এসেছে মিলনের বেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটচিত্র: শম্ভু আচার্য্য
পটচিত্র: শম্ভু আচার্য্য

হিন্দুদের দুর্গাপূজা, মুসলমানদের ঈদ, খ্রিষ্টানদের বড়দিন ও বৌদ্ধদের বুদ্ধপূর্ণিমা—এসব যেমন ধর্মীয় উৎসব, তেমনি একই সঙ্গে এগুলো সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। এগুলোকে মেলাও বলা যেতে পারে, মানুষের মিলনমেলা। সব ধর্মের মানুষই এসব উৎসবে অংশগ্রহণ করে। এমনকি ইংরেজ আমলে বড়লাটরাও এসব অনুষ্ঠানে নিমন্ত্রিত হতেন।
হিন্দুধর্মাবলম্বীদের দুর্গা ও সরস্বতী—এই দুটি পূজাই প্রধান। আমার বেড়ে ওঠা পশ্চিমবঙ্গে। দেশ বিভাগ-পূর্ব সময়ে আমি সেখানকার দুর্গাপূজা দেখেছি। সে অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি, দুর্গাপূজার চরিত্র ছিল সর্বজনীন।
তখন দুর্গাপূজার সময় কলকাতায় যে গানবাজনা হতো, তার শিল্পীরা প্রায় সবাই ছিলেন মুসলমান। যে বাইজিরা নাচতেন, তাঁরা আসতেন লক্ষ্ণৌ থেকে। বাদক, তবলচি—সবাই ছিলেন মুসলমান, তাঁরা আসতেন মূলত বেনারস থেকে। ফলে জাতপাতের কোনো বালাই তখন ছিল না। আমি বড় হয়েছি বাঁকুড়া ও বিষ্ণুপুরে, সে সময় আমি কখনো বৈষম্যমূলক আচরণ দেখিনি।
তবে দুর্গাপূজা শুরু থেকেই সর্বজনীন ছিল না। দুর্গাপূজা সর্বজনীন হয়ে ওঠে উনিশ শতকের শুরুতে। সে সময় কলকাতার হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ ইংরেজদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে প্রভূত ধনসম্পদের মালিক হয়ে ওঠেন। এতে হিন্দুদের প্রথাগত জাতপাতের ব্যাপারটা কিছুটা নড়বড়ে হয়ে যায়। যেমন শোভাবাজারের রাজা রাধাকান্ত দেবের পিতামহ নবকৃষ্ণ দেব ফারসি ভাষায় অত্যন্ত দক্ষ ছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুনশি হয়ে প্রচুর অর্থ উপার্জন করেন। নবকৃষ্ণ দেব শোভাবাজার রাজবাড়ির দুর্গাপূজা শুরু করেন। তাঁর নির্দেশিত পথেই দুর্গাপূজা কলকাতার ধনিক বাবু সম্প্রদায়ের মর্যাদার প্রতীক হয়ে ওঠে। এর মাধ্যমে তিনি কলকাতার হিন্দু সম্প্রদায়ের নেতা হয়ে ওঠেন।
রাধাকান্ত দেবের পিতা গোপীমোহন দেব সেই পথ অনুসরণ করেন। রাধাকান্ত দেবও তাঁর সময়ের অত্যন্ত প্রভাবশালী মানুষ ছিলেন, যদিও তাঁরা ছিলেন শূদ্র। ব্রাহ্মণ রামমোহন রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাধাকান্ত দেব শূদ্র হয়েও নিজেকে হিন্দু ধর্মের প্রভাবশালী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। একইভাবে কলকাতার শীলবাড়ি ও মল্লিকবাড়ির পূজাও খুব প্রাচীন।
পূজা ও ঈদ—উভয় অনুষ্ঠানের সময় আমরা বন্ধুরা সবাই একত্র হতাম। দুর্গাপূজার সময় নাড়ু-মোয়া খাওয়ার স্মৃতি কখনোই ভোলার নয়। আমি ছাত্রজীবনে বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। ফলে অন্য সম্প্রদায়ের মানুষের প্রতি কখনোই কোনো বিদ্বেষ অনুভব করিনি।
আমার বন্ধুদের মধ্যে অনেকেই ছিলেন হিন্দু, অ্যাংলো ইন্ডিয়ান খ্রিষ্টানরাও আমার বন্ধুদের তালিকায় ছিলেন। একবার পূজার সময় আমি ও আমার কোয়েকার খ্রিষ্টান বন্ধু চার্লস ফ্রিম্যান আরেক বন্ধু দেবশরণ দাশগুপ্তের সঙ্গে এক পূজামণ্ডপে গিয়ে ঢোল বাজিয়েছিলাম। সেদিন সত্যিই অনেক আনন্দ পেয়েছিলাম। এখনো রামকৃষ্ণ মিশনে আমি পূজা দেখতে যাই। ছোটবেলায় বাঁকুড়াতেও দেখেছি, ঈদের সময় আমার হিন্দুধর্মাবলম্বী বন্ধুরা আমাদের বাড়িতে আসতেন। আমরা একত্রে খেতাম, ঘুরতাম। কথা হচ্ছে, আমাদের এই ঐতিহ্য শুধু রক্ষা করলেই চলবে না, এটাকে আরও সমৃদ্ধ করতে হবে।
উনিশ শতকের আগে হিন্দু-মুসলমান হানাহানি বা সংঘাত হয়নি। মুসলমানরা প্রায় ৭০০ বছর এই উপমহাদেশ শাসন করেছে। প্রথম দিকে হিন্দুদের সঙ্গে সংঘাত হলেও পরে একধরনের সমন্বয়বাদী ধারা এখানে গড়ে ওঠে। এটাকে বলা যায় কম্পোজিট সিভিলাইজেশন, রবীন্দ্রনাথের ভাষায় এটা হচ্ছে ‘বৈচিত্র্যের মধ্যে সঙ্গতিসাধন’।
সমস্যাটা শুরু হয়েছে ইংরেজ আমলে। ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে এটা হয়েছে। তবে এটা শুধু ধর্মীয় ব্যাপার নয়, এটা মূলত ক্ষমতা দখলের লড়াই। রাজনীতিতে ধর্মের ব্যবহারের কারণে আমাদের সর্বনাশ হয়েছে। এর ফল এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। ধর্মের মর্যাদা রক্ষার জন্য আমাদের উচিত হবে, ধর্মের রাজনৈতিক ব্যবহার বন্ধে একটি সামাজিক মতৈক্যের মাধ্যমে আইন প্রণয়ন করা।
আমার খুব দুঃখ হয়, এই স্বাধীন বাংলাদেশে দুর্গাপূজার আগে মণ্ডপ ও প্রতিমা ভাঙা হয়। অথচ পাকিস্তান আমলেও এ রকম ঘটনা দেখেছি বলে মনে পড়ে না।
সালাহ্উদ্দীন আহমদ: জাতীয় অধ্যাপক, ইতিহাসবিদ।