কৃচ্ছ্রসাধনের মাস রমজান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রমজান মানে জঠর জ্বালা, রমজানে ক্ষুৎপিপাসায় রোজাদারের পেটে আগুন জ্বলে, তাই এই মাসের নাম রমজান। কিন্তু আমাদের রমজানের বাজার করা এবং সাহরি ও ইফতারিতে যে ভোজের আয়োজন হয়, তাতে তা মনে হয় না। রমজান হলো ত্যাগের মাস, ভোগের মাস নয়। আমরা অনেকে সাহরি ও ইফতারিতে এমন ভোজনরসিক হয়ে যাই যে এতে অনেকের শরীরের ওজন পর্যন্ত বেড়ে যায়। আমরা অনেকেই আসলে রোজার উদ্দেশ্যই ভুলে যাই।
ইবাদতের জন্য শারীরিক শক্তি-সামর্থ্যও প্রয়োজন, তাই প্রয়োজনমতো হালাল খাদ্য গ্রহণ করতে হবে; ভারসাম্যপূর্ণ পুষ্টিকর খাবারের বিষয়টিও লক্ষ রাখতে হবে। ইফতার ও সাহরির সুন্নত পালন ও স্বাস্থ্য সুরক্ষার প্রতি যত্নবান থাকতে হবে; যাতে ইবাদতের অসুবিধা না হয়। ইবাদতের অনুকূল হালাল বা বৈধ উপার্জনের পোশাক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ সুন্নতি আরামদায়ক পোশাকের প্রতি মনোযোগী হতে হবে। যাঁরা নিয়মিত বিভিন্ন ওষুধ সেবন করেন, তাঁরা চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণের সময়সূচি নির্ধারণ করে নেবেন। যাঁদের শারীরিক ব্যায়াম বা হাঁটাহাঁটি করতে হয়, তাঁরাও তাঁদের সেই উপযুক্ত সময় নির্দিষ্ট করে নিতে হবে। যাঁদের শরীর বেশি ভারী, তাঁরা অতিরিক্ত ওজন কমানোর জন্য রমজানের এই সুযোগ গ্রহণ করতে পারেন। নিয়মিত ও পরিমিত আহার সুস্বাস্থ্যের নিয়ামক।
অনেকে অসাবধানতা ও উদাসীনতার কারণে সাহরি না খেয়েই রোজা পালন করেন, এটা উচিত নয়। কারণ এতে একদিকে যেমন সাহরির সুন্নতের সওয়াব ও বরকত থেকে বঞ্চিত হতে হয়, অপরদিকে এটি স্বাস্থ্যহানিকর ও ইবাদতকর্তব্য সম্পাদনে অন্তরায় হতে পারে। একইভাবে কেউ কেউ যথাসময়ে ইফতারি গ্রহণেও অলসতা করেন। এতেও ইফতারের সুন্নতের সওয়াব পাওয়া যায় না। এ ছাড়া ইবাদতে বিঘ্ন ঘটে এবং রোজাদার অসুস্থ হয়ে পড়তে পারেন।
পরিমিত সাহরি ও ইফতারি
সাহরিতে এমন খাবার গ্রহণ করা উচিত, যাতে রোজা পালন সহজ হয় এবং ইবাদতের অসুবিধা না ঘটে। সারা দিন রোজা রাখার পর ইফতারে এমন খাবার গ্রহণ করা উচিত, যাতে স্বাস্থ্য রক্ষা হয় এবং রাতে তারাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ ও অন্যান্য ইবাদতের সহায়ক হয়। একসঙ্গে বেশি পরিমাণে খাবার গ্রহণ না করে রাতে বারবার অল্প অল্প পরিমাণে খাওয়া যেতে পারে। ইফতারের পর থেকে সাহরি পর্যন্ত পানি ও তরল খাবার বেশি পরিমাণে গ্রহণ করা উপকারী।

ইনজেকশন, ইনসুলিন, রক্ত দেওয়া ও নেওয়া
রোজা অবস্থায় দিনের বেলায় জরুরি প্রয়োজনে ইনজেকশন ও ইনসুলিন নেওয়া যাবে। এতে রোজার ক্ষতি হবে না। কারণ এতে খাদ্য গ্রহণের যে উদ্দেশ্য ক্ষুধা নিবারণ করা ও শক্তি অর্জন করা, তা অর্জন হয় না। তবে এমন কোনো ইনজেকশন নেওয়া যাবে না, যার দ্বারা খাদ্য গ্রহণের প্রধান দুটি উদ্দেশ্য ক্ষুধা নিবারণ ও শক্তি অর্জন হয়; বরং এমন অসুস্থ অবস্থায় রোজা ছেড়ে দেওয়ারও অনুমতি রয়েছে; যা পরে কাজা আদায় করতে পারবে। (সুরা বাকারা, আয়াত: ১৮৪)। রোজা অবস্থায় প্রয়োজনে রক্ত দেওয়া ও নেওয়া যাবে; তবে লক্ষ রাখতে হবে এতে করে যেন রোজাদারের রোজা ভঙ্গের উপক্রম না হয়। একইভাবে রক্ত পরীক্ষার জন্য রক্ত নিলেও রোজা ভঙ্গ হবে না। (ফাতাওয়ায়ে জামেয়া)।

রোজা অবস্থায় বমি হওয়া বা অজ্ঞান হওয়া
রোজা অবস্থায় বমি হলে রোজা ভাঙবে না। তা খাদ্য বমি হোক বা রক্ত বমি। বমির পরিমাণ বেশি হোক বা কম হোক। কারণ রোজা হলো পানাহার না করার নাম। বমি হলে তো পানাহার করা হয় না; বরং তার বিপরীত হয়। বমি হওয়ার পর রোজা পালনে সক্ষম হলে তা পূর্ণ করবেন। অক্ষম হলে রোজা ছেড়েও দিতে পারবেন। এই রোজা পরে কাজা আদায় করতে হবে। তবে কাফফারা দেওয়ার প্রয়োজন হবে না। বমি মুখে আসার পর তা গিলে ফেললে রোজা ভঙ্গ হবে। ইচ্ছাকৃত বমি করলে রোজা ভঙ্গ হবে। এমতাবস্থায় কাজা ও কাফফারা উভয় আদায় করতে হবে। অনুরূপভাবে কোনো কারণে অজ্ঞান হলে (যাতে সাধারণত রোজার বিপরীত কিছু ঘটে না) রোজা ভঙ্গ হবে না। তবে দুর্বলতা বা অসুস্থতার কারণে প্রয়োজনে পানাহার বা ওষুধ সেবনে রোজা ভাঙলে পরে কাজা আদায় করে নিতে হবে। (ফাতাওয়ায়ে হিন্দিয়া)।

নখ কাটা, চুল কাটা বা ক্ষৌরকর্ম করা
রোজা অবস্থায় হাত-পায়ের নখ কাটলে, চুল কাটলে বা কাটালে ও ক্ষৌরকর্ম করলে বা করালে রোজার ক্ষতি হবে না। এর সঙ্গে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই। রোজা নষ্ট হয় মূলত পানাহার ও রতিক্রিয়া করলে। তাই রমজানে রোজা অবস্থায়
দিনের বেলায় হাত-পায়ের নখ কাটা, চুল কামানো বা কাটা বা অবাঞ্ছিত পশম ছাঁটা বা ওপড়ানো জায়েজ; এতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে ফরজ, ওয়াজিব ও সুন্নতের খেলাপ কোনো কাজ সব সময়ই নিষেধ; তাই রোজা অবস্থায় কোনো প্রকার ফরজ, ওয়াজিব ও সুন্নতের বরখেলাপ হয় এমন কাজ কোনোভাবেই করা যাবে না। (ফাতাওয়ায়ে দারুল উলুম)।
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।
[email protected]