আনন্দময় ইবাদত ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইফতারের সুন্নত

খুরমা, খেজুর বা মিষ্টান্ন দ্বারা ইফতার করা সর্বাপেক্ষা উত্তম; যদি তা দ্বারা সম্ভব না হয়, তাহলে যেকোনো ফল দ্বারা ইফতার করা ভালো। আর যদি এটাও সম্ভব না হয়, তাহলে যেকোনো হালাল খাদ্যবস্তু দ্বারা এমনকি শুধু পানির দ্বারাও ইফতার করা যায়। হজরত সালমান ইবনে আমির (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন: তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দ্বারা; নিশ্চয় পানি পবিত্র। (আহমাদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ ও দারেমি শরিফ; আলফিয়্যাতুল হাদিস: ৫৬২, পৃষ্ঠা: ১৩১-১৩২)। হাদিসে পানিমিশ্রিত দুধ (ঘোল ও মাঠা) দ্বারা ইফতার করার হুকুমও বর্ণিত রয়েছে। মাগরিবের নামাজের আগে ইফতার করা মোস্তাহাব বা উত্তম। ইফতারের সময় এই দোয়া পড়া সুন্নত, ‘আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু’। এর অর্থ: হে আল্লাহ! আপনার জন্য আমি রোজা রেখেছি, আপনার রিজিক দ্বারা ইফতার করছি।

রোজাদারকে ইফতার করানোর ফজিলত

হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহ মাফ হয়ে যাবে, সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, ওই রোজাদারের সওয়াবের সমপরিমাণ সওয়াব সে লাভ করবে। তবে ওই রোজাদারের সওয়াবে কোনো কম করা হবে না।’ সাহাবায়ে কেরাম এ কথা শুনে বললেন, ইয়া রাসুলুল্লাহ! আমাদের অনেকেরই রোজাদারকে ইফতার করানোর সামর্থ্য নেই। রাসুলুল্লাহ (সা.) তখন বললেন: পানিমিশ্রিত এক কাপ দুধ বা একটি শুকনো খেজুর অথবা এক ঢোঁক পানি দ্বারাও যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায়, তাতেও আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তিসহকারে আহার করাবে, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে এমন পানীয় পান করাবেন, যার ফলে সে জান্নাতে প্রবেশ করার পূর্ব পর্যন্ত তৃষ্ণার্ত হবে না।

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন: ওই সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ, অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশ্‌ক আম্বরের সুগন্ধির চেয়েও উৎকৃষ্ট। সে আমার জন্য আহার, পান ও কামাচার পরিত্যাগ করে। (বুখারি শরিফ, সওম অধ্যায়, পরিচ্ছেদ: ১,১৮৪, খণ্ড: ৩, পৃষ্ঠা: ২৩৮-২৩৯, হাদিস: ১,৭৭৩)। এর অর্থ এই নয় যে রোজাদার মুখ অপরিষ্কার রাখবেন। বরং রোজাদার নিজেকে আল্লাহর সন্নিধানে পেশ করার জন্য পবিত্র, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকবেন। যাঁদের মুখ থেকে যেকোনো কারণে গন্ধ বের হয়, তাঁরা অবশ্যই রমজান মাসে এই বিষয়ে বেশি সতর্কতা অবলম্বন করবেন। যাতে তাঁর মুখের দুর্গন্ধের কারণে অন্য কোনো রোজাদারের কষ্ট না হয়; রোজার ও রোজাদারের অসম্মান না হয়, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে। তাই রমজানে সাহ্‌রির পর ও ইফতারের পর ভালোভাবে মিসওয়াক করে বা ব্রাশ করে মুখ পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে দিনের বেলায়ও মিসওয়াক বা ব্রাশ করা যাবে।

রোজা হলো পানাহার ও রতিক্রিয়া থেকে বিরত থাকার নাম। তাই রোজা অবস্থায় দিনের বেলায় মিসওয়াক করলে বা ব্রাশ করলে; এমনকি টুথপেস্ট ও দাঁতের মাজন ব্যবহার করলেও রোজা ভঙ্গ হবে না। এমনকি প্রয়োজনে মাউথওয়াশও ব্যবহার করা যাবে। রোজা অবস্থায় মিসওয়াক করাই ভালো, ব্রাশও করা যাবে; তবে টুথপেস্ট, মাজন, ছাই ইত্যাদির যেহেতু নিজস্ব স্বাদ ও গন্ধ রয়েছে, তাই এগুলো ব্যবহার না করাই ভালো। ফকিহগণ মনে করেন, এটি রোজার উদ্দেশ্যের কিছুটা হলেও বিপরীত। যেহেতু শরীরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গেরও রোজা আছে। তবে এতে রোজা ভঙ্গ হবে না এবং কাজা বা কাফফারাও প্রয়োজন পড়বে না। টুথপেস্ট গলায় প্রবেশ করলে রোজা ভঙ্গ হবে, কাজা আদায় করতে হবে; কাফফারা লাগবে না। (দুররুল মুখতার, রদ্দুল মুহতার)।

মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্‌ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।