আমার যিশু ও চৌধুরীবাড়ির 'মেজবান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তপন চৌধুরী
তপন চৌধুরী

আমরা সৌভাগ্যবান, কারণ আমাদের এত উৎসব। আমি যে সময়ে বড় হয়েছি, তখন আলাদা করে কে খ্রিষ্টান, কে হিন্দু, কে মুসলমান; এ রকম চিন্তা মাথায়ই আসত না। উৎসব, পালা-পার্বণে আমরা এক হয়ে যেতাম। আমাদের মায়েরাও, আমাদের বন্ধুরাও কখনো বুঝতে দেননি কে কোন ধর্মের। প্রতিবেশীদের বাড়িতে সবার জন্য দ্বার অবারিত ছিল। এখন মানুষের মনের মধ্যে যত বেড়া দেখতে পাই, ছোটবেলায় সে রকমটা দেখিনি। মা-বাবাদেরও বলতে শুনিনি। পারিবারিকভাবে সবাই যার যার ধর্মচর্চা করেছে, কিন্তু মেলামেশার মধ্যে তার প্রতিফলন ঘটতে দেখিনি। 
আমি পড়াশোনা করেছি জয়পুরহাটের খঞ্জনপুর মিশন স্কুলে, সেটা তখন ছিল বৃহত্তর বগুড়া জেলার মধ্যে। এই স্মৃতিগুলো বেশি মনে পড়ে এ জন্য যে, তখন বড়দিন মানেই অনেক আনন্দের। শুধু পরিবারের সঙ্গেই নয়, এলাকার বন্ধুবান্ধব, প্রতিবেশীদের নিয়েই উৎসব পালিত হতো। আমার গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়ার আতাইকুলায়। সেখানকার মাহাত্ম্য ছিল আমার দাদার উদ্যোগে বড়দিনের বিশেষ ভোজের আয়োজন—অনেকটা মেজবানধরনের। জাতি-ধর্মনির্বিশেষে সবাই আসত, কাউকে আলাদা করে দাওয়াত দিতে হতো না। সবাই জানত যে, চৌধুরীবাড়িতে বড়দিনের দাওয়াত।
সকালবেলা ক্রিসমাসের আচার-প্রথার পরে, পিঠা আর চা দিয়ে আপ্যায়ন শুরু হতো। তার পরে দুপুর থেকে বিকেল অবধি একেবারে দেশীয় কায়দায় খাওয়া-দাওয়া চলত। মুরব্বিরা আড্ডায় মশগুল হতেন। ঈদের সময়, পূজার সময়ের মতো ছেলেমেয়েরা রঙিন কাপড় পরে আসত। বড়দিন উপলক্ষে গ্রামে মেলাও বসে যেত। সে এক ভীষণ আনন্দের সময়।
ডিসেম্বরের শুরুতে, যখন খেজুরের রস জমত, সরষেখেত হলুদ হয়ে যেত, তখনই আমাদের মনে বড়দিনের বাজনা বাজা শুরু হতো। সন্ধ্যাবেলা বড়দের পেছন পেছন বালক-বালিকারা যিশুর কীর্তন গাইতে গাইতে বাড়ি বাড়ি যেতাম, পিঠা খেতাম। রাত জেগে কীর্তন শোনার আকর্ষণটাই আলাদা ছিল। মা বলত, ‘এত ছোটদের যেতে হবে না...শীত লাগাবি না একেবারে।’ আমরা কি আর শুনি! চাদর-শাল গরম কাপড় দিয়ে গা-মুড়িয়ে আমরা বেরোতাম। এটা কিন্তু ইংরেজি ক্যারল গাওয়া না, একেবারে ঢোল-করতাল নিয়ে দেশীয় গান। গ্রামেগঞ্জে কোনো না কোনোভাবে এখনো এসব প্রচলিত। এলাকার মেয়েদের জামাইরা সবাই চলে এলে মজা আরও বাড়ত। বছরের এই সময়ে সবার সঙ্গে দেখা হবে, এটা ছিল অবধারিত।
বড়দিনের আগের রাতে খুশির চোটে আমাদের ঘুমই হতো না। ঈদের আগের রাতে বাচ্চারা যেমন অস্থির থাকত, কত ভোর-ভোর উঠবে! আমাদের মুসলমান ও হিন্দু বন্ধুরাও ভোরবেলা আমাদের সঙ্গে উঠে পড়ত। সে এক দারুণ উত্তেজনা! আর নির্দোষ দুষ্টুমি কিছু যে ছিল না তা নয়। যেমন নিজেদের বাড়ির গাছ থেকে চুরি করে খেজুরের রস খাওয়া। সকালবেলা বাড়ির লোক দেখে, কলস আছে কিন্তু রস নেই। আমাদের বাচ্চারা, যারা শহরে বসবাস করে, তারা এসব পায় না। তারা প্রকৃতি, গাছপালা, পাখি চেনে না। উৎসবের সর্বজনীন আনন্দ থেকেও তারা বঞ্চিত। হলুদ যে মাটির তলায় হয়, সরষেখেত যে হলুদ হয়ে থাকে, ঘানিতে তা ভাঙানো হয়, এসব তাদের কে শেখাবে?
আমাদের সেই ছোট মনে যেমন, এখনো তেমন যিশুর কল্পনা ভাসে। কখনো তা লম্বা চুলের শুভ্র চেহারার, কখনো তা সাঁওতাল এলাকার কালো যিশু। এখনো যখন চোখ বন্ধ করে প্রভু যিশুখ্রিষ্টকে কল্পনা করি, দেখি আমাদের মতোই একজন মানুষ। তখন চট করে নিজেদের সঙ্গে তাঁকে মিলিয়ে নিতে পারি। কিছুদিন আগে এশিয়ার বৃহত্তম হাসপাতাল ভারতের ভেলোরের খ্রিষ্টান মেডিকেল কলেজ থেকে একজন চিকিৎসক স্কয়ার হাসপাতাল দেখতে এসেছিলেন। তিনি আমাদের এক মুসলিম চিকিৎসককে দেখে বললেন, ‘ওনার শুভ্র সৌম্য দাড়ি, শান্ত চেহারা দেখে আমার জেসাস ক্রাইস্টের কথা মনে হয়!’ এটাই তো মানবের মধ্যে মহামানবের আভাস! মানুষের চরিত্রের মধ্যে ঐশী গুণাবলি প্রতিফলিত হয়, তেমনি যিশুর চরিতমাহাত্ম্য মানবতারই প্রতিচ্ছবি।
বাংলাদেশের খ্রিষ্টান সমাজের সৌভাগ্য, আমরা বাংলাদেশের সমাজ-সংস্কৃতি-ভাষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। বাংলাদেশের খ্রিষ্টান সংস্কৃতি সম্পূর্ণভাবে বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে মেশানো। চার্চের ধর্মকথা, কীর্তন, বাইবেলের প্রচার সবই বাংলা ভাষায়। আধুনিক বাংলা ভাষার বিকাশে তাঁদের অবদান অস্বীকার করা যাবে না। এমনকি আমাদের মুক্তিযুদ্ধেও তাঁদের অনেকে এমনকি জীবনও দিয়ে গেছেন। গ্রামেগঞ্জে শিক্ষাবিস্তারে, মানবতার সেবায়, চিকিৎসায় তাঁরা নিজেদের উৎসর্গ করে গেছেন। এখন পর্যন্ত বাংলা মাধ্যমের অনেক ভালো বিদ্যালয় তাঁরা চালিয়ে যাচ্ছেন। আমি নিজেও সে রকম বিদ্যালয়ে প্রায় বিনা পয়সায় পড়েছি।
যাঁরা ব্যবসা-বাণিজ্যের জন্য এ দেশে এসেছিলেন, তাঁদের কথা বলছি না। কিন্তু মানবতার সেবায় ধর্মের প্রচারে যাঁরা বাইরে থেকে এসেছিলেন, তাঁদের অনেকেই এ মাটিকে ভালোবেসে এখানেই থেকে গেছেন; এখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মানুষের সেবার এই আদর্শ তো সব ধর্মেরই মূল আবেদন। যিশুও সব সম্প্রদায়ের মানুষকে ভালোবেসে, তাদের মুক্তির শিক্ষাই আমাদের দিয়ে গেছেন। মানুষের বেশে এসে, ওই জীবন যাপন করে, মানুষের মতো কষ্টভোগ করে তিনি মানুষকে মুক্তি দিতে চেয়েছেন। ক্রুশবিদ্ধ হয়ে নিজের রক্তের বিনিময়ে তিনি আমাদের স্বাধীন ও পবিত্র করে গেছেন।
আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশি। এ দেশের মানুষ আমাদের অনেক দিয়েছে, এই ছোট্ট সরল কথাটা যেন আমরা সব সময় মনে রাখি। অনেক মহাপুরুষ এ দেশে জন্মেছেন, এটা আমাদের আত্মবিশ্বাস দেয়। আমাদের সাধারণ মানুষের চাহিদা অনেক কম। তাদের মুখে হাসি ফোটানো তো খুব কঠিন না। সবাই মিলে যদি আমরা দেশটাকে আপন করে নিই, তাহলে এই বাংলাদেশের কোনো দুঃখ থাকবে না।
লেখক: স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক