আবার দেখছি নমশূদ্র কৃষক আর আতরাফ মুসলমানের একত্র বারোয়ারি পূজা। এ সময়ের পুঁথিতে খুব দারুণভাবে এসেছে ব্যাপারটা: ‘কী দুগ্গা দেখলাম চাচা, এক বেতা সিঙ্গির পর, হাতে কাল্যাড়।/ আরেক বেটি ধানের আছন, বেছন ঘরের পেঁচা।’
এই হলো পূজা। আর পূজায় আছে মহারাজা নন্দকুমারের স্মৃতি। প্রচণ্ড গোঁড়া মুরশিদকুলি খাঁর আমলে এক হাজার ৮০০ ঢাক বাজিয়ে পূজা করা হিম্মতের ব্যাপারই বলতে হবে। ওয়ারেন হেস্টিংসের নন্দকুমারের ফাঁসি দেওয়াটা বাঙালি হিন্দুর শারদপ্রাতে ভাসানই বটে। এ সময়ের সবচেয়ে সুন্দরী বাই ছিলেন মুশেরা বাই। লক্ষ্ণৌয়ের। ওয়ারেন হেস্টিংসের সঙ্গে তাঁর প্রেমকাহিনির সূত্রপাত নন্দকুমারের পূজায় গিয়েই। শ্যামলা বাঙালি মেয়েগুলোর মাঝখানে মহাশ্বেতা মুশেরার প্রেমে পড়াই স্বাভাবিক। তবে মুশেরা কি প্রেমে পড়েছিলেন নন্দকুমারের? ঘুষের অভিযোগে নন্দকুমারের ফাঁসি হয়। তারপর আর জনসমক্ষে দেখা যায়নি মুশেরাকে।
তবে বাঙালির জীবনে দশভুজার পূজা নতুন অর্থ নিয়ে আসে বিশ শতকে। এ সময় আসলেই নানাভাবে গুরুত্বপূর্ণ। স্বদেশি আন্দোলনের সবচেয়ে উত্তুঙ্গ সময় তখন। বিবেকানন্দ কেবল দেশে ফিরছেন শিকাগো ধর্মসম্মেলনে বিজয়পতাকা উড়িয়ে। এ সময় যেটা গড়ে ওঠে সেটা হলো পাড়ায় পাড়ায় বারোয়ারি পূজা। মজার ব্যাপার হলো, এই বারোয়ারি পূজা প্রচলনে নেতৃত্ব দিলেন যিনি, তাঁর নাম ড. ভুপেন্দ্রনাথ দত্ত। বিবেকানন্দের ছোট ভাই। তিনি রাজনীতি করছেন কমরেড লেনিনের সঙ্গে রুশ দেশে গিয়ে।
দুর্গাপূজাকে বাঙালি সংস্কৃতিতে আত্তীকরণ করে নিয়ে একে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে ব্যবহারের সমন্বিত প্রয়াসের শুরু এ সময় থেকে। তিরিশের দশকে এসে সবচেয়ে তীব্র আকার ধারণ করে এটা। এ সময় বাঙালির আট বাড়ির কিংবা বারোয়ারি পূজার খুব স্বাভাবিক দৃশ্য ছিল কার্তিকের মুখের আদলে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মুখ। সুভাষ তখন বাঙালি জীবনে আসলেই কার্তিক। দেব সেনাপতি। ইংরেজদের খেদিয়ে দিচ্ছেন দেশ থেকে। ভুপেন্দ্রকুমার দত্তের প্রতিষ্ঠিত অনেকগুলো ক্লাব এখনো দক্ষিণ কলকাতায় পূজা চালিয়ে আসছে। এ সময়ে ঢাকার কথা বলতে গেলে বলতে হয় রূপলাল সাহার প্রতিষ্ঠিত পূজার কথা। তারপর রণদাপ্রসাদ সাহা চল্লিশ দশকের ফুলে-ফাঁপা অর্থনীতিতে শুরু করলেন নিজের পূজা, টাঙ্গাইলে।
সিংহবহনা যুদ্ধকন্যাকে বাঙালির আটপৌরে মা বানানোর ক্ষমতা একমাত্র এই বঙ্গভূমেরই আছে। আমার খুব ভাবতে ইচ্ছে করে, আমি আছি তিরিশ দশকের ঢাকায়। শাঁখারীটোলা, তার ঠিক পাশে ঘরছাড়া ইহুদিদের পাড়া। তার পাশে ঢাক, তার পাশে ধুলো ধুলো মাটি। হয়তো কোনো আরমানি বাইয়ের ঘরের মাটি আনতে গেছে পাড়ার ছেলেরা। পূজায় যে লাগে বারাঙ্গনার মাটি। তার পাশে বুড়িগঙ্গা, টু পাইস হোটেল সদরঘাটের। ঢাকের ধ্বনি শোনা যাচ্ছে। ‘আসছে বছর আবার হবে।’
আসছে বছর কি সত্যি আবার হবে?
ডাল্টন সৌভাত হীরা: শিক্ষক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।