গুলশানে জঙ্গি হামলার পর থেকেই মূলত সন্তানের সঙ্গে মা-বাবা বা পরিবারের বন্ধন নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এ ঘটনার আগে যেসব সন্ত্রাসী সহিংসতার জন্য মারা গেছে বা ধরা পড়েছে, তাদের মধ্যে উচ্চবিত্তের উচ্চশিক্ষিত সন্তান ছিল না বললেই চলে। নিম্নবিত্তের মাদ্রাসাপড়ুয়া সন্তানদেরও যে পারিবারিক বন্ধন প্রয়োজন, তা এত দিন কারও মনে আসেনি। এসব আলোচনার ধারাবাহিকতায় জাহাজবাড়ি অপারেশনে নিহত উত্তরাঞ্চলের এক মাদ্রাসাপড়ুয়া জঙ্গির পারিবারিক পরিচয় জানা গেল। তার নিম্নবিত্ত বাবার চার বিয়ে। পরিবারে টিকে থাকতে না পেরে সে দরিদ্র নানার বাড়ি চলে যায়। তারপর মাদ্রাসা এবং জঙ্গি হয়ে ওঠা। উচ্চবিত্ত ও উচ্চশিক্ষিত জঙ্গিদের পরিবারের কেউ কেউ গণমাধ্যমে কথা বলেছেন। তাঁদের সন্তানদের সঙ্গে পারিবারিক বন্ধন শিথিল ছিল না বলে উল্লেখ করেছেন।
কিন্তু সমাজগবেষক বা মনোরোগ চিকিৎসকেরা বলেন, না, দৃঢ় পারিবারিক বন্ধনে থাকা ছেলেমেয়েরা অসামাজিক বা দুর্বৃত্ত হতে পারে না। তবে পারিবারিক বন্ধন শব্দটিও আপেক্ষিক। আমাদের দেশের প্রেক্ষাপটে খুব উচ্চবিত্ত ও খুব নিম্ন আয়ের মানুষদের ভেতর তালাকের হার যতটা বেশি, মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তদের মধ্যে ততটাই কম। কিন্তু সেখানে পারিবারিক কোন্দল একেবারে নেই তা বলা যাবে না। পুরুষতান্ত্রিক নিপীড়ন, শ্রম বিভাজনের বৈষম্য, সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতা, আয়বৈষম্য, ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের বাধ্যবাধকতা, রাজনৈতিক মতানৈক্য ইত্যাদি ক্ষেত্রে কমবেশি প্রায় মধ্যবিত্ত পরিবারেই হাঙ্গামা-অসন্তোষের সৃষ্টি হয়। তারপরও মধ্যবিত্ত মূল্যবোধের এমনই জাদু যা থেকে হুট করে বেরিয়ে আসা স্বনির্ভর নর-নারীর পক্ষেও কঠিন। কিন্তু উন্নত বিশ্বে ব্যক্তিত্বের সামান্যতম সংঘাতেই বিচ্ছিন্নতা অবশ্যম্ভাবী। কিন্তু তাতে ব্যক্তিকেন্দ্রিক কিছু সুবিধা পাওয়া গেলেও সমাজের ক্ষতি বই লাভ নেই।
ভেঙে যাওয়া পরিবারের ৫ থেকে ১৬ বছরের ৮০০০ শিশুর ওপর আমেরিকার স্বাস্থ্য বিভাগের এক গবেষণায় দেখা গেছে, এদের দশজনের মধ্যে একজন মারমুখী, সন্ত্রাসী, মাদকাসক্ত ও অসামাজিক ক্রিয়াকলাপে যুক্ত। এ গবেষণায় আরও উঠে এসেছে যে শিশুরা মা-বাবা দুজনের সঙ্গে বাস করে তাদের তুলনায় বিচ্ছিন্নতার পর একক মা বা একক বাবার সন্তানেরা স্কুলে অমনোযোগী, দুর্বল স্বাস্থ্যের, সন্ত্রাসপ্রবণ ও নেশাসক্ত হয়। বিশ্বে একের পর এক সন্ত্রাসী হামলার কারণ অনুসন্ধান করতে গিয়ে সম্প্রতি দ্য গার্ডিয়ান পত্রিকা উল্লেখ করেছে, প্রতিটি হামলারই গতি–প্রকৃতি বিশ্লেষণে এটা নিশ্চিত যে মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিরাই বেশির ভাগ হামলা চালিয়েছে। তারাই জঙ্গিবাদের টোপ।
আলোচনায় বারবার উঠে আসছে বাবা-মা-অভিভাবকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সচেতনতা, নজরদারি ইত্যাদি সন্তানকে বিপথগামিতা থেকে রক্ষা করতে পারে। কিন্তু এ কথা কেউ বলছেন না, যে পরিবারে পারস্পরিক সম্পর্কের মধ্যেই গলদ থাকে সে পরিবারের শিশুদের কাছ থেকে সুশীল আচরণ প্রত্যাশা করা অরণ্যে রোদন। পৃথিবীতে এ রকম প্রচুর সিনেমা-সাহিত্য রয়েছে, যেখানে দেখানো হয়েছে মা-বাবার পরস্পরের মধ্যকার সহিংস আচরণ প্রত্যক্ষ করে শিশু নিরাপত্তাহীনতায় ভুগছে। তারপর একটু বড় হয়ে শিশুটি হয় আত্মহত্যা করছে, না হয় হন্তারক হচ্ছে বা মাদকসহ অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।
একটা টিভি চ্যানেলের শিশু মনস্তত্ত্বমূলক অনুষ্ঠানে একজন দর্শক প্রশ্ন করছিলেন যে তঁার পাঁচ বছরের সন্তান রাগ হলেই ভাঙচুর করে—এর প্রতিকার কী? মনোবিজ্ঞানী বিনয়ের সঙ্গে ওই দর্শক মাকে জিজ্ঞাসা করলেন, ঝগড়া হলে তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে কে ভাঙচুর করেন? দর্শক মা লজ্জা পেয়ে বললেন, ‘আমিই আগে করতাম, এখন তো আর করি না।’ তাহলে? তিনি যে দৃষ্টান্ত উপহার দিয়েছেন তার শিশুসন্তানটি সে উপহারের অমর্যাদা করে কী করে? যুবক পুত্র ধূমপান করেন জানতে পেরে পিতা বাড়িতে হুলুস্থুল কাণ্ড বাধালেন। পুত্রের মাতা লাই দিয়ে দিয়ে পুত্রের সর্বনাশ করছেন বলে যখন তিনি আস্ফালন করছিলেন, তখন তঁার মুখ দিয়ে ভুরভুর করে মদের গন্ধ বিচ্ছুরিত হচ্ছিল। তিরস্কৃত পুত্র পিতার আস্ফালনের দুপয়সা দামও দিলেন না।
তাই বলে একেবারে নির্বিরোধ পরিবার পাওয়া কি সোজা? যদি কোনো দীর্ঘদিনের দম্পতি বলেন যে তাঁদের মধ্যে কোনো দিন ঝগড়াঝাঁটি-মনোমালিন্য হয়নি তখন বুঝতে হবে হয় তাদের সে সম্পর্ক প্রাণহীন, না হয় দুজনের একজন মুখ বুজে সব মেনে নেন, যা বৈবাহিক স্বাস্থ্যের অনুকূল নয়। মনীষীরা বলেন, ‘পরিবার হচ্ছে মিউজিকের মতো, কখনো কড়ি কখনো কোমল, কিন্তু সব সময়ই একটা সুন্দর সংগীত।’ কথা হচ্ছে সেই সব পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের নিয়ে, যাদের মাত্রাতিরিক্ত সহিংস আচরণে শিশুরা ভীতসন্ত্রস্ত, একাকী, অনিরাপদ, অমনোযোগী ও আশ্রয়হীন হয়ে পড়ে। এ ছাড়া শিশুদের প্রতি অতিরিক্ত কড়াকড়ি আরোপ, চাহিবামাত্রই সবকিছু হাতে তুলে দেওয়া এবং অতি অমনোযোগও তার মানসিক বেড়ে ওঠার অন্তরায়। এরাই প্রধানত ঝুঁকে পড়ে অন্য কোনো রোমান্টিক আশ্রয়ে। এ ধরনের শিশু–কিশোরদের শনাক্ত করে তাদের বিপথগামিতায় পথনির্দেশ করার মদদদাতা বা সংগঠন আমার আপনার বাড়িঘরের আশপাশেই রয়েছে। সমাজগবেষক ও মনোবিদেরা এখনো বলেন, পরিবারই সন্তান লালনের মূল এবং অন্যতম প্রধান প্রতিষ্ঠান। তারপর শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠান। বিশ্ববিখ্যাত সাহিত্যিক অস্কার ওয়াইল্ড বলেছেন, ‘পরিবার আর কিছুই নয়, জীবিতকালের বেহেশত।’
কবি কুসুমকুমারী দাশ লিখেছিলেন, ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’ কিন্তু দুঃখের বিষয় বড় হওয়া দূরে থাক, কৈশোরই অতিক্রম করতে পারছে না আজকের এ প্রজন্ম। তাই ছড়াটি আজকাল এ রকমভাবে পড়তে ইচ্ছে করে—
‘আমাদের দেশে ত্রাস শেষ হবে কবে,
সুশীল পরিবারে শিশু বড় হবে যবে।’
উম্মে মুসলিমা: কথাসাহিত্যিক ও জেন্ডার সমতাবাদী লেখক।
[email protected]