কোরআন তিলাওয়াতের মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রমজান মাস কোরআন তিলাওয়াতের মাস। আল্লাহ তাআলা বলেন, ‘রমজান মাস! যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের দিশারিরূপে ও হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন হিসেবে।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৮৫)।
রাসুলুল্লাহ (সা.) রমজান মাসে নাজিলকৃত পূর্ণ অংশ একবার তিলাওয়াত করে হজরত জিবরাইল (আ.)-কে শোনাতেন; হজরত জিবরাইল (আ.)-ও ততটুকু নবী করিম (সা.)-কে পাঠ করে শোনাতেন। নবীজি (সা.)-এর জীবনের শেষ রমজানে তিনি জিবরাইল (আ.)-কে পূর্ণ কোরআন মজিদ দুবার পাঠ করে শোনান এবং জিবরাইল (আ.)-ও পরিপূর্ণ কোরআন হাকিম দুবার তিলাওয়াত করে রাসুলে করিম (সা.)-কে শোনান। (মুসলিম)। বিশিষ্ট সাহাবায়ে কিরাম প্রায় সবাই, যেমন চার খলিফা, আশরা মুবাশশরা; হজরত জায়েদ ইবনে সাবিত ও হজরত উবায় ইবনে কাআব (রা.) প্রমুখ প্রতি সপ্তাহে একবার পূর্ণ কোরআন তিলাওয়াত করতেন। তাঁরা সাত দিনে খতম করতেন বলেই কোরআন সাত মঞ্জিল হয়েছে।
কোরআন কী? লেখা, উচ্চারণ নাকি অর্থ? লেখা, উচ্চারণ ও অর্থ এই তিনের সম্মিলিত নাম কোরআন।
কোরআন পাকের হক (অধিকার বা কর্তব্য) চারটি: ১. ইমান বা বিশ্বাস করা যে কোরআন আল্লাহ তাআলার সর্বশেষ কিতাব, যা হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি অবতীর্ণ হয়েছে, এতে অনুসরণকারীদের জন্য হিদায়াত তথা দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তি নিহিত রয়েছে। ২. সহিভাবে তিলাওয়াত করা। ৩. সঠিকভাবে অর্থ বোঝা। ৪. পরিপূর্ণরূপে আমল করা।
তিনটি বস্তু দেখলে সওয়াব হয়: ১. কোরআন শরিফ, ২. কাবা শরিফ, ৩. পিতা–মাতার চেহারা মোবারক।
কালামে পাক তিলাওয়াতের বিশেষ তিনটি ফায়দা রয়েছে: ১. মনের ময়লা দূর হয়, ২. আল্লাহ তাআলার মোহাব্বত বৃদ্ধি পায় ও নৈকট্য লাভ হয়। ৩. প্রতিটি হরফে কমপক্ষে ১০টি করে নেকি বা সওয়াব হয়। অর্থ না বুঝে পড়লেও নেকি বা সওয়াব হয়, অর্থ বুঝে পড়লে নেকি বা সওয়াবের পরিমাণ বহুগুণ বৃদ্ধি হয়।
কোরআন শরিফ তিলাওয়াতে ফরজ তিনটি: ১. হরফ বা বর্ণগুলো সঠিকভাবে উচ্চারণ করা। ২. হরকত বা জবর জের পেশ তথা স্বরচিহ্নগুলো তাড়াতাড়ি পড়া। ৩. মাদ্দ অর্থাৎ দীর্ঘ উচ্চারণের স্থান হলে টেনে পড়া।
কোরআন শরিফ পড়তে হলে তিনটি কাজ করতে হয়: ১. পবিত্র হওয়া ফরজ। ২. আউজুবিল্লাহ পড়া ওয়াজিব। ৩. বিসমিল্লাহ পড়া সুন্নত।
পবিত্র কোরআনের বিশেষ আদব: ১. শ্রবণকারী মনে এই খেয়াল করবে যে, মহান আল্লাহর পবিত্র কালাম পাঠ করা হচ্ছে, তাই অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধাসহকারে শুনতে হবে। ২. তিলাওয়াতকারী মনে এই খেয়াল করবে যে, মহান আল্লাহ বলছেন, ‘পড়ো আমার কালাম, দেখি কেমন সুন্দর পড়তে পারো!’ তাই মহান আল্লাহকে শোনাবার জন্য পড়ছি।
তিন প্রকার লোকের ভুল মাফ হয়: ১. যাঁরা কোরআন সঠিকভাবে পড়ার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, ২. যাঁরা সঠিকভাবে পড়ার চেষ্টায় রত আছেন, ৩. যাঁদের সহিহ শিক্ষার সুযোগ নেই।

>রমজান মাসে রোজা রাখার জন্য সাহরি খাওয়া সুন্নত। তা যা কিছুই হোক আর যে পরিমাণই হোক না কেন

কোরআন নাজিলের উদ্দেশ্য হলো মানবের আত্মশুদ্ধির ব্যবস্থা করা। হজরত ইাহিম (আ.) দোয়া করেছিলেন এই বলে, ‘হে আমাদের পরওয়ারদেগার! তাঁদের মধ্য থেকেই তাঁদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করুণ, যিনি তাঁদের কাছে আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবেন, তাঁদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং তাঁদের পবিত্র করবেন। নিশ্চয় আপনিই পরাক্রমশালী হিকমাতওয়ালা’। (সুরা-২ বাকারা, আয়াত: ১২৯।

সাহরির সময় শেষে ঘুম ভাঙলে
রমজান মাসে রোজা রাখার জন্য সাহরি খাওয়া সুন্নত। তা যা কিছুই হোক আর যে পরিমাণই হোক না কেন। কিন্তু যদি ভোরে ঘুম ভাঙার পর দেখেন সাহরির সময় শেষ হয়ে গেছে, তখন আর সাহরি বা কোনো খাবার খাওয়া যাবে না; এমনকি পানিও না। এ অনিচ্ছাকৃত সাহরি তরক হওয়ায় রোজার ক্ষতিও হবে না, সওয়াবও কমবে না। সাহরির সময় আছে মনে করে খেয়ে পরে যদি দেখা যায় সাহরির সময় শেষ হওয়ার পর খাওয়া হয়েছে, তাহলে সে রোজা পুরা করে পরে আবার কাজা আদায় করতে হবে।
আর সাহরির সময় শেষ হয়েছে জেনেও যদি পানাহার বা রতিক্রিয়া করা হয়, তাহলে কাজা ও কাফফারা উভয় আদায় করতে হবে। যদি কারও শারীরিক অবস্থা এমন হয় যে, সাহরি না খেয়ে তার পক্ষে রোজা রাখা আদৌ সম্ভবপর নয়, তাহলে রোজা ছেড়েও দিতে পারবে এবং পরে তা কাজা আদায় করে নেবে। সাহরি খাওয়ার সুযোগ থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে বা অলসতাবশত সাহরি না খেয়ে রোজা রাখলে সাহরির সুন্নত তরক হবে, তাই সাহরি তরক করা মকরুহ। (এমদাদুল আহকাম)।
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী: যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম।
[email protected]