আত্মার শত্রু-মিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মানবচরিত্রের কিছু দোষ বা গুণ আছে, যা ইহকাল ও পরকালের সফলতা ও ব্যর্থতার নিয়ামক। আত্মার মন্দ স্বভাব বা নেতিবাচক বিষয়গুলোকে রাজায়েল বলা হয়। ‘রাজায়েল’ অর্থ মন্দ, নিকৃষ্ট, হীন, তুচ্ছ, ঘৃণ্য ইত্যাদি। রাজায়েল বহুবচন, এর একবচন হলো ‘রাজিল’; যা ‘রাজিলাত’ ধাতু থেকে নির্গত, এটি মূলত ‘ফাজিলাত’-এর (শ্রেষ্ঠ, উত্তম, ভালো) বিপরীত শব্দ। ইসলামি পরিভাষায় রাজায়েল হলো সেসব মন্দ স্বভাব, মন্দ আচরণ ও মন্দ কাজ, যা মানুষের সুকুমারবৃত্তির জন্য ক্ষতিকারক। সুফি পরিভাষায় রাজায়েল বলা হয় বিশেষ ১০টি মন্দ স্বভাবকে, যা তাছাওউফ ও মারেফাতের অন্তরায় বা বেলায়াত তথা আত্মোন্নয়ন ও আত্মশুদ্ধির পথে বাধাস্বরূপ। তরিকতের দৃষ্টিতে মৌলিক ১০টি রাজায়েল হলো: হিরছ (লোভ), তমা (উচ্চাভিলাষ), রিয়া (প্রদর্শনেচ্ছা), কিবর (অহংকার), কিজব (মিথ্যা), গিবত (পরনিন্দা), হাছাদ (হিংসা), উজব (অহমিকা), কিনা (পরশ্রীকাতরতা) ও বুখল (কৃপণতা)। (আল কওলুল জামিল)।

হিরছ

‘হিরছ’ অর্থ লোভ, লালসা, আকাঙ্ক্ষা, বাসনা ইত্যাদি। ইসলামি পরিভাষায় হিরছ হলো হারাম বা নিষিদ্ধ বস্তু বা বিষয়ের প্রতি লোভ করা। হিরছ নিকৃষ্ট পশুশ্রেণির অন্যতম বৈশিষ্ট্য। এটি ঘৃণ্য ও জঘন্য মন্দ স্বভাব, যা সৃষ্টির সেরা মানুষকে সর্বনিম্ন হীনতম স্থানে অধঃপতিত করে। হিরছ বা লোভ থাকলে মানুষ নফসের দাসে পরিণত হয়। লোভে আত্মমর্যাদা বিনষ্ট হয়; এর ফলে মানুষে আর পশুতে তেমন কোনো পার্থক্য থাকে না। যার পরিণতিতে মানুষ দুনিয়াদার বা দুনিয়াপূজারি হয়ে যায়। শেখ সাদি (রা.) বলেছেন: লোভীদের পাত্র হবে না কভু পূর্ণ; ঝিনুক যদি না হয় স্বল্পে তুষ্ট, হবে না মুক্তাপূর্ণ। (বুস্তাঁ)।

তমা

‘তমা’ অর্থ লালসা, অভিলাষ, উচ্চাকাঙ্ক্ষা, লোভ, বাসনা ইত্যাদি। ইসলামি পরিভাষায় ‘তমা’ হলো হারাম বা হালাল যেকোনো বস্তু বা বিষয়ের প্রতি অধিক লোভ করা বা অনিয়ন্ত্রিত বাসনা ও অদম্য লালসা। তমাসক্ত ব্যক্তি ন্যায়-অন্যায়ের পার্থক্য বোঝে না এবং তার কাছে হারাম-হালালের বাছবিচার থাকে না, বস্তুপূজায় নিজেকে নিমজ্জিত করে। লালসায় চরিত্র নষ্ট হয়, উদগ্র বাসনায় মানুষ ব্যক্তিত্ব হারায়। তখন সৃষ্টির সেরা ইনসান নর্দমার নোংরা কীটের চেয়েও জঘন্য হয়। তমা বা অনন্ত আশা দুনিয়ার আসক্তি বাড়িয়ে দেয়, আখিরাত থেকে বিমুখ করে। ফলে মৃত্যুর কথা স্মরণ হয় না বা মৃত্যুকে অপছন্দ ও অপ্রিয় মনে হয় এবং অস্থায়ী এই দুনিয়ায় স্থায়ীভাবে থাকার বাসনা জাগে। পরিণতিতে দুনিয়ার জন্য আখিরাত বা পরকালকে বিসর্জন দেয়; পর্যায়ক্রমে ফাসেকি থেকে কুফরির দিকে ধাবিত হওয়ার আশঙ্কা প্রবল হয়।

রিয়া

‘রিয়া’ অর্থ প্রদর্শন ও প্রদর্শনেচ্ছা ইত্যাদি। ইসলামি পরিভাষায় ‘রিয়া’ হলো কোনো ইবাদত বা নেক আমল মানুষকে দেখানোর জন্য অথবা সুনাম, সুখ্যাতি ও যশ অর্জনের জন্য অথবা জাগতিক কোনো স্বার্থসিদ্ধির জন্য করা। রিয়া এমন এক মন্দ স্বভাব বা বৈশিষ্ট্য, যা নিম্নশ্রেণির প্রাণীর মধ্যেও বিদ্যমান নেই। এহেন জঘন্য বদ গুণ সব নেক আমল ও পুণ্যকর্মকে বরবাদ করে দেয়। কষ্টে অর্জিত আমল নিষ্ফল হয়ে যায়। শরিয়তের আলোকে ‘রিয়া’ কবিরা গুনাহ ও প্রচ্ছন্ন শিরক। তরিকতের দৃষ্টিতে রিয়া হলো শিরকে আকবর (বড় শিরক)। হাদিস শরিফে আছে: কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল। (বুখারি)।

>লালসায় চরিত্র নষ্ট হয়, উদগ্র বাসনায় মানুষ ব্যক্তিত্ব হারায়। তখন সৃষ্টির সেরা ইনসান নর্দমার নোংরা কীটের চেয়েও জঘন্য হয়

রিয়া মূলত ইখলাস ও একনিষ্ঠতার বিপরীত; তাই রিয়াকারীর ইবাদত কবুল হয় না, তার সব আমল ব্যর্থতায় পর্যবসিত হয়। রিয়া বা আত্মপ্রচার তথা যশ ও জৌলুশ কামনা নফসের গোলামি করার শামিল। রিয়া বা খ্যাতির বাসনা দুনিয়ার আসক্তি বাড়িয়ে দেয়, আখিরাত থেকে বিমুখ করে। ফলে প্রতিক্ষণে ও সব সময় আখিরাত চিন্তার পরিবর্তে দুনিয়ার চিন্তা মাথায় কিলবিল করতে থাকে। সদা–সর্বদা দুনিয়া নিয়েই বিভোর থাকে, তার অন্তরে আল্লাহর জন্য প্রেম সৃষ্টি হয় না। রিয়াকারী তার সত্কর্মের ফল দুনিয়াতে পেলেও পেতে পারে; কিন্তু আখিরাত বা পরকালে তারা জান্নাতের খুশবুও পাবে না। (হাদিস)।

কিবর

‘কিবর’ অর্থ অহংকার, অহমিকা, আত্মম্ভরি বা আত্মশ্লাঘা ইত্যাদি। ইসলামি পরিভাষায় ‘কিবর’ হলো কোনো সত্যকে অস্বীকার করা। এ জঘন্য বদ গুণ সব নেক আমল ও পুণ্যকর্মকে বরবাদ করে দেয়। কিবর বা অহংকার শয়তানি চরিত্র। এই কিবরের কারণেই মুআল্লিমুল মালায়িকা (ফেরেশতাদের শিক্ষক) আজাজিল মালউন তথা অভিশপ্ত ও বিতাড়িত ইবলিস শয়তানে পরিণত হয়েছে। শেখ সাদি (রা.) বলেন: ইবলিসের (শয়তান হওয়ার) কারণ ছিল আমি উত্তম (এই অহংকার); এই ব্যাধি প্রত্যেকের সত্তায় আছে লুকানো। (গুলিস্তাঁ)। হাদিসে কুদসিতে আছে: (আল্লাহ তাআলা বলেন) অহংকার আমার গায়ের চাদর, যে অহংকার করল, সে আমার বসন নিয়ে টানাহেঁচড়া করল। (তিরমিজি)।

শরিয়তের আলোকে ‘কিবর’ কবিরা গুনাহ ও প্রচ্ছন্ন শিরক। তরিকতের নজরে কিবর হলো শিরকে আকবর বা বড় শিরক। হাদিস শরিফে আছে: যে অহংকার করে, আল্লাহ তাকে অবনমিত করেন। (মুসলিম)। কিবর হলো ‘তাওয়াদু’ বা বিনয়, ‘খুশু’ (ভীতি) ও ‘খুদু’র (নম্রতা) বিপরীত। অহংকারীর ইবাদত কবুল হয় না। কারণ, তার মধ্যে নিজেকে অধিষ্ঠিত ও প্রতিষ্ঠিত করার সুপ্ত বাসনা সদা জাগ্রত থাকে। কিবর বা আত্মাভিমান নফসের গোলামি বা আত্মপূজার শামিল। কিবর বা আত্ম-অহংকার মানুষকে অন্ধ করে দেয়, তখন সে ন্যায়–অন্যায়, সত্য-মিথ্যা, ভালো-মন্দ, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এমতাবস্থায় সে আখিরাত থেকে বিমুখ হয়ে যায়; দুনিয়ার চিন্তা মাথায় দানা বাঁধতে থাকে। ছোট-বড় সব বিষয়ে অসহিষ্ণু ও প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। ফলে সে পাপের পথে তাড়িত হয়। এভাবে তার দুনিয়া ও আখিরাত উভয়ই ধ্বংস হয়ে যায়।

কিজব

‘কিজব’ অর্থ মিথ্যা, বানোয়াট, অবাস্তব, অসত্য, অবিশ্বাস, অস্বীকার ইত্যাদি। ইসলামি পরিভাষায় ‘কিজব’ হলো কোনো সত্যকে অস্বীকার বা অবিশ্বাস করা অথবা অবাস্তব ও অসত্য কিছু বলা বা প্রকাশ করা। কিজব মানবচরিত্রের সবচেয়ে নিকৃষ্ট ও জঘন্য স্বভাব। হাদিস শরিফে আছে: মিথ্যা সব পাপের মূল। (বুখারি)। কিজব বা মিথ্যা শয়তানের চেয়েও জঘন্যতম চরিত্র। আরবি প্রবাদ রয়েছে, ‘সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে দেয়।’ (তালিমুল মুতাআল্লিম)।

মিথ্যাবাদী নির্লজ্জ ও মর্যাদাহীন হয়। তাদের চরিত্র বলে কোনো কিছুই অবশিষ্ট থাকে না। তারা ভ্রম ও ভ্রান্তির জগতে অবস্থান করে, তখন তাদের ন্যায়–অন্যায়, সত্য-মিথ্যা, ভালো-মন্দ, হিতাহিতজ্ঞান তিরোহিত হয়। এই অবস্থায় তারা আখিরাত থেকে বিমুখ হয়ে যায়, সদা দুনিয়ার চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকে; প্রয়োজনে ও অপ্রয়োজনে মিথ্যা বলে। সত্য, সুন্দর, মঙ্গল ও কল্যাণচিন্তা তাদের কল্পনায়ও আসে না। তারা শুধু নরাধমই নয়, এরা সৃষ্টিরও অধম। আল্লাহ তাআলা বলেন: মিথ্যাবাদীদের ওপর আল্লাহর লানত (অভিশাপ)। (৩: ৬১)। রাসুলুল্লাহ (সা.) বলেন: যা শুনে তা বলতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। (মুসলিম)। 

মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্‌ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।