কোন পক্ষ কী চায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ নির্বাচনের অনেকটা সময় বাকি থাকলেও সাম্প্রতিক কালে নির্বাচনবিষয়ক আলোচনায় যথাযথ কারণেই নির্বাচন কমিশনের ঘোষিত খসড়া রোডম্যাপের বিষয় আলোচিত হচ্ছে। রোডম্যাপ অনুযায়ী আগামী মাস থেকে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল ও অন্যদের সঙ্গে আলোচনা করবে। এসব আলোচনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংসদীয় আসনের সীমানার পুনর্বিন্যাসকরণ। এটি যে একটি দুরূহ কিন্তু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়, অভিজ্ঞ ও বিজ্ঞজনেরা সেটা মনে করিয়ে দিয়েছেন (এম সাখাওয়াত হোসেন, ‘ইসির রোডম্যাপ: শুরুতেই যা করণীয়’, প্রথম আলো, ৭ জুন ২০১৭)।

কিন্তু এই কাজেরও আগে নির্বাচন কমিশনকে এই ধারণা প্রতিষ্ঠিত করতে হবে যে কমিশন সবার অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন করতে চায় এবং সে জন্য আইনের আওতায় দেওয়া সব রকমের ক্ষমতার ব্যবহারে কমিশনের সদস্যরা পিছপা হবেন না। কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনের পাঁচ বছরের সবচেয়ে বড় ‘সাফল্য’ হচ্ছে নির্বাচনব্যবস্থার ওপর জনগণের আস্থার অবসান। স্মরণ করা দরকার, রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশন ২০১৩ সালের চারটি সিটি করপোরেশন নির্বাচন এবং ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ছাড়া আর কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে করতে পারেনি। শুধু তা-ই নয়, অভিযোগ আছে, সাংবিধানিকভাবে দেওয়া ক্ষমতা প্রয়োগেও কমিশনের অনীহা ছিল। দলীয় সরকারের নিয়োগ করা একটি কমিশনের মেয়াদ পূর্ণ করার ইতিহাস যেমন তাঁরা রচনা করেছেন, তেমনি তাঁরা এটাও প্রমাণ করেছেন যে ক্ষমতাসীনেরা না চাইলে দেশে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব।

দলীয় সরকারের অধীনে যেসব নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, সেসব ক্ষেত্রে চারটি বিষয়ের সমন্বয় ঘটেছিল—রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক নিরপেক্ষতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতার ব্যবহার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ সক্রিয় উপস্থিতি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনের মধ্য দিয়ে সেটা সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে গিয়েছিল (দেখুন আমার নিবন্ধ, ‘নির্বাচন কমিশন কেন আগে পারেনি?’, প্রথম আলো, ২৪ ডিসেম্বর ২০১৬)। আমাদের মনে রাখতে হবে যে নির্বাচন যেমন এক দিনের ঘটনা নয়, তা একটি প্রক্রিয়ার একটি পর্যায়, তেমনি কমিশন একা কখনোই নির্বাচন অনুষ্ঠান করতে পারে না। নির্বাচনের সময় যে হাজার হাজার কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করেন, তাঁরা আসলে সরকারি কর্মচারী। দলীয়করণের বিবেচনা বাদ দিলেও বর্তমান ও ভবিষ্যৎ প্রশাসনের ‘অভিশাপ’ থেকে রক্ষা করার নিশ্চয়তা ছাড়া তাঁদের পক্ষে নির্ভয়ে দায়িত্ব পালন কতটা সম্ভব, সেটা আমরা সবাই বুঝতে পারি।

রাজনৈতিক সদিচ্ছার প্রথম ধাপ হচ্ছে সরকার ও সরকারি দলের আচরণ। সে ক্ষেত্রে নির্বাচনের কথা বলার পাশাপাশি যখন একটি প্রধান দলের প্রধানের রাজনৈতিক দপ্তরে রহস্যময় ‘তল্লাশি’ চালানো হয় এবং তার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, তখন এই সদিচ্ছা প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। সংবিধানে যদিও বলা হয়েছে যে ক্ষমতাসীন দলের অধীনেই নির্বাচন হবে, সেখানে সেই সরকারের কাঠামো ও দায়িত্ব যে অন্য যেকোনো সময়ের মতো হতে পারে না, সেটা নিশ্চয় সরকার স্বীকার করে। ২০১৪ সালের নির্বাচনের আগে, যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আন্দোলন করেছিল, তখন প্রধানমন্ত্রীর জাতীয় সরকার ও নতুন মন্ত্রিসভা গঠন করার প্রস্তাব প্রমাণ করে যে নীতিগতভাবে আওয়ামী লীগও মনে করে যে নির্বাচনকালীন সরকারের সঙ্গে অন্য সময়ের সরকারের একটা পার্থক্য থাকা দরকার। সেই নীতির ভিত্তিতেই আগামী নির্বাচনের সময় সরকার গঠিত হবে কি না, সেটা আমরা জানি না। প্রাসঙ্গিকভাবে বলা দরকার, বিএনপি ইতিমধ্যেই তাদের অবস্থানের পরিবর্তন ঘটিয়েছে, দলটি এখন ‘নির্বাচন সহায়ক’ সরকারের দাবি জানিয়েছে। সেটা তাদের ব্যর্থতা, না বাস্তবতা মেনে নেওয়া, তা নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু এতে করে ওই বাস্তবতা বদল হয় না যে দলীয় সরকারের অধীনে কোনো সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হয়নি।

নির্বাচন কমিশনের প্রশ্নে এসব আলোচনা অবতারণার অর্থ এই নয় যে সরকারের ধরন কী হবে, সেটা কমিশন নির্ধারণ করতে পারবে। সাংবিধানিকভাবে সেই অধিকার নির্বাচন কমিশনের নেই। কিন্তু জুলাই থেকে নভেম্বরে রাজনৈতিক দল ও অন্যদের সঙ্গে আলোচনার পর কমিশন কি এ কথা বলতে পারে যে নির্বাচনের একটি অংশীদার হিসেবে তারা সরকারের কাছ থেকে কী চায়? সেটি সরকারকে জানানোর পাশাপাশি নাগরিকদেরও অবগত করতে পারে? এই ধরনের অনুরোধ তারা পাঠায় নির্বাচনের অব্যবহিত আগে, কিন্তু নির্বাচন–প্রক্রিয়ার অংশ হিসেবে যদি আলোচনা শুরু করা যায়, তবে এই বিষয়ে একটি ধারণাপত্র কেন আগেই উপস্থাপন করা যাবে না?

এটার জন্য আলাদা করে আইনের অপেক্ষা না করে স্বচ্ছতার প্রমাণ হিসেবে এবং কমিশনের ওপর আস্থা ফিরিয়ে আনার জন্য তাদের এই পদক্ষেপ ইতিবাচক বলেই বিবেচিত হবে বলে আমার ধারণা। নির্বাচন কমিশন যদি মনে করে যে জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠেয় চারটি সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারলেই যথেষ্ট, তাহলে তারা ভুল করবে, কেননা রকিব কমিশনের স্মৃতি কেউ ভুলেছেন বলে মনে করার কারণ নেই।

২০১৪ সালে নির্বাচনে যেসব দল অংশগ্রহণ করেনি, তাদের ওপর কিছু দায়িত্ব বর্তেছে। সেই দায়িত্ব কোনো একক দলের নয়। আলাদা করেই তাদের উচিত হবে এখনই এটা স্পষ্ট করা, যে কী ধরনের পদক্ষেপ তারা প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছ থেকে আশা করে। অনুমান করা যায় যে তারা এসব বিষয় কমিশনের সঙ্গে আলোচনায় জানাবে। কিন্তু কমিশনকে জানানোর আগেই দলগুলো কি সাধারণ ভোটারদের কাছে তাদের ধারণাপত্র তুলে ধরতে পারে?

এসব আলোচনার বদলে সরকারের ধরন কী হবে আর বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না, সেই আলোচনার বৃত্তে ঘুরপাক খেলে ২০১৪ সালের চেয়ে ভিন্ন কোনো ধরনের নির্বাচন তারা আশা করতে পারে না। কিন্তু এটাও ঠিক যে একেবারে ২০১৪ সালের পুনরাবৃত্তি হবে না, কেননা সেটা এমনকি ক্ষমতাসীনেরাও চায় না। ফলে তিন ধরনের সম্ভাবনা বা তিনটি সম্ভাব্য দৃশ্যপট আমরা অনুমান করতে পারি। প্রথমটি হচ্ছে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন, যাতে বিএনপিও অংশ নেবে; দ্বিতীয়টি হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মিত্ররা ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ দলের অংশগ্রহণে নির্বাচন, যাতে বিএনপি অংশ নেবে না; তৃতীয়টি হচ্ছে বিএনপি এবং অধিকাংশ দলকে বাইরে রেখে ২০১৪ সালের মতো, কিন্তু তুলনামূলকভাবে সংগঠিত নির্বাচন।

এই তিনটি সম্ভাব্য দৃশ্যপট নিয়ে চূড়ান্ত কথা বলার সময় আসেনি, কেননা রাজনীতিতে কখনো কখনো এক দিন অনেক দীর্ঘ, আর নির্বাচনের নির্ধারিত সময়ের এখনো বাকি অন্ততপক্ষে দেড় বছর। ফলে সামনে আরও অনেক ঘটনাই বাকি। কিন্তু নির্বাচনের ধরন নির্ধারণে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে ক্ষমতাসীন দল। কিন্তু নাগরিক হিসেবে বাংলাদেশের মানুষের মনে রাখা দরকার, কী ধরনের নির্বাচন অনুষ্ঠিত হলো, সেটা নির্ধারণ করে দেবে পরের সময়টা কেমন যাবে।

আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।